গণসংগীতের আয়নায় স্বদেশের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসন্তের শেষ বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সবুজ চত্বরে সূর্যের লাল আভা ঠিকরে পড়ছিল। মাঝখানে তৈরি মঞ্চের পাশে দুটি পতাকা উড়ছে। দুই পাশে সত্যেন সেনের সাদা-কালো ছবি। একটিতে তিনি মাঠে বসে আছেন, পরনে লুঙ্গি। অন্যটিতে হাজার মানুষের সামনে বক্তব্য দিচ্ছেন। পুরো পরিবেশে যেন গণসংগীতেরই জয়জয়কার। যে বিষয়কে কেন্দ্র করে এই আয়োজন, তার স্লোগান হচ্ছে ‘এসো গণসংগীতের আয়নায় দেখি স্বদেশের মুখ’। গতকাল রোববার বিকেলে এই স্লোগান নিয়ে শিল্পকলা একাডেমীর খোলা চত্বরে শুরু হয়েছে দুই দিনের সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা। সাহিত্যিক, সাংবাদিক, কৃষকনেতা সত্যেন সেন তাঁর রাজনৈতিক প্রজ্ঞা থেকেই গণসংস্কৃতিচর্চার পথ বেছে নিয়েছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন উদীচী শিল্পীগোষ্ঠীর মতো বিপ্লবী ও গণমানুষের সাংস্কৃতিক সংগঠন। উদীচীর প্রতিষ্ঠাতা শিল্পী সংগ্রামী সত্যেন সেনের ১০৩তম জন্মদিন আজ সোমবার। এই উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী তৃতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করেছে। গতকাল উৎসবের উদ্বোধন করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সাংবাদিক আবেদ খান, গণসংগীতশিল্পী ফকির আলমগীর প্রমুখ। সভাপতিত্ব করেন উদীচীর সভাপতি গোলাম মুহাম্মদ। স্বাগত বক্তব্য দেন উৎসব উদ্যাপন পরিষদের চেয়ারম্যান নিরঞ্জন অধিকারী ও শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক হাবিবুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তাদের কথায় বারবার ঘুরেফিরে এসেছিল সত্যেন সেন ও গণসংগীত। দ্বিতীয় পর্বে গণসংগীত পরিবেশন করে ঋষিজ, ক্রান্তি, সারগাম, সমগীত, সৃজন, চিরকুট ও উদীচী। একক গণসংগীত পরিবেশন করেন ফকির আলমগীর, মাহমুদ সেলিম, বুলবুল মহলানবীশ, কামরুদ্দিন আফসার, আরিফ রহমান, ঐশিকা নদী প্রমুখ।উৎসবের দ্বিতীয় ও সমাপনী দিনে আজ সকাল ১০টা থেকে শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে শুরু হবে চূড়ান্ত গণসংগীত প্রতিযোগিতা। দ্বিতীয় দিনের আলোচনা পর্বে অতিথি হিসেবে থাকবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম, গণসংগীতশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ সেলিম। উৎসবের বিশেষ অতিথি শিল্পী মৌসুমী ভৌমিক।