গরীবের বন্ধু জ্যাকি চ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের শুরুটা দাতব্য কাজ দিয়েই করলেন ‘রাশ আওয়ার’ তারকা জ্যাকি চ্যান। দরিদ্র মানুষদের পাশে দাঁড়ালেন ৫৮ বছর বয়সী এ অভিনেতা। সম্প্রতি চীনের হাবেই প্রদেশে গিয়ে দরিদ্র গ্রামবাসীদের মধ্যে খাবার, পোশাক এবং ওষুধ বিতরণ করেছেন তিনি। এই কাজে তিনি ব্যয় করেছেন চার লাখ আশি হাজার মার্কিন ডলার। জ্যাকি চ্যান চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে খাবার, পোশাক এবং ওষুধ বিতরণ করেছেন জ্যাকি। এর এক মাস আগে হাবেই প্রদেশের ওয়াংজিওয়ান গ্রামে যন্ত্র-চালিত নলকূপ স্থাপনের লক্ষ্যে ৬৪ হাজার মার্কিন ডলার অর্থ সাহায্য দিয়েছিলেন জ্যাকি চ্যান। অনাবৃষ্টির কারণে সৃষ্ট খরা থেকে সেখানকার অধিবাসীদের কষ্ট লাঘবের উদ্দেশেই তিনি এমনটা করেছিলেন। জানিয়েছে ফিমেলফার্স্ট। নলকূপ স্থাপনের কাজ শেষ হওয়ার পর অগ্রগতি পর্যবেক্ষণের জন্য ওয়াংজিওয়ান গ্রামে গিয়েছিলেন জ্যাকি। সেখানে যাওয়ার পর সন্তোষ প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘এই এলাকার মানুষদের দুঃখ-দুর্দশার খবর প্রকাশ করায় সংবাদকর্মীদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। চীন অনেক বড় একটি দেশ। প্রত্যন্ত অঞ্চলের দুঃখ-দুর্দশার সব খবর আমার কাছে এসে পৌঁছায় না। কেবলমাত্র সংবাদপত্রে প্রকাশিত খবর থেকেই তা জানার সুযোগ আছে আমার। এজন্য আবারও মিডিয়াকে ধন্যবাদ দিতে চাই আমি। আমি আশা করব, ভবিষ্যতেও সংবাদমাধ্যমগুলো এ ধরনের খবর সবাইকে জানানোর দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে যাবে।’