গণসংগীত উৎসবের আজ সমাপনী
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা গণসংগীতশিল্পী ও অনুরাগীদের পদচারণে মুখর জাতীয় গণসংগীত উৎসবকেন্দ্র। গতকাল শনিবার ছিল উৎসবের দ্বিতীয় দিন। জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এ উৎসবের আয়োজন করে গণসংগীত সমন্বয় পরিষদ।সম্মেলক কণ্ঠে ‘ইতিহাস জানো তুমি’ পরিবেশনার মধ্য দিয়ে গানের পালা শুরু করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কুমিল্লা সংসদের শিল্পীরা। এ ছাড়া সংগীত পরিবেশন করে মুন্সিগঞ্জের অন্বেষণ, পাবনার গণশিল্পী সংস্থা, বাগেরহাটের অন্তর বাজাও, উদীচীর দিনাজপুর সংসদ, চাঁদপুরের সপ্তসুর, চট্টগ্রামের আওয়ামী শিল্পীগোষ্ঠী এবং ঢাকার বিবর্তন, দৃষ্টি ও বহ্নিশিখা।পরিবেশিত গানগুলোর মধ্যে ছিল ‘অতীত গিয়াছে অতীতে মিলাইয়ে’, ‘লাখো শহীদের রক্তের বিনিময়ে’, ‘জনতার সংগ্রামী ঐক্যে’, ‘জীবনটারে কোন জীবনে থুই’, ‘ঐ উজ্জ্বল দিন’, ‘আজ যত যুদ্ধবাজ’, ‘লাখ লাখ হাত ভেঙেছে আজকে’ প্রভৃতি।একক সংগীত পরিবেশন করেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মলয় কুমার গাঙ্গুলী, নমিতা ঘোষ, মাহবুবুল হায়দার। ‘আজি সপ্তসাগর ওঠে উছলিয়া’ গানটির সঙ্গে তামান্না রহমানের পরিচালনায় নৃত্য পরিবেশন করে নৃত্যম।