আবু হেনা রনি। কৌতুকশিল্পী। ভারতের কলকাতার জি বাংলার ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন। দেশে ফেরার পর নিয়মিত কৌতুক নিয়ে অনুষ্ঠান করছেন।

স্ট্রেট বল
আগে একটা কথা বলে নিই
আমি যা বলছি, সব কিন্তু সিরিয়াসলি বলছি! ফান করছি না!
আমার বড় পরিচয়
এখন তো স্ট্যান্ডআপ কমেডিয়ানই বড় পরিচয়।
প্রথম প্রেমের গল্প
যাকে পছন্দ করতাম, তাদের একটা গরু ছিল। গরুর দড়ির সঙ্গে চিঠি বেঁধে খুঁটি উঠিয়ে দিতাম। গরু হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছে যেত। চিঠিও পৌঁছে যেত।
ছোটবেলায় যাকে ভয় পেতাম
আব্বাকে।
গুগলি
এক অনুষ্ঠানে গিয়ে যদি এমন হয়, একের পর এক কৌতুক বলছি, কিন্তু শুনে কেউ হাসছে না
সাধারণত যেটা করি, বলি, ‘এতক্ষণ আপনাদের সঙ্গে পরিচিত হলাম। মজার গল্পগুলো পরে বলছি।’
বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে যদি আমাকে নামিয়ে দেওয়া হয়
বল ব্যাটে লাগুক বা না লাগুক, গায়ে যেন না লাগে। আমি ভয় পাই!
এক সকালে ঘুম থেকে উঠে যদি দেখি, বিশাল এক রাজপ্রাসাদে রাজপালঙ্কে শুয়ে আছি
সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে বাথরুম খুঁজে বের করা। আগে দেখব, প্রাসাদের বাথরুমটা কোন দিকে!
আবু হেনা রনিকে যদি কেউ ১০০ পৃষ্ঠার প্রেমপত্র দেয়
এত বড় চিঠি তো পড়তে অনেক সময় লাগবে। সবার আগে খুঁজে দেখব কোথাও ফোন নম্বর কিংবা ছবি দেওয়া আছে কি না। পরেরটা পরে দেখা যাবে।
ফুল টস
মানুষ হিসেবে আমি দশে
আমি নিজে নিজেকে ৭ দেব। অন্যরা হয়তো ৩-৪ দিতে পারে!
যেদিন মনে হলো, এমন একটা জীবনই তো চেয়েছিলাম
আগে বন্ধুদের কৌতুক বললে কেউ মনোযোগ দিয়ে শুনত না। এখন যখন আমার কথা মানুষ মন দিয়ে শোনে, তখন মনে হয় এমনটাই চেয়েছিলাম।
দশ বছর পর নিজেকে যে অবস্থানে দেখি
এখন যে অবস্থানে আছি, সে অবস্থানটা অন্তত ধরে রাখতে চাই। অনেকে তো হারিয়ে যায়...
আমার বড় ভক্ত
তিনি ভক্ত হিসেবেও বড়, ভক্তদের মধ্যে বয়সেও বড়। ৯৬ বছরের এক মহিলা, তাঁর নাম সুন্দরীবালা। থাকেন বর্ধমানে।
পাওয়ার প্লে
যে চ্যালেঞ্জ নিতে চাই
বাংলাদেশে প্রচুর স্ট্যান্ডআপ কমেডিয়ান আর কমেডি ক্লাব তৈরি করতে চাই।
ইদানীং ব্যস্ততা
কিছু অনুষ্ঠান করছি। এ ছাড়া বাংলাদেশের সবগুলো বিভাগে একটা করে কমেডি ক্লাব করার চেষ্টা করছি। কাজও হচ্ছে, ঘোরাঘুরিও হচ্ছে।
জীবনের সেরা পারফরম্যান্স
মঞ্চে না মঞ্চের বাইরে? মঞ্চের বাইরের কথা যদি বলি, আমি যেটাকে জীবনের সেরা পারফরম্যান্স মনে করি, ‘ও’ তো সেটা মনে করে না!
বন্ধুসংখ্যা
এটা বলা কঠিন। বেশির ভাগ সময় দেখা যায় যাকে আমি বন্ধু তালিকায় রেখেছি, আমি তাঁর বন্ধু তালিকায় নেই!
ফুলটস
আমাকে নিয়ে মেয়েদের অভিযোগ
‘রনি, তুমি শুধু হাসায়াই পেট ব্যথা করলা...!’
খুব মন খারাপ। এমন সময় কেউ যদি বলে, একটা কৌতুক বলেন।
এটা একটা মুশকিল। মন খারাপ থাকলেও কাউকে বলি না। মানুষজনকে মজা দিয়ে আমি নিজেরও মন ভালো করি।
আমার ব্যর্থতা
যে মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম, তাঁর এখন এত বড় একটা বাচ্চা আছে যাকে কোলেও নেওয়া যাবে না! আর আমি এখনো বিয়েই করতে পারলাম না!
অভিনয় নিয়ে অসন্তুষ্টি
নিজে নিজে যখন একটা কৌতুক তৈরি করি, মঞ্চে বলি, তখন মনে হয় সৃষ্টিশীল কিছু করলাম। অভিনয় করে এখনো তেমন অনুভূতি পাইনি।
মো. সাইফুল্লাহ