গল্প নির্বাচন, চিত্রনাট্য ও নির্মাণ সবই ছিল প্রশংসনীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলমণি নাটকের দৃশ্য
নীলমণি নাটকের দৃশ্য

আমরা এবারের আলোচনা শুরু করব রবীন্দ্রনাথের একটি নাটক দিয়ে। ৫ মে রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচারিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দিদি’ গল্প অবলম্বনে বিশেষ নাটক নীলমণি। সুমন আনোয়ারের নাট্যরূপ ও পরিচালনায় অভিনয় করেছেন রিচি সোলায়মান, রওনক হাসান, আহসান হাবিব নাসিম প্রমুখ।

বলার অপেক্ষা রাখে না, রবীন্দ্র ছোটগল্প সম্ভারের মাঝে অত্যন্ত আবেগপূর্ণ ও সাহসী একটি গল্প ‘দিদি’। দিদির ভূমিকায় চমৎকার অভিনয় করেছেন রিচি সোলায়মান। গল্পটিকে আমরা সাহসী বলেছি এ জন্য যে ঊনবিংশ শতাব্দীর সেই অনগ্রসর পটভূমিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে শশীকে (অর্থাৎ দিদি) দাঁড় করিয়েছিলেন তার কুচক্রী স্বামী জয় গোপালের বিরুদ্ধে। শশী শেষ পর্যন্ত বিজয়ী হয়েছে বটে, কিন্তু বিনিময়ে হারাতে হয়েছে তার জীবন। আর এখানেই গল্পটি ছুঁয়ে গেছে পাঠক ও দর্শক-হৃদয়।

নির্মাতা সুমন আনোয়ারের গল্প নির্বাচন, চিত্রনাট্য ও নির্মাণ সবই ছিল প্রশংসনীয়। বিশেষ করে গল্পের আবহ অনুযায়ী লোকেশন নির্বাচন, পোশাক, আসবাব—নাটকের এ বিষয়গুলো যেন গল্পটিকে জীবন্ত করে তুলেছে। তবে নির্মাতা সুমন আনোয়ার কিশোর নীলমণির নামানুসারে যে নাটকের নাম দিয়েছেন নীলমণি, এটি গ্রহণযোগ্য মনে হয়নি। কারণ, শশীর সাহসিকতা, সংগ্রাম ও আত্মত্যাগই গল্পের প্রাণ, কাজেই তিনি দিদি না দিয়ে শশীকেন্দ্রিক অন্য যেকোনো নাম দিলেও হয়তো তা গ্রহণযোগ্য হতে পারত।

৫ মে রাত ৯টা ১০ মিনিটে বিটিভিতে প্রচারিত হলো এ সপ্তাহের নাটক পিয়ারুলের জন্য ভালোবাসা। রচনা করেছেন নজরুল ইসলাম এবং প্রযোজনা করেছেন মো. মাহফুজার রহমান। সংক্ষেপে নাটকের গল্পটি হলো, রিকশাচালক বাবার সন্তান পিয়ারুলকে তার বাবা অনেক স্বপ্ন নিয়ে গ্রাম থেকে ঢাকায় এনে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ভর্তি করিয়ে দেয়। তারপর শুরু হয় নানা প্রতিকূলতা, ক্লাসে কিছু ধনী ঘরের সন্তান তাকে বয়কট করে, তাচ্ছিল্য করে, অন্যদিকে তার বাবার পক্ষে বেতনাদি পরিশোধও অসম্ভব হয়ে দাঁড়ায়। এর মাঝে সে পায় একজন শিক্ষকের সহানুভূতি ও কয়েকজন সহপাঠীর সাহচর্য। শেষে তার বাবা অসুস্থ হয়ে পড়লে পিয়ারুল নিজেই রিকশা চালানো শুরু করে। বিষয়টি তাদের ক্লাস ক্যাপ্টেনের মাধ্যমে জানাজানি হলে সবাই সহানুভূতিশীল ও আবেগপূর্ণ হয়ে ওঠে এবং শ্রেণিশিক্ষকের মাধ্যমে সবাই পিয়ারুলের পাশে এসে দাঁড়ায়। তাদের সহযোগিতার হাত বাড়ায়।

