গণপিটুনির শিকার!
অপির বাসায় পানি নেই। খুব প্রয়োজনের জন্য যতটুকু পানির প্রয়োজন, তারও ব্যবস্থা নেই। বাধ্য হয়েই পাশের এলাকায় যেতে হয় তাঁকে। সেখানেই ঘটনাক্রমে গণপিটুনির শিকার হন তিনি। নাটকটির নাম পানি। আজ রাতে এনটিভিতে দেখানো হবে এটি। এর চিত্রনাট্য করেছেন রূপক রেজা, পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নিয়ামুল।অপি এখন পড়াশোনার জন্য জার্মানিতে আছেন। সেখান থেকেই নাটকটি প্রসঙ্গে আরও জানালেন, গ্রাম থেকে আসা ফজলুর রহমান বাবুর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। অপি বললেন, ‘জীবনের তাগিদেই আমরা অনেকে শহরে পাড়ি জমাই। এই শহর একটা সময় আমাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে। শহরে এমনিতেই নানা সমস্যা আছে, কিন্তু এর মধ্যে পানির সমস্যা যে কতটা ভয়াবহ হতে পারে, তা নিয়েই এই নাটক।’অপি আরও বলেন, ‘আম্মার ৩০ বছর আগের একটি শাড়ি এই নাটকে ব্যবহার করেছি। নাটকটির চিত্রনাট্য পড়ার পর খুব ভয় হচ্ছিল। মনে হয়েছিল, পারব না। পরে অন্যরা সাহস জোগালেন। খিলক্ষেত থেকে বড় মটকা আনা হয়েছিল। বালতি আর জগ রিকশায় নিয়ে শুটিং করতে হতো। মোহাম্মদপুরের রাস্তার একটা দোকান থেকে ৪০ টাকা দিয়ে নাকফুল আর কানের দুল কিনে পরেছি। আর তখন নাকে প্রচণ্ড ব্যথা হয়েছিল। জোয়ার সাহারায় শুটিংয়ের সময় অনেকেই আমাকে চিনতে পারেনি। আমার অভিনয়জীবনে স্মরণীয় কাজগুলোর মধ্যে একটি হয়ে থাকবে পানি।’