গল্প খুঁজছেন মাহফুজ আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহফুজ আহমেদ
মাহফুজ আহমেদ

এ বছরই মুক্তি পেয়েছে অভিনেতা মাহফুজ আহমেদ প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘জিরো ডিগ্রি’। এ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন জয়া আহসান ও রুহি। ছবিটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। ‘জিরো ডিগ্রি’ ব্যবসাসফল হয়েছে বলেও জানিয়েছেন মাহফুজ আহমেদ। এরই ধারাবাহিকতায় এবার নতুন আরেকটি ছবি নির্মাণের উদ্যোগ নিয়েছেন মাহফুজ। গতকাল প্রথম আলোর সঙ্গে আলাপে জানিয়েছেন, আগামী বছরের শুরুতেই নতুন ছবি নির্মাণের কাজে হাত দেবেন। এখন চলছে গল্প বাছাইয়ের কাজ। ছবির জন্য গল্প খুঁজছেন তিনি।

মাহফুজ বলেন, ‘গল্প পছন্দ করা খুব কঠিন কাজ। একটা পছন্দ হয় তো আবার নতুন আরেকটা গল্প পেলে সেটাও ভালো লাগে। এভাবেই বেশ কয়েকটি গল্প পড়েছি এবং বাতিল করেছি। কিন্তু ঠিক মনমতো গল্প পাচ্ছি না। তাই চূড়ান্তও করতে পারছি না।’ এ অভিনেতা আরও বলেন, ‘তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাব আশা করছি।
মাহফুজ আহমেদ এও জানিয়েছেন, নতুন এই ছবিটি পরিচালনা করবেন নিজেই। সেই সঙ্গে চেষ্টা করবেন অন্যরকম একটি ছবি নির্মাণের। সেভাবেই নিজেকে গুছিয়ে আনছেন তিনি।

অভিনেতা মাহফুজ আহমেদ ঈদুল আজহার আগে স্ত্রী ও সন্তানের সঙ্গে ছুটি কাটাতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। সেখানে প্রায় মাস খানেক থেকে ফিরেছেন সপ্তাহ দু-এক আগে। আর দেশে ফিরেই শুরু করেছেন ৪-৫টি ধারাবাহিকের কাজ। তবে এসব ধারাবাহিকে অভিনয় নয়, মাহফুজ আহমেদ করছেন প্রযোজনা। সবকিছু মিলিয়ে পুরো দস্তুর ব্যস্ত সময় পার করছেন এ অভিনেতা।