এককথায় বলা যায়, গল্পটি যতটা আবেগাক্রান্ত হয়েছে, ততটা বাস্তবনির্ভর হয়নি। পিয়ারুলের রিকশাচালক বাবা তার সাধ্যের মাঝে ছেলেকে অন্য স্কুলে ভর্তি করিয়েও স্বপ্ন দেখতে পারত। সেখানে পিয়ারুলের জীবনসংগ্রাম, অধ্যবসায় এসব দেখালে আরও বাস্তবানুগ মনে হতো। তবু বলব, গণমাধ্যমে প্রচারিত নাটক হিসেবে এর আলাদা একটি আবেদন ও তাৎপর্য ছিল। শ্রমজীবী ও সমাজের নিম্নস্তরের মানুষের প্রতি সহানুভূতি জাগরণের ক্ষেত্রে এ ধরনের গল্পের নাটক বিশেষ ভূমিকা পালন করতে পারে। নাটকে নির্মাতা খেলার মাঠের দৃশ্য যতটা বাস্তবসম্মত করতে পেরেছেন, ক্লাসরুমের দৃশ্যগুলো ততটা বাস্তবসম্মত করতে পারেননি। আর ছাত্রদের অভিনয়েও ছিল কিছুটা দুর্বলতার ছাপ। গল্পের ও নির্মাণের এসব দুর্বলতা কাটিয়ে উঠতে পারলে এ ধরনের নাটক প্রচারের উদ্দেশ্য হয়তো আরও সফল হতো।

৫ মে শনিবার রাত ১১টায় শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় এটিএন বাংলায় প্রচারিত হলো ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানটি। এবারের অতিথি ছিলেন ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও এপার বাংলার প্রতিশ্রুতিশীল চিত্রনায়ক আরিফিন শুভ। অতিথি নির্বাচনের গুরুত্ব এবং উপস্থাপক জয়ের সেন্স অব হিউমারের উচ্চতার কারণে এবারের অনুষ্ঠানটি হয়েছে বেশ তাৎপর্যপূর্ণ।

উপস্থাপক প্রথমে শুরু করেছেন আরিফিন শুভকে দিয়ে। শুরুতেই এর আগের একটি অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমণি সম্পর্কে শুভর একটি উক্তি নিয়ে বিচার-বিশ্লেষণ হয়। এরপর শুভর চলচ্চিত্রে আবির্ভাব ও অগ্রযাত্রা নিয়ে নানা প্রশ্ন করেছেন জয়, যা শুভ সম্পর্কে দর্শকের অনেক কৌতূহল নিবৃত্ত করবে আশা করা যায়। কিন্তু এবারের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ঋতুপর্ণা। দুই বাংলায় তাঁর অভিনয়, দুই বাংলার সিনেমাজগৎ সম্পর্কে তাঁর অভিমত, এসব সাধারণ প্রশ্নের মাঝে উপস্থাপক জয় দুটি তাৎপর্যপূর্ণ প্রসঙ্গ উত্থাপন করেন। জয় ঋতুপর্ণাকে বলেন, ‘অনেকেরই ধারণা, আপনার মাধ্যমেই বাংলাদেশের চলচ্চিত্রে অশ্লীলতার আবির্ভাব, এ ক্ষেত্রে আপনার বক্তব্য কী?’ ঋতুপর্ণা এটি অস্বীকার করেন, তিনি বলেন ‘এটি অশ্লীলতা নয়, সাহসিকতা।’ তাঁর বক্তব্যের মাঝে বলিষ্ঠতার অভাব দর্শক ঠিকই অনুধাবন করেন। জয়ের আরেক প্রশ্নের জবাবে ঋতুপর্ণা জানান, আমাদের দেশের নবীন শিল্পীদের মাঝে ইমন, নিরব, তিশা, অপি করিম, এঁদের তিনি চেনেন না। প্রত্যুত্তরে জয় জানান, ‘অথচ আমাদের শিল্পীরা কিন্তু সবাই ওপার বাংলার শিল্পীদের চেনেন।’

এমনি বেশ তাৎপর্যের পাশাপাশি কিছু মজাও ছিল। যেমন শুভর দূর থেকে বল দিয়ে জয়ের কপালে আঘাত করা, শেষ পর্যায়ে ঋতুপর্ণার কাছে জয়ের চুমু প্রার্থনা করা ইত্যাদি। আমরা আগেও বলেছি, অনুষ্ঠানটির সবচেয়ে বড় আকর্ষণ উপস্থাপক জয়ের বুদ্ধিমত্তা ও স্টাইল।