গণহত্যা নিয়ে পাঁচ সিনেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বিভিন্ন সময় বিভিন্ন দেশে গণহত্যা হয়েছে। এসব গণহত্যা নিয়ে তৈরি সিনেমার সংখ্যাও কম নয়। এসব ছবি দেখলে ১৯৭১-এর বাংলাদেশ অনায়াসেই মনে পড়ে যাবে। অনেক সিনেমার ভিড়ে সে রকম পাঁচটি সিনেমা নিয়ে এই আয়োজন। লিখেছেন শওকত হোসেনআরারাত১৯১৫ সালে অটোমান সাম্রাজ্যের শেষ সময়ে তুর্কিরা যে গণহত্যা চালিয়েছিল তাকে বিশ শতকের প্রথম গণহত্যা বলা হয়। এ সময় ১৫ লাখ আর্মেনীয়কে হত্যা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরের ঘটনা। মূলত আর্মেনীয়দের নিশ্চিহ্ন করতে পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। প্রাথমিক হত্যাযজ্ঞের পর বাকিদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল কাছের মরুভূমিতে। পথে অনাহারে ও অত্যাচারে মারা যায় আরও অনেকে। বাকিদের মরুভূমিতে হত্যা করা হয়।ভান উপত্যকায় সংগঠিত সেই গণহত্যা নিয়ে ছবি আরারাত। আরারাত সেখানকার একটি পাহাড়ের নাম। ওই এলাকার একজন ক্রিশ্চান পাদ্রির লেখা কিছু নোট এবং গণহত্যায় বেঁচে যাওয়া একজন চিত্রশিল্পীকে কেন্দ্র করে ছবিটি তৈরি। বলা যায়, সিনেমার মধ্যে সিনেমা। আর্মেনীয় একজন পরিচালক সেই গণহত্যা নিয়ে ছবি করার পরিকল্পনা নেন। সেই সিনেমা তৈরি এবং আনুষঙ্গিক কিছু ঘটনা নিয়ে তৈরি আরারাত। এবার বাড়তি কিছু তথ্য। আর্মেনীয় গণহত্যা শুরু হয়েছিল প্রায় ২৫০ জন বুদ্ধিজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার ও হত্যাকে কেন্দ্র করে। গণহত্যার নির্দেশ দিয়েছিলেন তখনকার অটোমান স্বরাষ্ট্রমন্ত্রী তালাত পাশা। সেই গণহত্যা থেকে বেঁচে যাওয়া আর্মেনীয় সঘোমন তেহলিরিয়ান ১৯২১ সালে জার্মানির বার্লিনে দিনের আলোয় জনসমক্ষে তালাত পাশাকে খুন করে প্রতিশোধ নিয়েছিলেন। অসংখ্য সাক্ষী থাকা সত্ত্বেও বিচারকেরা সঘোমন তেহলিরিয়ানকে মুক্তি দিয়েছিলেন। কারণ তিনি এমন একজনকে খুন করেছেন যিনি ১৫ লাখ মানুষকে খুনের আদেশ দিয়েছিলেন।কিলিং ফিল্ডসকম্বোডিয়ার খেমার রুজদের নিয়ে ছবি। তথাকথিত কমিউনিস্ট এই খেমার রুজ, যারা ইতিহাসে ধিকৃত অন্তত ৩০ লাখ মানুষের গণহত্যার জন্য। কম্বোডিয়ায় ১৯৭৫ থেকে ১৯৭৯ সালের মধ্যে এই হত্যাকাণ্ড ঘটেছিল। কমিউনিস্ট পার্টি অব কাম্পুচিয়ার অনুসারীদেরই খেমার রুজ বলা হতো।১৯৭৫ সালের ১৭ এপ্রিল সরকারি বাহিনীকে পরাস্ত করে খেমার রুজ গেরিলারা কম্বোডিয়ার রাজধানী নমপেন দখল করে নেয়। নেতৃত্বে ছিলেন পলপট। নমপেন দখল করে পলপট সরকার মূলত কৃষি সংস্কারের নামে ভয়ংকর হত্যাযজ্ঞ চালায়।