গফুর হালীকে নিয়ে ‘মেঠোপথের গান’
চট্টগ্রামের আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী, গীতিকার ও সুরকার আবদুল গফুর হালীকে নিয়ে নির্মিত হলো প্রামাণ্য চলচ্চিত্র মেঠোপথের গান। আগামী ৭ আগস্ট চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে ছবির প্রিমিয়াম শো হবে। বিদেশে প্রথম প্রদর্শনী হবে জার্মানির হাইডেলবার্গে।এইচডি ডিজিটাল ফরম্যাটে তৈরি এই প্রামাণ্যচিত্রের দৈর্ঘ্য ৩৯ মিনিট। সুবর্ণরেখা পিকচার্স প্রযোজিত ও চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্র নিবেদিত ছবিটির সংগীত, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শৈবাল চৌধুরী।ছবিতে আবদুল গফুর হালীর সৃষ্টিকর্ম ও শিল্পীজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। আঞ্চলিক গানের কিংবদন্তি জুটি শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণবের অনেক অমর গানের স্রষ্টা তিনি। এ ছাড়া তাঁর অসংখ্য মাইজভান্ডারি, বিচ্ছেদি ও আধুনিক গান মানুষের মুখে মুখে ফেরে। তাঁর গান নিয়ে জার্মানির হালে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে গবেষণাগ্রন্থ। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নাটকের পথিকৃৎ রচয়িতা তিনি। ছবিতে এসব বিষয় উঠে এসেছে। আবদুল গফুর হালী রচিত বেশ কয়েকটি গান চিত্রায়ণ করা হয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন শেফালী ঘোষ, শ্যামসুন্দর বৈষ্ণব, কল্যাণী ঘোষ, কল্পনা লালা, সঞ্জিত আচার্য, সেলিম নিজামী, শিমুল শীল ও শিরিন।আবদুল গফুর হালীর জন্মগ্রাম পটিয়ার রশিদাবাদ, মাইজভান্ডার দরবার, কাটগড় জেলেপাড়াসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রামাণ্যচিত্রের দৃশ্যায়ন করা হয়েছে। পরিচালক শৈবাল চৌধুরী জানান, ‘এক বছর ধরে বেশ যত্নের সঙ্গে ছবির কাজ করা হয়েছে। ছবিতে শিল্পীর সংগীতজীবনের পাশাপাশি এসেছে পারিবারিক জীবনও। ব্যক্তিজীবনে শত কষ্টের মধ্যেও গানের সাধনা করে গেছেন আবদুল গফুর হালী। তাঁকে নিয়ে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি।’