গল্পটা আশার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুৎফুন্নাহার আশা, ছবি: আনন্দ
লুৎফুন্নাহার আশা, ছবি: আনন্দ

‘অভিনয়ের বাইরে আমার কিন্তু একটা দারুণ স্বপ্ন আছে, আমি চকলেটের বিজনেস করব।’

কথার পিঠে জিজ্ঞেস করি, এত ব্যবসা থাকতে চকলেট কেন? ওর সলজ্জ উত্তর, ‘চকলেট আমার ভীষণ প্রিয়, বিজনেস করব আর চকলেট খাব।’

কথাগুলো শুনতে অনেকটা বাচ্চাদের মতো শোনালেও লুৎফুন্নাহার আশা কিন্তু মোটেও বাচ্চা নন। অনেকটা সহজ-সরল, লাজুক স্বভাবের লুৎফুন্নাহার আশাকে এখন মিডিয়ার অনেকেই চেনেন আজমেরি আশা নামে। ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ বিজ্ঞাপনে অভিনয় করে এই মডেল অভিনেত্রী বেশ আলোচনায় এসেছেন। যখন তাঁর সঙ্গে কথা হচ্ছিল, তখন ক্লোজআপ প্রসঙ্গ টানতেই সরল মুখটায় যেন খুশির ঝলক!

‘ক্লোজআপের টিভিসি করার পর আমি মোবাইল, ফেসবুক আর সরাসরি এত প্রশংসা পেয়েছি মানুষের কাছ থেকে, যা আমার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। এর জন্য আমি বিজ্ঞাপনটির নির্মাতা থেকে শুরু করে পুরো ইউনিটকে ধন্যবাদ জানাতে চাই। টানা তিন দিন ধরে চলা এ বিজ্ঞাপনের শুটিংয়ের প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।’ উচ্ছ্বাসে ভেসে যাওয়া কথাগুলো শুনে হয়তো মনে হতে পারে, এটিই আশা অভিনীত প্রথম কোনো বিজ্ঞাপন, কিন্তু মোটেও তা নয়। অনেকগুলো ফ্যাশন হাউসের মডেল হওয়ার পাশাপাশি আশা কাজ করেছেন আরও কিছু বিজ্ঞাপন চিত্রে। অবশ্য এর আগেই তিনি ‘ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১২’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে মিডিয়ায় নিজেকে একজন সম্ভাবনাময়ী হিসেবে তুলে ধরেন।

চ্যানেল আইতে প্রচারিত টেলিফিল্ম দ্বিতীয় মাত্রায় অভিনয়ের মাধ্যমে টিভি নাটকে তাঁর কাজের শুরু। অভিনয়ে সংখ্যার আধিক্যের চেয়ে গুণগত মানকে প্রাধান্য দেওয়ার নীতিতে বিশ্বাসী আশা এরই মধ্যে কাজ করেছেন সিনেমায়। তাঁর অভিনীত বেশ কিছু নাটক আলোচনায় এসেছে। অথচ টিভি পর্দায় নাকি নিজেকে দেখার তেমন একটা ইচ্ছা ছিল না তাঁর। তাহলে কি কেউ জোর করেই অভিনয়ে নামিয়ে দিল? এমন প্রশ্নে তাঁর স্বভাবসুলভ হাসি, ‘আসলে তেমন কিছুই না। এইচএসসি পরীক্ষার পর খুব অলস সময় পার করছিলাম। অনেকটা শখের বসেই ফটোগ্রাফার রফিকুল ইসলামের কাছে কিছু ছবি তুললাম। সে ছবি ফেসবুকে আপলোড করার পরই আমার জীবনের রং দ্রুত বদলে যেতে শুরু করল। অনেকগুলো ধাপ পেরিয়েই আমার অভিনেত্রী হওয়া। মজার কথা হলো, অভিনয় করাটাকে এখন দারুণ উপভোগ করছি, অনেকগুলো নাটক-সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও ফিরিয়ে দিচ্ছি সবিনয়ে, আমি আসলে রাতারাতি তারকা বনে যেতে চাই না।’

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়া আশা এবং মডেল অভিনেত্রী পিয়া বিপাশা আপন দুই বোন। বাবা ব্যবসায়ী, মা গৃহিণী। দুই বোন এক ভাইয়ের ছোট্ট পরিবারে আশা সবার বড়।

সাক্ষাৎকারের পরের সময়টুকু আশা ভরিয়ে তোলেন পরিবারের গল্প দিয়ে। ছোটবেলায় চিকিৎসক হওয়ার ইচ্ছা পূর্ণ করতে কীভাবে ছোট বোন পিয়াকে রোগী বানিয়ে চিকিৎসা করতেন, সে গল্প যেমন আছে, তেমনি আছে ছোট বোনের কাছে সব সময় পরাস্ত হওয়ার গল্পও। ‘আমি খুব সহজ-সরল ছিলাম। ও আমাকে মারত আর নিজে নিজেকে খামচি দিয়ে আম্মুর কাছে গিয়ে আমার বিরুদ্ধে নালিশ করে আমাকে মার খাওয়াত, এমনি ফাজিল ছিল সে!’ পিয়া সম্পর্কে কথাগুলো বলতে গিয়ে যেন আমাকেই নালিশ দিয়ে বসলেন।

মডেল অভিনেত্রী মৌ, জয়া আহসান আর তারিন তাঁর পছন্দের অভিনেত্রী হলেও আশা স্বপ্ন দেখেন একদিন বরফি ছবির প্রিয়াঙ্কা চোপড়া কিংবা ব্ল্যাক ছবির রানি মুখার্জি বনে যাবেন। সে উদ্দেশ্যকে সামনে রেখেই তাঁর এগিয়ে চলা...