দি কিলিং ফিল্ডস সিনেমার শুরু ১৯৭৩ সাল থেকে। তখনো খেমার রুজরা নমপেন দখল করেনি। এরপর কাহিনি চলে যায় ১৯৭৫ সালে, যখন খেমার রুজরা ক্ষমতা দখল করে। মার্কিন সাংবাদিক সিডনি শ্যেনবার্গ খবর সংগ্রহ করতে গিয়ে আটকে পড়েন নমপেনে। সঙ্গী দোভাষী ডিথ প্রাণ। ডিথ প্রাণ চরিত্রে অভিনয় করেছিলেন হেইনজ এস এনগর, তিনি নিজেই গণহত্যা থেকে বেঁচে যাওয়া একজন। কীভাবে সেখান থেকে বের হয়ে আসেন সেটাই মূলত সিনেমা। খেমার রুজদের গণহত্যার দলিল এই ছবিটি।কাতিন১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর পোল্যান্ডের একটি অংশ জার্মান দখল করে নেয়। আর ১৭ সেপ্টেম্বর সোভিয়েত রেড আর্মি দখল করে পোল্যান্ডের পূর্বাংশ। রেড আর্মির হাতে সাড়ে চার লাখ যুদ্ধবন্দী থাকলেও এর মধ্যে ৪০ হাজার রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়। সোভিয়েত ইন্টারন্যাল সিকিউরিটি সার্ভিস বা এনকেভিডির (আসলে সোভিয়েত গুপ্ত পুলিশ) হাতে যুদ্ধবন্দীদের ছেড়ে দেওয়া হয়। তাদের নেওয়া হয় সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন জায়গায়। বন্দীদের তালিকায় সেনাসদস্য ছাড়াও ছিলেন শিক্ষক, ডাক্তার, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ। ১৯৩৯-এর অক্টোবর থেকে ১৯৪০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলে তাঁদের ওপর। যাঁদের মধ্যে সামান্যতম সোভিয়েতবিরোধী মনোভাব পাওয়া গেছে তাঁরাই তালিকাভুক্ত হন। পিপলস কমিশনার ফর ইন্টারনাল অ্যাফেয়ার্স ও ফার্স্ট র‌্যাংক কমিশনার অব স্টেট সিকিউরিটি ল্যাভরেনিতি বেরিয়া ১৯৪০ সালের ৫ মার্চ স্তালিনসহ সোভিয়েত পলিতব্যুরোর সব সদস্যের কাছে একটি নোট পাঠান। তাতে যুদ্ধবন্দীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ ছিল। পলিতব্যুরো তাতে সম্মতি দিলে ১৯৪০ সালের ৩ এপ্রিলের পর থেকে অল্প সময়ের মধ্যে ২২ হাজার ৪৩৬ জনকে ঠান্ডা মাথায় আয়োজন করে মেরে ফেলা হয়। গুপ্ত পুলিশের চিফ এক্সিকিউশনার ভাসিলি মিখাইলোভিচ ব্লোখিন একাই গুলি করে মারেন ছয় হাজার পোলিশ বন্দীকে। সোভিয়েত ইউনিয়ন ১৯৯০ সালে প্রথম স্বীকার করে যে, কাতিন হত্যাকাণ্ডের জন্য দায়ী তারাই। গর্ভাচেভ তখন ক্ষমতায়। জানানো হয়, এটি ছিল সোভিয়েত গুপ্ত পুলিশের কাজ। তবে এটিকে তারা গণহত্যা বলতে রাজি না। ইতিহাসবিদেরা মনে করেন, এই গণহত্যার কারণ একটিই। আর সেটি হচ্ছে পোল্যান্ড সোভিয়েতের সীমান্তের দেশ। তারা চায়নি সীমান্তে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে পোল্যান্ড টিকে থাকুক। কাতিন পোলিশ ছবি, পরিচালক আন্দ্রে ওয়াজদা। ২০০৭ সালে ছবিটি মুক্তি পেয়েছিল।