গর্ব ফাইনালের উপস্থাপক তানিয়া ও মুনমুন
পোশাকশিল্পীদের সংগীতবিষয়ক প্রতিভাকে সবার সামনে তুলে ধরার লক্ষ্যে বিজিএমএইএ এবং গানচিলের উদ্যোগে গত বছরের ২৩ অক্টোবর শুরু হয় সংগীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘গর্ব’। প্রথম থেকে অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন অভিনয়শিল্পী তানিয়া হোসাইন ও পীযূষ বন্দ্যোপাধ্যায়। ফাইনালে তানিয়া হোসাইন থাকলেও থাকছেন না পীযূষ বন্দ্যোপাধ্যায়। ‘প্রিমিয়ার ব্যাংক-গর্ব’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি উপস্থাপন করবেন তানিয়া হোসাইন ও মুনমুন। তানিয়া বলেন, ‘উপস্থাপনার ক্ষেত্রে মুনমুন আলাদা একটা অবস্থান তৈরি করে নিয়েছে। গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানটি দুজনের আলাপ-আলোচনার মাধ্যমে ভালোভাবেই জমে উঠবে বলে মনে করছি।’মুনমুন বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের অংশগ্রহণে গর্ব অনুষ্ঠানের বেশ কয়েকটি পর্ব দেখা হয়েছে। খুবই ভালো লেগেছে অনুষ্ঠানের পর্বগুলো। বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান শামীম শাহেদের অনুরোধে এবার সেটি উপস্থাপনা করতে যাচ্ছি। আশা করছি ভালো একটা কিছু হবে।’ উপস্থাপকের মতো প্রিমিয়ার ব্যাংক-গর্ব গ্র্যান্ড ফিনালে বিচারকেরও পরিবর্তন থাকছে। এত দিন তিনজন বিচারকের দায়িত্ব পালন করে এলেও ফাইনালে শুধু থাকবেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আসিফ আকবর। থাকা হচ্ছে না সাবিনা ইয়াসমিনের। জানা গেছে, বর্তমানে তিনি আছেন দেশের বাইরে। ফিরবেন ২১ মার্চ।প্রিমিয়ার ব্যাংক-গর্ব গ্র্যান্ড ফিনালে সেরা ১০ জন প্রতিযোগী হলেন—রোকসানা খাতুন, প্রিয়া দাশ, মেজবাহ উদ্দিন হিরু, মুরাদুজ্জামান, ফরহাদ হোসেন, রাকিবুল হোসেন, শাহীন, পাভেল রহমান, সাগর রায় ও রাজীব। উল্লেখ্য, প্রিমিয়ার ব্যাংক-গর্ব অনুষ্ঠানের অডিশন পর্বে সারা দেশ থেকে প্রায় ৩০ হাজার প্রতিযোগী অংশ নেন। হোটেল সোনারগাঁও থেকে ১৯ মার্চ শনিবার বিকেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বাংলাভিশনে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনারও বাংলাভিশন।