
বোস্টন শহরের মেয়র মার্টি ওয়ালস তো সবাইকে অবাক করে দিয়েছেন। তিনি আমেরিকান অল্টারনেটিভ মেটাল দল গডস্ম্যাকের ভক্ত। ৫ আগস্ট বাজারে এসেছে গডস্ম্যাকের ষষ্ঠ অ্যালবাম ১০০০ এইচপি। মার্টি ওয়ালস ঠিক তার পরদিন অর্থাৎ ৬ আগস্টকে বোস্টন শহরে ‘গডস্ম্যাক ডে’ হিসেবে ঘোষণা করেন।
গডস্ম্যাকের এই অ্যালবাম হাতে পাওয়ার জন্য ভক্ত-শ্রোতাদের দীর্ঘ চারটি বছর অপেক্ষা করতে হয়েছে। বের হওয়ার পরই অ্যালবামটি বিলবোর্ডে শীর্ষ তালিকার বিভিন্ন শাখায় শীর্ষস্থান দখল করে আছে। এ সপ্তাহে শীর্ষ অল্টারনেটিভ অ্যালবামের তালিকার প্রথম ও মেইনস্ট্রিম রক গানের তালিকাতেও আছে প্রথম স্থানে।
১৯৯৫ সালের ফেব্রুয়ারি মাসে সালি এরনা একটি নতুন গানের দল গড়ে তোলার কথা ভাবেন। ওই সময় তিনি গায়ক হওয়ার স্বপ্ন দেখা শুরু করেন। এমন ভাবনা ভাবার আগে ২৩ বছরের বেশি সময় ধরে তিনি ড্রামস বাজিয়েছেন। ‘স্ট্রিনা মাইন্ড’ নামের একটা দলেও তিনি দুই বছর বাজিয়েছেন।
সালি এরনার নতুন দল ‘দ্য স্কাম’। সেখানে সালি এরনা (ভোকালস), রবি মেরিল (বেজ), লি রিচার্ডস (গিটার), টমি স্টুয়ার্ট (ড্রামস) ছিলেন। তবে একটি ডেমো গান রেকর্ড করার পর তাদের দলের নাম পরিবর্তন করেন সালি এরনা ও ব্যান্ডের অন্য সদস্যরা। ব্যান্ডের নতুন নাম ‘গর্ডস্ম্যাক’। সালি এরনা আর রবি মেরিল সেই শুরু থেকে এখন পর্যন্ত একসঙ্গে গান করে যাচ্ছেন। যুক্ত হয়েছেন নতুন দুজন—টলি রোম্বোলা (লিড গিটার) আর শ্যানন লার্কিন (ড্রামস)।
গডস্ম্যাক তাদের ১৯ বছরের যাত্রাপথে যথেষ্ট সাফল্যের মুখ দেখেছে। তাদের ছয়টি অ্যালবামের মধ্যে তিনটিই ছিল বিলবোর্ড ২০০-এর শীর্ষস্থানে। তাদের আছে ২০টি রক রেডিও হিট গান। সেই ২০টি গানের ১৫টি ছিল শীর্ষ পাঁচের মধ্যে, যা কোনো রক দলের জন্য একটা রেকর্ড। তারা অনেক বড় বড় কনসার্টে অংশ নিয়েছে। প্রতিষ্ঠার প্রথম ১০ বছরে তাদের অ্যালবামের দুই কোটি কপি বিক্রি হয়েছে। এ কারণেই নতুন অ্যালবাম বের হওয়ার পরদিন তাদের সম্মান প্রদর্শন করতে মেয়র মার্টি ওয়ালস বোস্টনে ‘গডস্ম্যাক ডে’র ঘোষণা দেন।
গডস্ম্যাক মূলত অল্টারনেটিভ মেটাল ধাঁচের গান করে। ন্যু মেটাল দিয়ে শুরু করলেও এখন তারা হেভি মেটাল, হার্ড রক, পোস্ট-গ্রাঞ্জের মিশেলে গান করছে।
গডস্ম্যাকের অ্যালবামগুলো হলো গডস্ম্যাক (১৯৯৮), অ্যাওয়েক (২০০০), ফেসলেস (২০০৩), ফোর অ্যান্ড টেন ইয়ারস অব গডস্ম্যাক (২০০৬), দ্য ওরাকল (২০১০) ও ১০০০ এইচপি (২০১৪)।