গডফাদারের ৪৫

ফ্রান্সিস ফোর্ড কপোলার অমর সৃষ্টি গডফাদার মুক্তির ৪৫ বছর পূর্তি হচ্ছে এ বছর। ইতালির মাফিয়া সাম্রাজ্য নিয়ে নির্মিত ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছিল ১৯৭২ সালের ২৪ মার্চ। ১৬তম ট্রিবেকা চলচ্চিত্র উৎসবে গডফাদার ট্রিলজির প্রথম দুটি ছবি দেখানো হবে।
এপ্রিলের ২৯ তারিখে ৪৫ বছর পূর্তি উপলক্ষে গডফাদার ছবিটি নিয়ে থাকবে আলোচনা। ছবি-সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকেই উপস্থিত থাকবেন এ আয়োজনে। প্রথমে কথা বলবেন ছবির পরিচালক ফ্রান্সিস কপোলা, অভিনয়শিল্পী আল পাচিনো, ডায়েন কিটোন, রবার্ট দুভ্যাল, জেমস ক্যান এবং টালিয়া শায়ার। আর হ্যাঁ, উৎসবের অন্যতম প্রতিষ্ঠাতা রবার্ট ডি নিরো তো থাকবেনই। অনুষ্ঠানটি হবে নিউইয়র্কের রেডিও সিটি মিউজিক হলে।
১৯ এপ্রিল শুরু হয়েছে ট্রিবেকা চলচ্চিত্র উৎসব, শেষ হবে ৩০ এপ্রিল।
আরও কিছু আয়োজন রয়েছে উৎসবে। রিজারভোয়ের ডগ ছবিটিরও ২৫ বছর পূর্তি হচ্ছে এ বছর। সেটাও থাকবে উৎসবে। পরিচালক কুয়েনতিন ট্যারানটিনো এবং ছবির কলাকুশলীরা কথা বলবেন ছবিটি প্রদর্শনীর পর। ডিজনির আলাদিন অ্যানিমেশন ছবিটির বয়সও ২৫ হচ্ছে এ বছর। উৎসবে থাকবে সে ছবির গানও। আর ১৫ বছর হলো মাইকেল মুরের বোলিং ফর কলামবাইন ছবিটির। তিনিও থাকবেন আয়োজনে।
|এ আয়োজনে মারলন ব্র্যান্ডো উপস্থিত থাকতে পারলে ভালো হতো। গডফাদার ছবিতে ভিতো করলিওনির ভূমিকায় তাঁর অনবদ্য অভিনয় কি ভোলা যায়? ছবিটির জন্য তিনি পেয়েছিলেন অস্কার (যদিও নেননি), গোল্ডেন গ্লোব পুরস্কার। কিন্তু তাঁকে পাওয়া যাবে না। ২০০৪ সালের ১ জুলাই মারা গেছেন হলিউডের এই উজ্জ্বল তারকা।