গণগ্রন্থাগারে আজম খান স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পপসম্রাট’খ্যাত আজম খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৫ জুন। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বাদ জোহর শাহবাগের গণগ্রন্থাগার মিলনায়তনে স্মরণসভা ও মিলাদের আয়োজন করা হয়েছে।প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করে আজম খানের বড় মেয়ে ইমা খান বলেন, স্মরণসভায় পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত থাকবেন সংগীতপরিচালক আলম খান, শিল্পী ফেরদৌস ওয়াহিদ, ফকির আলমগীর, মাকসুদুল হক, আইয়ুব বাচ্চু, উচ্চারণ ব্যান্ডের সদস্যরাসহ তাঁর দীর্ঘ সংগীতজীবনের অনেক সতীর্থ।ইমা খান জানান, ‘আব্বুর স্মৃতি নিয়ে আমরা আজ আলোচনা করব। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া হবে। এ ছাড়া আজ আমরা শিল্পী আজম খান ফাউন্ডেশনের বোর্ড সদস্যদের চূড়ান্ত তালিকা নিয়েও একটি বৈঠক করব। একই সঙ্গে ফাউন্ডেশনের আগামী পরিকল্পনা নিয়েও পর্যালোচনা করার কথা রয়েছে।’ইমা খান আরও বলেন, ‘আমাদের ইচ্ছা আছে শিল্পী আজম খান ফাউন্ডেশনের পক্ষ থেকে সামনের জন্মদিনে (২৮ শে ফেব্রুয়ারি) বড় একটি পরিকল্পনার ঘোষণা দেওয়ার। তত দিনে ফাউন্ডেশনের কার্যক্রম দ্রুত গতিতে শুরু হবে। এই ফাউন্ডেশনের মূল কাঠামো এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। অন্যদিকে কমলাপুরে আজম খানের পৈতৃক বাড়িটিও বহুতল ভবন তৈরির জন্য দেওয়া হয়েছে গৃহনির্মাণকারী একটি প্রতিষ্ঠানকে।’২০১৩ সালের জানুয়ারি নাগাদ অ্যাপার্টমেন্টের কাজ শেষ হবে। সেখানে আজম খানের নামে থাকছে দুটি ফ্ল্যাট। যার একটিতে গড়ে তোলা হবে আজম খান জাদুঘর। আগামী বছর আজম খানের জন্মদিনে সেটি উদ্বোধনের পরিকল্পনা চলছে ফাউন্ডেশনের পক্ষ থেকে।জানা গেছে, গণগ্রন্থাগারে আনুষ্ঠানিকতা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আজম খানের কবর জিয়ারতের মধ্য দিয়ে শেষ হবে পপসম্রাটের প্রথম মৃত্যুবার্ষিকীর কার্যক্রম।