গর্বে সেরা ফারুক

পোশাকশ্রমিকদের গানের প্রতিভা অন্বেষণে আয়োজিত রিয়ালিটি শো ‘বিজিএমইএ গর্ব ২০১২’-এর চ্যাম্পিয়ন হয়েছেন ফারুক আহমেদ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার সন্ধ্যায় বিচারকদের রায় ও জনতার ভোটে গর্ব সেরার মুকুট জয় করে নেন তিনি। পুরস্কার হিসেবে তিনি জেতেন সামিট গ্রুপের সৌজন্যে ১০ লাখ টাকার চেক, ট্রফি আর সার্টিফিকেট।
চূড়ান্ত পর্বে চারজন প্রতিযোগীর মধ্য থেকে প্রথম রানারআপ সোহেল আরমান ও দ্বিতীয় রানার আপ হয়েছেন তানভীর আহমেদ। তারা জিতেছেন যথাক্রমে ৫ ও ৩ লাখ টাকা। এ ছাড়া প্রথম তিনজনের জন্য রয়েছে বিজিএমইএ–র পক্ষ থেকে অডিও সিডি প্রকাশ করার সুযোগ। প্রতিযোগিতায় চতুর্থ থেকে দশম স্থান জেতা শিল্পীরা প্রত্যেকে দুই লাখ টাকা পুরস্কার পেয়েছেন।
বিজিএমইএ গর্ব গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বিজিএমইএ–র সভাপতি আতিকুল ইসলামমহ অনেকে। এ ছাড়া গর্বের তিন প্রধান বিচারক সাবিনা ইয়াসমিন, তপন চৌধুরী এবং কনকচাঁপাও উপস্থিত ছিলেন।
গ্র্যান্ড ফিনালের মূল আসরে বিশেষ পরিবেশনা ছিল শাকিব খান, অপু বিশ্বাস, কুমার বিশ্বজিৎ, মেহজাবিন, মিরাক্কেলখ্যাত আবু হেনা রনি ও শশীর।