গণসংগীত উৎসব সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছিঁড়ে ফেলো দৃঢ় হাতে চক্রান্তের জাল’ স্লোগান নিয়ে শুরু হওয়া তিন দিনব্যাপী জাতীয় গণসংগীত উৎসবের শেষ দিন গতকাল রোববার পরিবেশিত হয় প্রায় অর্ধশত গান। জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে গণসংগীত সমন্বয় পরিষদ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এ উৎসবের আয়োজন করে। গতকাল দলীয় সংগীত পরিবেশন করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা ও ময়মনসিংহ সংসদ, রংপুরের শিখা সংসদ, গারো সম্প্রদায়ের ঢাকা আচিক কালচারাল একাডেমি, পটুয়াখালীর সুন্দরম, যশোরের সুরধ্বনি, ফেনীর পূবালী, ঋষিজ শিল্পীগোষ্ঠী, ক্রান্তি শিল্পীগোষ্ঠী, পদাতিক সংগীত সংসদ এবং ওস্তাদ মোমতাজ আলী খান সংগীত একাডেমির শিল্পীরা। পরিবেশিত গানগুলোর মধ্যে ‘আজ যত যুদ্ধবাজ হামলাবাজ দেয় হানা’, ‘রক্ত দিয়ে কিনলাম বাংলা’, ‘ভয় কি মরণে রাখিতে সন্তানে’, ‘এই সূর্যের উদয়ের পথে’ অন্যতম।এ ছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মনোরঞ্জন ঘোষাল গেয়ে শোনান ‘সোনায় মোড়ানো বাংলা মোদের’ এবং ‘মাগো ভাবনা কেন’ গান দুটি।গানের আগে ছিল সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিশেষ অতিথি ছিলেন শিল্পী অজিত রায় ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। সভাপতিত্ব করেন গণসংগীত শিল্পী ফকির আলমগীর।