
১৯৯৯ সালে আমি যুক্তরাজ্যে চলে যাই। তখনো আমি এখনকার হাবিব ওয়াহিদ হইনি। তার আগে ঈদগুলো অন্যভাবেই ধরা দিত। তখন খুব ভোরে ঘুম থেকে উঠতাম। নামাজ পড়ে আত্মীয়স্বজনের বাসায় বেড়াতে যেতাম। আমার চার-পাঁচজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাদের সঙ্গে সন্ধ্যায় গুলশানে ‘ক্যান্ডিফ্লস’ নামের একটি রেস্টুরেন্টে খুব আড্ডা জমত। তখন তো ঢাকায় এতটা ঘনবসতি ছিল না। তাই ঘুরেফিরে বেশ মজা ছিল। গুলশান ছাড়াও ধানমন্ডি ২৭ নম্বর সড়কে ঈদের দিন সন্ধ্যার পর আমাদের বন্ধুবান্ধবের আড্ডা হতো। সবাই গাড়ি নিয়ে আসত। শুধু আমরা নই, ওখানে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে অনেকেই আড্ডা দিতে আসত। ওই আড্ডায় অনেকের সঙ্গে পরিচয় হতো। আবার আড্ডা শেষে সবাই যার যার মতো করে চলে যেত। কারও সঙ্গে হয়তো নতুন করে বন্ধুত্ব তৈরি হতো। এই কয়েকটা জায়গায় আড্ডা না দিলে যেন ঈদ সম্পূর্ণ হতো না। ছোটবেলায় ঈদের আরেকটি মজা ছিল চাঁদরাত। তখন ঢাকায় খুব একটা শপিং মল ছিল না। নিউমার্কেটকেন্দ্রিক মানুষের কেনাকাটা ছিল বেশি। চাঁদরাতে রিকশায় চড়ে ঘুরে বেড়ানোটা ছিল অন্য রকম একটা আনন্দের অংশ। রিকশায় চড়ে নিউমার্কেটসহ অন্যান্য শপিং মল ঘুরে বেড়াতাম। এখন সে ধরনের ঘোরাঘুরির ইচ্ছা থাকলেও সম্ভব হয় না। তা ছাড়া ঢাকায় এখন খোলা জায়গাও অনেক কমে গেছে। আড্ডা দেওয়ার তেমন একটা জায়গা নেই বললেই চলে। তারকা হওয়ার আগে সময়টা সত্যি অন্য রকম ছিল। যুক্তরাজ্যে থাকা অবস্থায় আমার গানের অ্যালবাম প্রকাশিত হয়। তারপর সবাই আমাকে নতুনভাবে চিনতে পারে। আর তাই নিজের চলাফেরার ক্ষেত্রে পরিবর্তন এসেছে। গত কয়েক বছর আত্মীয়স্বজনের সঙ্গেই ঈদটা কাটাতে হয়েছে। কাজিনদের সঙ্গে আড্ডা দেওয়া, রাতের বেলায় আইসক্রিম খেতে যাওয়া—এই আর কি। গত বছরের ঈদ আমার কাছে একেবারেই অন্য রকম ছিল। ঈদে আমার সঙ্গী ছিল স্ত্রী রেহান। আর এবার নতুন সঙ্গী হিসেবে পেয়েছি সন্তান আলীমকে। ওকে নিয়ে এবারের ঈদটা আরও সুন্দর কাটবে বলে আমি মনে করছি। আমি এখন মনে মনে স্বপ্ন দেখছি, পরের বছর আমার ছেলে আলীমকে সঙ্গে নিয়ে ঈদের নামাজ পড়তে যাব। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অনেক কিছুর পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলোকে মানিয়ে নিয়ে নিজেদের চলতে হবে—এটাই স্বাভাবিক।