গণসংগীতশিল্পী অজিত পান্ডের জীবনাবসান
বিশিষ্ট গণসংগীতশিল্পী অজিত পান্ডে আর নেই। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকে তিনি কলকাতায় তাঁর বাসস্থানে হূদেরাগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্ব্বাস ত্যাগ করেন। অজিত পান্ডের বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর মৃত্যুতে শেষ হয়ে গেল গণসংগীতের একটি গর্বিত যুগের। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন। বাংলাদেশের একান্ত সুহূদ ছিলেন তিনি। আজীবন তিনি কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। ‘নো পাসারন’, ‘একটি গল্প বলি শুনুন’ বা ‘ওরা আমাদের গান গাইতে দেয় না’র মতো গান গেয়ে তিনি বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। বাংলাদেশের বিভিন্ন শহরেও তিনি একাধিকবার একক অনুষ্ঠান করেছেন। সত্তরের দশকে বামপন্থী রাজনৈতিক দলের মঞ্চে তিনি ছিলেন নিয়মিত গায়ক। একবার পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিতও হয়েছিলেন বৌবাজার কেন্দ্র থেকে। তাঁর মৃত্যুতে বামপন্থী সংগীতকারদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।