গভীর সংকটে বাংলা চলচ্চিত্র
বাংলা চলচ্চিত্রের জগৎ ছোট হয়ে আসছে। প্রেক্ষাগৃহে একের পর এক চলচ্চিত্রের ব্যবসায়িক সাফল্য অর্জনে ব্যর্থতা, চলচ্চিত্রের নির্মাণ-ব্যয় অস্বাভাবিক বৃদ্ধি, শিল্পী সংকট—এসব কারণে বেশির ভাগ প্রযোজক চলচ্চিত্র-ব্যবসা থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। ফলে আগে যেখানে বছরে ৮০ থেকে ৯০টি চলচ্চিত্র তৈরি হতো, এখন সেখানে তৈরি হচ্ছে ৪০টি ছবি। এ সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। আগামী বছর ৩০টি চলচ্চিত্র মুক্তি পাবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই।জানা গেছে, অসংখ্য ব্যবসাসফল ছবি তৈরি করেছে এমন সব প্রযোজনা প্রতিষ্ঠান এখন কোনো ছবিই তৈরি করছে না। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আনন্দমেলা সিনেমা লিমিটেড, যমুনা, সোনামণি, আলমগীর পিকচার্স, রোজী ফিল্মস।এফডিসির প্রশাসনিক সূত্রে জানা গেছে, এখন একটি চলচ্চিত্র নির্মাণ করতে প্রায় দুই কোটি টাকা গুনতে হচ্ছে প্রযোজককে। যদি শাকিব খানকে না নিয়ে অন্য কোনো নায়ককে ছবিতে নেওয়া হয়, তবুও খরচ হয় এক কোটি ২০ লাখ টাকা। লাভ দূরে থাক, লগ্নি করা টাকা তুলে আনতেই বছরের পর বছর লেগে যায়। চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক সমিতি সূত্রে জানা গেছে, এ বছর যেসব চলচ্চিত্র মুক্তি পেয়েছে, তার মধ্যে মাত্র দুটি ব্যবসায়িকভাবে সফল হয়েছে। ফলে যে হারে চলচ্চিত্রের নির্মাণসংখ্যা বাড়ানোর কথা ছিল, তা হয়নি।এ ব্যাপারে চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক সমিতির সহসভাপতি খসরু বলেন, ‘চলচ্চিত্রের নির্মাণসংখ্যা হ্রাস পেয়েছে মূলত দুটি কারণে—ভিডিও পাইরেসি ও একজন নায়কের ওপর নির্ভরশীল হয়ে পড়া। যে শিল্পীর ছবি ব্যবসাসফল হয়, তাঁর দিকেই সবাই ঝুঁকে পড়েন। কিন্তু কোনো নায়ক যতই সফল হোন, তিনি চাইলেও বছরে ১৫টির বেশি ছবিতে অভিনয় করতে পারেন না। তাই সামনের দিনগুলো আমাদের চলচ্চিত্রের জন্য মোটেই ইতিবাচক নয়।’এফডিসির পরিচালক (কারিগরি) রানা হামিদ বলেন, ‘ছবি নির্মাণে প্রযোজকদের উৎসাহিত করার জন্য এফডিসি থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে নির্মাতাদের বাকিতে নেগেটিভ দেওয়া হচ্ছে। শিল্পী-সংকট দূর করতে নতুন মুখের কার্যক্রম আবার শুরু করা হবে। চলচ্চিত্রশিল্পে গতি আনতে প্রযোজক-পরিচালক, শিল্পী এবং আমরা সবাই মিলে কাজ শুরু করব।’