গর্ব ও কান্নার রঙে ব্যতিক্রমী প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাসাহিত্যিক শওকত ওসমান ১৯৯৫ সালের ৪ এপ্রিল একটুকরো ছোট্ট কাগজে মুক্তিযুদ্ধ ও একাত্তর নিয়ে দেওয়া অটোগ্রাফে লিখেছিলেন, ‘বিড়াল চাপা দিয়ে রাখে তার বিষ্ঠা। আমরা অতীত চাপা দিতে তৎপর। চতুর্দিকে তাই এত হাহাকার স্বর।’ দেশের বরেণ্য রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, শিল্পী, মুক্তিযোদ্ধাসহ আরও অনেক বিখ্যাত ব্যক্তির অটোগ্রাফের বিষয় ছিল একাত্তর ও মুক্তিযুদ্ধ। মুক্তিযোদ্ধা বাবার সন্তান বকশী হাবিবুর রহমান এসব অটোগ্রাফ সংগ্রহ করছেন বহু দিন ধরে। গতকাল সোমবার থেকে শিল্পকলা একাডেমী জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে সেই অটোগ্রাফের তিন দিনব্যাপী প্রদর্শনী।প্রদর্শনীর নাম ‘গর্ব ও কান্নার রং ৭১’। উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম। বক্তব্য দেন মিলি রহমান, অটোগ্রাফ সংগ্রাহক বকশী হাবিবুর রহমান প্রমুখ।আয়োজনটি ব্যতিক্রম। কী চোখে বিশিষ্টজনেরা একাত্তরকে দেখেন, এরই বহিঃপ্রকাশ ঘটেছে ছোট অথচ শাণিত মন্তব্যে। দেশবরেণ্য সুরকার প্রয়াত সত্য সাহা ১৯৯৭ সালের ৮ জানুয়ারি দেওয়া অটোগ্রাফে লিখেছিলেন, ‘৭১-এর মুক্তিযুদ্ধ সত্যিকারের সুরের স্বাদ দিয়েছে।’বকশী হাবিব মুক্তিযুদ্ধ চলাকালে ছিলেন কিশোর। বাবার হাত ধরে ১৯৭৪ সালের ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে প্রথম অটোগ্রাফ সংগ্রহ করেন তিনি। সেই অটোগ্রাফে লেখা ছিল ‘জয় বাংলা’। এই দুই শব্দের লেখায় দারুণ অনুপ্রাণিত হয়ে তিনি পরে আরও অনেকের অটোগ্রাফ সংগ্রহ করেন। চিত্রশিল্পী এস এম সুলতান ১৯৯২ সালের ২০ সেপ্টেম্বর লিখেছেন, ‘আমাদের জীবনে মুক্তিযুদ্ধ সার্থক ও অমর হোক।’ হুমায়ুন আজাদ ১৯৯৭ সালের ১৪ মার্চ অটোগ্রাফে লিখেছেন, ‘মনে হয় যেন কোনো মুক্তিযুদ্ধ হয়নি; হলে চারপাশ, বাংলাদেশে—এমন হতো না। দেশের বর্তমান পরিস্থিতি কি তাই বলছে না?’যেহেতু একাত্তর সালকে কেন্দ্র করে নেওয়া অটোগ্রাফের প্রদর্শনী, তাই অটোগ্রাফের সংখ্যাও ছিল ৭১টি। এটি তাঁর সংগ্রহ করা অটোগ্রাফের ১২তম প্রদর্শনী।