গর্বিত স্বামীর টুইট

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন

এক হাতে আরাধনার স্বীকৃতি, অন্য হাতে আরাধ্য। অপূর্ব দৃশ্যটি টুইটারে শেয়ার করেছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের স্বামী অভিষেক বচ্চন। স্ত্রী ‘মেরিল স্ট্রিপ পুরস্কার’ পাওয়ায় গর্বিত তিনি।

বিনোদনশিল্পে নারীর ভূমিকাকে ছড়িয়ে দেওয়ার সম্মান হিসেবে গতকাল রোববার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হায়েট রিজেন্সিতে ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেওয়া হয় ‘মেরিল স্ট্রিপ পুরস্কার’। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মা বৃন্দা রাই আর মেয়ে আরাধ্য। শুধু নারীর ভূমিকাকে তুলে ধরাই নয়, অভিনয় ছিল ঐশ্বরিয়ার অন্য রকম এক আরাধনা। নানা সময় তাঁর স্বীকৃতি পেয়েছেন তিনি। গতকাল পেলেন নতুন আরও এক স্বীকৃতি।

‘মেরিল স্ট্রিপ পুরস্কার’ পাওয়ার পর ট্রফি আর মেয়ে আরাধ্যর আলিঙ্গনে ঐশ্বরিয়া রাই বচ্চন
‘মেরিল স্ট্রিপ পুরস্কার’ পাওয়ার পর ট্রফি আর মেয়ে আরাধ্যর আলিঙ্গনে ঐশ্বরিয়া রাই বচ্চন

পুরস্কার পাওয়ার পর গতকাল রাতে ট্রফি হাতে ঐশ্বরিয়ার ছবিটি শেয়ার করে অভিষেক লিখেছেন, ‘মিসেস ডব্লিউআইএফটির মেরিল স্ট্রিপ পুরস্কার পেয়েছে, বাচ্চা তাঁকে আলিঙ্গন করে অভিনন্দন জানাচ্ছে। আর একজন গর্বিত স্বামী হিসেবে আমি চেয়ে চেয়ে দেখছি।’

পুরস্কার পেয়ে টুইট করে সবাইকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তিনি লিখেছেন, ‘আমাকে অনুপ্রাণিত ও শক্তিশালী করার জন্য ভারত ও বিশ্বের সব ভক্ত আর শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবার প্রতি ভালোবাসা ও সবার মঙ্গল কামনা করি।’

‘মেরিল স্ট্রিপ পুরস্কার’ হাতে ঐশ্বরিয়া রাই বচ্চন
‘মেরিল স্ট্রিপ পুরস্কার’ হাতে ঐশ্বরিয়া রাই বচ্চন

ঐশ্বরিয়া ছাড়াও এই আসরে সম্মাননা জানানো হয়েছে পরিচালক জয়া আখতার, অভিনেত্রী জাহ্নবী কাপুর ও প্রযোজক ক্যাথরিন হ্যান্ডকে।

বিশ্বব্যাপী চলচ্চিত্র ও টেলিভিশনে কাজ করা নারীদের সহযোগিতা ও তাঁদের কাজের প্রচারণা চালাতে ১৯৭৩ সালে লস অ্যাঞ্জেলেসে প্রতিষ্ঠিত হয় ‘উইমেন ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন’ বা ডব্লিউআইএফটি সংগঠনটি। সম্প্রতি এতে যুক্ত হয়ে প্রথমবারের মতো এই পুরস্কার ঘোষণা করল ‘উইমেন ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডিয়া’। মূলত, হলিউড ও বলিউডের সেরা নারীদের এ পুরস্কার দেওয়া হয়। ১৯৯৮ সালে এই সংগঠন থেকে ক্রিস্টাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন মেরিল স্ট্রিপ নিজে। ইকোনমিক টাইমস।