গল্পটা তাঁদের দুজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৈতি আর অরিন—দুই গানের পাখি। শিকড় চাটগাঁ হলেও ব্যাপ্তি বহু দূর। সেরাকণ্ঠের চৈতি মুৎসুদ্দি আর ক্লোজআপ ওয়ানের তাসনিমা চৌধুরী (অরিন) এখন শ্রোতাদের প্রিয়মুখ। সংগীত জগতের বাঘা বাঘা গাইয়েদের ভিড়ে পোক্ত অবস্থান তাঁদের। দুজনের বেশ মিলও। কথা বলার ভঙ্গি, বেড়ে ওঠার গল্প, তারকাখ্যাতি—সবকিছু যেন এক ছাঁচে ফেলা। এ জন্যই হয়তো তাঁদের বন্ধুতার বন্ধনও অন্য রকম। প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে এই দুই শিল্পীর আড্ডার প্রতিটি ক্ষণ ছিল হাসি-ঠাট্টা আর খুনসুটিতে প্রাণবন্ত।প্রথমেই কাজের কথা, একক অ্যালবামের কাজ কত দূর এগোল? শুরুতেই অরিনের আক্ষেপ। বললেন, ‘আশা ছিল, ভালোবাসা দিবসে একক অ্যালবামের কাজটা সেরে ফেলব, কিন্তু বাদ সাধল পরীক্ষা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ফাইনাল দিচ্ছি। তাই প্রস্তুতির ডামাডোলে কিছুটা চাপা পড়ল গান। অবশ্য ইতিমধ্যে অয়ন চাকলাদার ও আহমেদ নেওয়াজের সুরে দুটি গান—“সুখের সীমানা” ও “বৃষ্টি” রেকর্ডিং হয়েছে। তবে লক্ষ্য আছে এ বছরের মধ্যেই অ্যালবামের কাজ শেষ করব।’ এতক্ষণ মুগ্ধ শ্রোতা চৈতি এবার মুখ খুললেন। জানালেন, আটঘাট বেঁধে নেমেছেন এবার। কারণ, ইউএসটিসির (বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগ থেকে পড়ার পাট চুকিয়েছেন। এখন ডুবে থাকবেন গানের মধ্যেই। ‘আমারও ইচ্ছে এ বছরের মধ্যে অ্যালবামের কাজ শেষ করব। এর মধ্যে শফিক তুহিনের কথা ও সুরে “কী যে হতে” গানটি রেকর্ডিংও হয়েছে। মনে হচ্ছে ২০১৩-তেই পারব।’ বললেন চৈতি।তবে একক অ্যালবাম না হলেও দুজনের মিশ্র ও দ্বৈত অ্যালবামের সংখ্যা কম নয়—চৈতির আটটি, অরিনের ১২টি। ভালোবাসা দিবসেও দুজন গান করেছেন চারটি অ্যালবামে। এর মধ্যে দুজনে একসঙ্গে ছিলেন আবিদ রনির ফিচারিংয়ে ওয়াহাব মাহমুদের অ্যালবামে দ্বৈত গানে। এ ছাড়া চৈতি গান করেছেন ইবরার টিপুর সঙ্গে লাভ ডুয়েট আর অরিন করেছেন অয়ন চাকলাদারের হয়তো বা ভালোবাসা অ্যালবামে। তবে অয়ন চাকলাদারের অ্যালবামটি এখনো প্রকাশিত হয়নি।অরিনের কণ্ঠে ‘এর বেশি ভালোবাসা যায় না’ আর চৈতির ‘কাগজের নৌকা’-এর পর নতুন কোনো গান কি শ্রোতাদের মন কেড়ে নিয়েছে? অরিন বললেন, ‘এখন ইলিয়াস হোসেনের সঙ্গে করা “না বলা কথা” গানটি বেশ সাড়া জাগিয়েছে। এটি ইতিমধ্যে মেরিল-প্রথম আলো পুরস্কারের জন্য মনোনয়নও পেয়েছে। এ ছাড়া ক্রিকেট বিশ্বকাপের সময় “জয় করবে বাংলাদেশ” গানটিও পেয়েছিল দর্শকপ্রিয়তা।’ আর চৈতির ইবরার টিপুর অ্যালবামে করা ‘তোমার মাঝে আমি বিলীন’ গানটি অল্প সময়ের মধ্যে শ্রোতাদের মন জয় করেছে। কথার ফাঁকে দুজনের খুনসুটিও চলছিল সমানে। ‘তুই এটা আমাকে জানাসনি কেন...।’ ‘বললাম ফোন করতে, আর তুই...।’ এ রকম অসংখ্য ঠোকাঠুকি। বুঝলাম বন্ধনটা বেশ সুদৃঢ়। কীভাবে হলো? দুজনের পড়াশোনা তো দুই জায়গায়। একসঙ্গে উত্তর ‘গান গড়ে দিয়েছে সখ্য’। চৈতি বললেন, ‘অনেক ক্ষেত্রে আমাদের দুজনের মিল আছে। আমার প্রিয় শিল্পী রুনা লায়লা ও শ্রেয়া ঘোষাল। অরিনেরও একই। আবার নতুন গান করলে একে অপরকে শোনাই। মতামত নিই। তা ছাড়া দুজনের পরিবারে সংগীতের একটা আবহ আছে। তাই যোগাযোগটা থাকে সব সময়।’ মাথা নেড়ে চৈতির কথায় সায় দিয়ে যান অরিন। প্রকৌশল বিদ্যার ছাত্রী চৈতি আর ব্যবসায় অনুষদের অরিন। তাহলে শেষ পর্যন্ত গানের কী হবে? এ ব্যাপারেও দুজন একমত। গান সারা জীবন থাকবে, তবে ভবিষ্যতে পেশা হিসেবে নয়। পড়াশোনা অনুযায়ী পেশা বেছে নিয়ে গান থাকবে পাশাপাশি। অবশ্য শিগগির দুজনেই চট্টগ্রাম ছাড়ছেন। তাঁদের মতে, নিজেদের ক্ষেত্র প্রসারিত করতে ঢাকার কোনো বিকল্প নেই। কারণ, সবকিছু ঢাকাকেন্দ্রিক। কথায় কিছুটা ক্ষোভও ঝরে পড়ল দুজনের। চৈতি বললেন, ‘প্রায় সময় শুনি, “তোমাকে দিয়ে গানটি করানোর ইচ্ছে ছিল কিন্তু তুমি তো চট্টগ্রামে থাকো তাই পারলাম না। ঢাকায় এলে যোগাযোগ করবে।”’ ‘গিয়ে যখন যোগাযোগ করি তখন বলে, “এখন তো কোনো কাজ নেই”।’ যোগ করলেন অরিন।ভালোবাসা দিবসে গান হলো। মনের খবর কেউ রাখে? অরিন অবশ্য সে সুযোগ দিয়ে দিয়েছেন মুঠোফোন কোম্পানির কর্মকর্তা তানভীর হাসানকে। আক্দ হয়েছে। বিবাহোত্তর সংবর্ধনাটা বাকি। চৈতির দিকে মুখ ফেরাতেই সোজাসুজি উত্তর, ‘এখন ভাবছি না এসব নিয়ে। আগে নিজেকে স্বপ্নের জায়গায় দেখতে চাই।’