গল্প হয়ে ওঠার অপেক্ষায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদুষী গিরিজা দেবী
বিদুষী গিরিজা দেবী

পাঠক, গত সপ্তাহে বলেছিলাম, ‘গল্পটি সুর ও তালের’। এ সপ্তাহেও বলব সেই একই গল্প। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে এবারের এই গল্পে-গানে থাকবে কত-না আয়োজন! কিন্তু না, গল্পের সবটুকু এখনই নয়! বরং আগেভাগে জানিয়ে রাখি, স্কয়ার নিবেদিত ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৩’ সম্পর্কে কিছু প্রাসঙ্গিক তথ্য:

আজ ২৮ নভেম্বর থেকে আগামী ১ ডিসেম্বর—চার দিনব্যাপী উচ্চাঙ্গসংগীতের এ আয়োজনের পর্দা উঠছে ঢাকার আর্মি স্টেডিয়ামে। প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে উৎসব শুরু হয়ে চলবে ভোর পর্যন্ত। উৎসবে সহায়তা দিচ্ছে ব্র্যাক ব্যাংক, প্রথম আলো, ডেইলি স্টার ও মাছরাঙা টেলিভিশন।

পণ্ডিত রাজন মিশ্র ও সাজন মিশ্র
পণ্ডিত রাজন মিশ্র ও সাজন মিশ্র



তো, আর কী লাগে...শিল্পীরা তো আসতে শুরু করেছেন; এখন পাঠক-দর্শক, অপেক্ষা কেবল আপনার জন্য। আচ্ছা, একটু দাঁড়ান, আপনি আজ উৎসবে আসার আগে জানিয়ে দিই, আজকের কয়েকজন শিল্পী সম্পর্কে। একপলকে তাঁদের সম্বন্ধে আলাদাভাবে জেনে নিলে আপনি যে ঠকবেন না—এ কথা বাজি ধরে বলতে পারি!

বিদুষী কৌশিকী চক্রবর্তী
পণ্ডিত অজয় চক্রবর্তীর মেয়ে বিদুষী কৌশিকী চক্রবর্তী গত বছর বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে এসে বলেছিলেন, ‘বাংলাদেশে গান গাইতে এসে ভীষণ ভালো লাগছে। এটি অনেক বড় একটি উৎসব। অনেক দিন ধরেই বাংলাদেশে আসার ইচ্ছা ছিল। এই উৎসব প্রতিবছরই করা দরকার।’

বিদুষী কৌশিকী চক্রবর্তী। ছবি: প্রথম আলো
বিদুষী কৌশিকী চক্রবর্তী। ছবি: প্রথম আলো

সেই ‘দরকার’-এর টানেই এবারে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের দ্বিতীয় আয়োজনে এসেছেন কৌশিকী। উৎসবের প্রথম দিনে আজ রাজধানীর আর্মি স্টেডিয়ামে কণ্ঠের মাধুর্য ছড়াবেন তিনি। আজ হয়তো তিনি কেবল শুদ্ধ উচ্চাঙ্গসংগীতের আভায় বশ করবেন সবাইকে।

পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার
‘আমি দিনে ছয় থেকে আট ঘণ্টা রেওয়াজ করতাম। তবে এমন একটা প্রক্রিয়া নিজের মধ্যে আয়ত্ত করেছি যে যখন রেওয়াজ করি না, তখনো সংগীতচিন্তার মধ্যেই ডুবে থাকি।’ —মাইহার ঘরানার শিল্পী সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের কথা এটি। গত বছর এক সাক্ষাৎকারে কথাগুলো বলেছিলেন তিনি। ওস্তাদ আলাউদ্দিন খাঁর ছেলে ওস্তাদ আলী আকবর খাঁর কাছে সরোদের তালিম নেওয়া এই মানুষ আজ আবার সুরঝংকার তুলবেন সরোদে। তাঁর সুরের মৌতাতে মুখরিত হবে রাত।

পণ্ডিত রাজন মিশ্র ও সাজন মিশ্র

পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার
পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার

তাঁদের সম্পর্কে একবাক্যে বলা যায়, তাঁরা দুই ভাই, ভাসেন গানের খেয়ায়। বলছি পণ্ডিত রাজন মিশ্র ও সাজন মিশ্রের কথা। বেনারস ঘরানার খেয়ালিয়া পণ্ডিত এই দুই সহোদর। গত বছর বেঙ্গলের উৎসবে এ দুই ভাইয়ের যুগল পরিবেশনায় দারুণ মজেছিলেন সবাই।
সেদিন রাজন ও সাজন শুরু করেছিলেন নায়কি কানাড়া রাগ দিয়ে। আজ উৎসবের প্রথম রাতেও দর্শক, আবার আপনার মুখোমুখি তাঁরা। এই সহোদরেরা আজ কোন রাগে সুরের ঝড় তুলবেন, জানতে হলে অবশ্যই আর্মি স্টেডিয়ামে হাজির হতে হবে আপনাকে।

বিদুষী গিরিজা দেবী
তাঁকে বলা হয় ঠুমরির জীবন্ত কিংবদন্তি। তিনি পূরব অঙ্গের গায়কিপরম্পরার একমাত্র জীবিত শিল্পী। হ্যাঁ, আপনার অনুমান সঠিক—বিদুষী গিরিজা দেবীর কথা বলছি। আপনি নিশ্চয় সামনাসামনি বসে তাঁর ঠুমরির বোল শুনতে চান। আজ তিনি বাংলাদেশে রয়েছেন কেবল আপনার জন্যই।