গভীর রাতে ভোট গণনাকক্ষে ঢোকা নিয়ে যা বললেন শাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দিন উৎসবমুখর পরিবেশে এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ চলে। সারা রাত চলে ভোট গণনা। আজ শনিবার সকালে ফলাফল ঘোষণাও হয়ে গেছে। এদিকে গভীর রাতে শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনাকক্ষে শাকিব খানের ঢুকে পড়াকে ঘিরে অনেক ধরনের কথা চারদিকে ছড়িয়েছে। হঠাৎ কেন এমনটা করেছেন দেশের সিনেমার জনপ্রিয় এই নায়ক, তা নিয়ে কথা বলেন প্রথম আলোর সঙ্গে। আজ শনিবার দুপুরে শাকিব খান যা বলেছেন, পাঠকদের জন্য তা তুলে ধরেছেন মনজুর কাদের


গভীর রাতে এভাবে ভোট গণনাকক্ষে ঢুকলেন কেন?
শিল্পী সমিতির নির্বাচনে এবার ভোটারের সংখ্যা ৬২৪। সন্ধ্যা ছয়টায় ভোট শেষ হয়। রাত তখন দেড়টা-দুইটা বেজে গেছে অথচ ভোট গণনা শেষ হচ্ছে না। এরই মধ্যে অনেক শিল্পী বন্ধু আমাকে ফোন করে এফডিসিতে গিয়ে পরিস্থিতি দেখতে অনুরোধ করেন। ভাবলাম, সবার অনুরোধ রক্ষা করা দরকার। তাই তখন পরিস্থিতি ঘুরে দেখতে ভোট গণনাকক্ষে যাই।

কিন্তু আপনার কি সেখানে যাওয়া ঠিক হয়েছে বলে মনে করেন?
সবাই যখন অনুরোধ করছে, আমাকে তো একবার যেতেই হয়। তা ছাড়া আমি এখনো শিল্পী সমিতির সভাপতি। নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দিইনি। অত রাতে সবার অনুরোধ উপেক্ষা করে আমি যদি না যেতাম, তাহলে আমার বিরুদ্ধে আবারও প্রশ্ন তোলা হতো। আমাকে অনেকে বারবার এ–ও বলছিল, ভোট গণনাকক্ষে আপিল বিভাগ কেন? আমি তাঁদের বলেছি, শিল্পী সমিতির নির্বাচন এখানে আপিল বিভাগ থাকতেই পারে। সবাই মিলে তো আমাদের শিল্পী পরিবার। আমি গেলাম পরিস্থিতি দেখতে অথচ সেখানে আমাকে অপমানিত হতে হলো।
কারা আপনাকে অপমান করেছে?
ভোট গণনাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় লাল গেঞ্জি পরা একটা ছেলে আমাকে পিস্তল তাক করে। আমার বডিগার্ড তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। তাকে কোনো দিন এফডিসিতে দেখেছি বলে মনে হয় না। সে বহিরাগত। আমার প্রশ্ন হচ্ছে, এত রাতে এফডিসিতে বহিরাগত এল কোথা থেকে। আরেকজন তো আমাকে ছুরি মারার চেষ্টা করেছে। আমাদের একজন মেকআপম্যান হাত দিয়ে ঠেকিয়ে দেওয়ায় তার হাত কেটে গেছে। এই যে ঘটনা, এসব তো সুস্থ মানুষের কাজ না। এফডিসিতে বহিরাগত ঢুকিয়ে তাদের দিয়েই তো এসব কাজ করানো হয়েছে।
কী কারণে আপনার ওপর হামলা হয়েছে বলে মনে করেন?
আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু লোকের আমার প্রতি ক্ষোভ জন্ম নিতে পারে। তারা হয়তো এ–ও মনে করতে পারে, আজ শাকিব খান না থাকলে তারাই স্টার। আমি আগে থেকে বলছি, শাকিব খানকে ঠেকানোর জন্য একটা গ্রুপ উঠেপড়ে লেগে গেছে। তাদের ধারণা, আমাকে সরিয়ে দিতে পারলে কেউ হয়তো বড় স্টার হয়ে যেতে পারবে? এটা পুরোপুরি ভুল। আরে...আল্লাহ যার ভাগ্যে যা লিখে রেখেছেন, তা-ই হবে। তাকে কেউ দমাতে পারে না।
আপনি কি কাউকে সন্দেহ করেন?
এখন বলব না। কিছুদিনের মধ্যে এমনিতে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এফডিসিতে যা হচ্ছে, তা মোটেও ভালো হচ্ছে না। আজ ওরা আমার সঙ্গে যা করেছে, শিগগিরই নতুনেরাও তাদের প্রতি একই আচরণ করবে। তবে এটুকু বলতে চাই, এসব কাজ যারাই করেছে, একদমই ঠিক করেনি। আমি সবাইকে বলতে চাই, পাঁচ বছর শিল্পী সমিতির সভাপতি ছিলাম। নতুনেরা আসবে বিধায় আমি তাদের ছেড়ে দিলাম। নেতৃত্ব যদি ছেড়ে না-ই দিতাম, তাহলে তো নির্বাচন করতাম। দেড় বছর ধরেই কিন্তু এমন কথা বলে আসছি।
কেউ কেউ বলছেন, আপনি নাকি মদ্যপ অবস্থায় ছিলেন?
আমার হাতে কেউ কি কিছু পেয়েছেন? আমাকে কেউ মদ খেতে দেখেছেন। এটা সম্পূর্ণ বানোয়াট তথ্য। আমার সম্মান নষ্ট করার ষড়যন্ত্র। আমাকে জড়িয়ে এমন কথা প্রচার করায় আমি খুবই কষ্ট পেয়েছি।
শিল্পী সমিতির এবারের নির্বাচন নিয়ে আপনার মধ্যে কোনো কষ্ট কাজ করছে কি?
আমি তো পাঁচ বছর শিল্পী সমিতির সভাপতি ছিলাম। চেষ্টা করেছি সমিতি ও শিল্পীদের কল্যাণে কাজ করতে। এখন নতুনেরা কাজ করুক। তাদের জন্য আমি জায়গাটা ছেড়ে দিয়েছি। আমি এখন শুধু কাজে মন দিতে চাই।