মিসিং১৯৭৩ সালের ১১ সেপ্টেম্বর। ক্যু হয়েছে চিলিতে। প্রেসিডেন্ট সালভাদর আলেন্দেকে সরিয়ে জেনারেল অগাস্টো পিনোশে ক্ষমতা দখল করে কমিউনিস্ট বিরোধী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। এই সরকার টিকে ছিল ১৯৯০ পর্যন্ত। খুন হন আলেন্দে।এই দিন মার্কিন সাংবাদিক চার্লস হরমান ফিরছিলেন চিলিতে। পথে তিনি সাক্ষী হয়েছিলেন কিছু ঘটনার, তাতে ক্যুর পেছনের কিছু হয়তো দেখে ফেলেছিলেন। তাই আর বাসায় ফিরতে পারেননি তিনি। বাসায় তখন স্ত্রী, সিসি স্পাসেক। আমেরিকা থেকে চলে এলেন বাবা জ্যাক লেমন। তারপর খোঁজার পালা।ছবিটিতে ক্যুর পরে তোলা বিভিন্ন ছবি ব্যবহার করেছেন পরিচালক কোস্তা গারবাস। দেখা যায়, স্টেডিয়ামে আটক হাজার হাজার চিলিবাসী বা নদীতে ভেসে যাওয়া লাশ। বাবা ও ছেলের বউ ঠিকই খুঁজে খুঁজে এই ক্যুর পেছনে মার্কিন দূতাবাস ও সিআইয়ের হাত বের করে ফেলতে শুরু করলে একপর্যায়ে পাওয়া গেছে বলে ছেলের লাশ ফেরত দেওয়া হয় বাবা ও স্ত্রীকে। বাবা দেশে ফিরে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে মামলাও করেছিলেন। কিন্তু রাষ্ট্রীয় গোপনীয়তার স্বার্থে সেই মামলার নিষ্পত্তি হয়নি। সত্য ঘটনা নিয়ে ছবি এই মিসিং। শুটিং ডগসরুয়ান্ডার গণহত্যা নিয়ে ছবি। ইকোল টেকনিক অফিশিয়াল রুয়ান্ডার একটা মাধ্যমিক স্কুল। এটি চালান ফাদার ক্রিস্টোফার। আর শিক্ষক হিসেবে লন্ডন থেকে চলে এসেছেন জো নামের এক আদর্শবাদী যুবক। ১৯৯৪ সালে ১১ এপ্রিল রুয়ান্ডার প্রেসিডেন্ট খুন হলে শুরু হয় গণহত্যা। হুতুরা সংখ্যাগরিষ্ঠ। তাদের হাতে মারা যায় টুটসিরা। জাতিসংঘ বাহিনী তখন ছিল রুয়ান্ডায় ক্ষমতা ভাগাভাগি পর্যবেক্ষণে। গণহত্যা শুরু হলে স্কুলে ক্যাপ করে জাতিসংঘ মিশন। একরাতে সেখানে আশ্রয় নেয় আড়াই হাজার টুটসি। দৃশ্যটা এ রকম: ক্যাম্পের ঠিক ১০০ গজ বাইরেই উল্লাস করছে হুতুরা, সবার হাতে একে-৪৭, রামদা, কুড়াল ইত্যাদি। শহরজুড়ে তখন এই হত্যা-উৎসব। স্কুলের গাড়ি চালাত যে হুতু, তাকেও দেখা গেল রামদা হাতে। সবার চোখের সামনে চলছে গণহত্যা। কেউ কিছু করছে না। ইউএন মিশনও না। তাদের নাকি খালি পর্যবেক্ষণ করার আদেশ, গুলি করার আদেশ নেই। একসময় আটকা পড়া ইউরোপের সবাইকে বিশেষ ব্যবস্থায় নিয়ে যাওয়া হলেও থেকে যান ফাদার ক্রিস্টোফার ও জো। কারণ, তাঁরা অসহায় টুটসিদের ছেড়ে যাবেন না। একসময় জাতিসংঘ বাহিনী হুতুদের হাতে আড়াই হাজার টুটসিকে রেখে দিয়ে চলে যায় রুয়ান্ডা ছেড়ে। বিবিসি প্রোডাকশনের ছবি। পুরো ঘটনাই সত্য।