গণসংগীত প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ও আলোর পথে যাত্রী’, ‘এ লড়াই বাঁচার লড়াই’, ‘মাগো ভাবনা কেন’, ‘আমরা নূতন যৌবনেরই দূত’, ‘আমার প্রতিবাদের ভাষা, ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’—এমন আরও অনেক বিপ্লবী গণসংগীতের মূর্ছনায় গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তন মুখরিত হয়েছিল। শিল্পী আর দর্শকদের মধ্যে ছিল অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠকে জোরালো করার আকাঙ্ক্ষা। গতকাল সেখানে ছিল জাতীয় গণসংগীত প্রতিযোগিতা।আগামী ২৮ মার্চ উদীচীর প্রতিষ্ঠাতা শিল্পী সংগ্রামী সত্যেন সেনের ১০৩তম জন্মদিন উপলক্ষে উদীচী তৃতীয়বারের মতো দুই দিনব্যাপী আয়োজন করেছে সত্যেন সেন গণসংগীত উৎসব। উৎসবকে কেন্দ্র করে দেশব্যাপী জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে গণসংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল শিল্পকলায় অনুষ্ঠিত হয় ঢাকা জেলার প্রতিযোগিতা। প্রতিযোগিতার শুরুতেই আলোচনা পর্বে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোহাম্মদ ইদু, ঢাকা মহানগরের সভাপতি কাজী মোহম্মদ শীশ, সহসভাপতি জামসেদ আনোয়ার, সিদ্দিক আহমেদ, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহসাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ প্রমুখ।দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় বিচারকদের রায়ে ১৫ বছরের কম বয়সীদের জন্য ‘ক’ বিভাগে প্রথম স্থান অধিকার করে যৌথভাবে সাদিয়া হাসান ও তরিকুল ইসলাম খান। ১৫ বছরের বেশি বয়সী সব অংশগ্রহণকারীকে নিয়ে ‘খ’ বিভাগে প্রথম স্থান অধিকার করে জসিম উদ্দিন। ‘গ’ বিভাগে দলীয় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে উদীচী ঢাকা মহানগর সংগীত বিভাগ। বরিশাল অফিস জানায়, গতকাল শুক্রবার জেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নগরের কালীবাড়ি রোডে উদীচীর নিজস্ব কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বরিশালের অন্যান্য উপজেলার প্রতিযোগীরাও অংশ নেয়।