গল্প লিখে পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর ঘুরে আবারও শুরু হলো ‘তোমার গল্পে সবার ঈদ’ প্রতিযোগিতা। তরুণ লেখক তৈরির লক্ষ্যে এ আয়োজন করছে বৈশাখী টিভি ও আরএফএল-এর পণ্য ড্রিংকইট। এ প্রতিযোগিতায় অংশ নেওয়া সেরা পাঁচ গল্পকার পাবেন ৫০ হাজার টাকা পুরস্কার।
এ প্রতিযোগিতার বিস্তারিত জানাতে গতকাল বুধবার রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছিল সংবাদ সম্মেলনের। এতে উপস্থিত ছিলেন আরএফএল প্লাস্টিকস-এর প্রধান বিপণন কর্মকর্তা আরাফাতুর রহমান, পিআর প্রোডাকশনের প্রধান মাসুদুজ্জামান, মিডিয়া-প্রধান সুজন মাহমুদ ও বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান-প্রধান আহসান কবির।
অনুষ্ঠানে জানানো হয়, সারা দেশ থেকে পাওয়া গল্পগুলো থেকে নির্বাচিত সেরা পাঁচ গল্পকারের লেখা নিয়ে তৈরি হবে পাঁচটি হাসির নাটক। এগুলো নির্মাণ করবেন দেশের পাঁচ নাট্যনির্মাতা। নাটকগুলো প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায়।
আর গল্প বাছাইয়ের কাজটি করবেন লেখক সেলিনা হোসেন, ইমদাদুল হক মিলন ও আনিসুল হক।