গণসংগীত উৎসব আজ শুরু
আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত ‘সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা’। উদীচীর প্রতিষ্ঠাতা সভাপতি সত্যেন সেনের জন্মদিন উপলক্ষে প্রতিবছর এই উৎসবের আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এবারের উৎসবের স্লোগান হলো ‘অসুর বিনাশী সুরের আগুন ছড়িয়ে দাও সবখানে’।
এ উপলক্ষে গতকাল উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আজ বিকেল চারটায় শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করবেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার। তিন দিনব্যাপী উৎসবে প্রতিদিন বিকেলে একক ও দলীয় সংগীত পরিবেশিত হবে।
‘সত্যেন সেন স্মৃতি পদক’: সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় শাহবাগের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ‘সত্যেন সেন স্মৃতি পদক’ প্রদান ও সপ্তম প্রতিষ্ঠা-বার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার পদক পাবেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু।