গত ঈদেও বাবা আমাদের সঙ্গে ছিলেন: ইমা খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবাকে ছাড়া এটা আমার প্রথম ঈদ। বিয়ের পর বাবার সঙ্গে ঈদের দিন দেখা হতো বিকেলে বা সন্ধ্যায়। আমার মেয়েকে বাবার দেওয়া পোশাক পরিয়ে নিয়ে যেতাম বাবার সঙ্গে দেখা করতে। ফোয়ারার (আমার মেয়ে) জন্য বাবা সব সময় নিজেই মার্কেটে গিয়ে পোশাক কিনতেন। আর বাবার ঈদের কেনাকাটার বিশেষত্ব ছিল চাঁদ রাতের দিনে মার্কেটে যাওয়া। বাবা চাঁদ রাতের দিন ঈদের কেনাকাটা করতে ভীষণ পছন্দ করতেন। ছোটবেলায় বাবার সঙ্গে মার্কেটে গেলে বাবা আমার পছন্দকে গুরুত্ব দিতেন। আর আমি বিশেষ কোনো উপলক্ষে বাবাকে শার্ট বা টি-শার্ট কিনে দিতাম। বাবা সেই শার্টগুলো যত্ন করে আলমারিতে তুলে রাখতেন। বাবার প্রিয় পোশাক ছিল ট্রাউজার আর টি-শার্ট। তবে তিনি সব ধরনের পোশাকই পরতেন। অল্প বয়স থেকেই গেটআপের বিষয়ে বাবা ভীষণ চুজি আর স্টাইলিশ ছিলেন। সময় দেখতে খুব পছন্দ করতেন বলে বিশেষভাবে পছন্দ করতেন হাতঘড়ি।ঈদের দিন বাবার পা ধরে সালাম করলে বাবা সব সময় ১০০ টাকা সালামি দিতেন। বাবা ঈদের নামাজ পড়তে যেতেন বেশির ভাগ সময় কমলাপুর জামে মসজিদে। সকালে গরম পানি দিয়ে গোসল করে বাবা প্যান্ট-শার্টের সঙ্গে মাথায় সাদা টুপি পরে নামাজ পড়তে যেতেন। নামাজ শেষে সবার সঙ্গে কোলাকুলি করতেন। ফিরে এসে পাশের দাদুবাড়ি যেতেন সবার সঙ্গে দেখা করতে। তারপর যেতেন আজিমপুর দাদার কবর জিয়ারত করতে। যেতেন হাইকোর্টের মাজারে। দুপুরে বাসায় খাবার খেতেন। বিয়ের আগে আমিই ঈদের খাবার রান্না করে সবার জন্য পরিবেশন করতাম। খাবার রান্নার জন্য প্রয়োজনীয় কেনাকাটা বাবা নিজেই করতেন। বাবার প্রিয় খাবার ছিল খিচুড়ি, মাছ ভাজা, গরুর মাংস ভুনা, বিরিয়ানি, কাবাব, রোস্ট আর মিষ্টিজাতীয় খাবার। আমার বিয়ের পর বাবা সকালের দিকে নামাজের পর মতিন চাচাকে সঙ্গে করে নিয়ে আমার শ্বশুরবাড়িতে আসতেন। সঙ্গে করে নিয়ে আসতেন ফোয়ারার জন্য বেলুন। বাবা যা করতেন, মনের আন্তরিকতার সঙ্গে করতেন। নিজেকে যেন ভুলে থাকতেন।গত ঈদেও বাবা আমাদের সঙ্গে ছিলেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে অপারেশনের পর রোজার ঈদের আগে ঢাকায় চলে এলেন। অসুস্থতা নিয়েই আমার মেয়ের জন্য মার্কেটে গিয়ে জামা কিনলেন। আমার জন্যও একটি থ্রি পিস কিনে পাঠালেন আমার ছোট বোনকে দিয়ে। কথা ছিল, এক মাস পর বাবা থেরাপি নিতে আবারও সিঙ্গাপুর যাবেন। কিন্তু তিনি গেলেন না। হোমিওপ্যাথি ওষুধ খাওয়া শুরু করলেন। তাঁর একটা বিশ্বাস ছিল, হোমিওপ্যাথি ওষুধ খেলে তিনি ভালো ফলাফল পাবেন। থেরাপি নিতে রাজি হননি। আমার সাধ্য হয়ে ওঠেনি বাবার বিশ্বাসকে ভেঙে জোর করে থেরাপি দেওয়ার। পরিবারের অন্য সদস্যরাও সমর্থন করছিলেন না। হয়তোবা এভাবেই মৃত্যু বাবার নিয়তিতে ছিল। ঈদ সবার জন্য আনন্দের—এ কথাটি হয়তো সব ক্ষেত্রে সঠিক নয়। নিজেকে দিয়ে উপলব্ধি করছি, ঈদেও অনেক মানুষ কষ্টে থাকে। ঈদের দিন সবাই ঈদের আমেজ অনুভব করবে, ভালো থাকবে, অন্যের আনন্দ উপভোগ করবে বা সবাইকে আনন্দ দেবে—এ দোয়া করি।লেখক: প্রয়াত সংগীতশিল্পী আজম খানের বড় মেয়ে