গল্পটাও যদি একটু হিরো হতো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

চলচ্চিত্র সমালোচনা

ঈদে মুক্তি পেয়েছে পাঁচটি চলচ্চিত্র চিটাগাইঙঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া, সুপার হিরো, পাংকু জামাই, পোড়ামন ২ ও কমলা রকেট। পাঁচটি ছবির জোরেই খুলেছে বেশ কিছু নতুন সিনেমা হলও। ছবি দেখতে দর্শক সমাগমও কম নয়। কিন্তু সমালোচকেরা কী বলেন? গত সপ্তাহে পোড়ামন ২ ও কমলা রকেট-এর সমালোচনার পর আজ ছাপা হলো বাকি তিনটি ঈদের চলচ্চিত্রের সমালোচনা।

সুপার হিরো ছবিতে শাকিব খান
সুপার হিরো ছবিতে শাকিব খান

এই ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ছবি সুপার হিরো। পরিচালক আশিকুর রহমান ও তাঁর টিমের অনেক পরিশ্রমের ফসল; যা পর্দায় চোখে পড়ে। নায়ক শাকিব খান, নায়িকা বুবলী, তারিক আনাম খানসহ অন্য সব অভিনেতাও পরিশ্রম করেছেন প্রচুর, দেখলেই বোঝা যায়। সীমিত বাজেটের মধ্যে সৎ প্রচেষ্টা। শুধু গল্প তৈরি এবং গল্প বলায় যদি একটু মুনশিয়ানা থাকত, তাহলেই হয়ে যেত...!

জন্‌রা বিবেচনায় ছবিটিকে যদি অ্যাকশন-মিস্ট্রি-রোমান্সের মিক্সড জন্‌রায় ফেলি, তাহলে কোনো জন্‌রা’র প্রতিই সুবিচার করা হয়নি বলতেই হবে। চিত্রনাট্যের এই দুর্বলতায় ভুগেছে ছবিটি সারাক্ষণ। সিনেমা শুরু হয় অপহরণকারীদের কবজা থেকে বিশিষ্ট বিজ্ঞানী খলিল সাহেবরূপী তারিক আনাম খানকে উদ্ধারে স্পেশাল ফোর্সের অফিসার সামির (শাকিব খান) অ্যাকশন দিয়ে। মিশন শেষে সামি ট্রেনিংয়ের জন্য অস্ট্রেলিয়া যান। সেখানে দেখা হয় সীমারূপী বুবলীর সঙ্গে। একে একে সব চরিত্রের অবতারণা হয়। কিন্তু ছবির আসল সংকটটা (ক্রাইসিস বা কনফ্লিক্ট) কী, সেটি বোঝা যায় না তখনো। সামি কী চায়, উদ্দেশ্য কী এই চরিত্রের—কিছুই বুঝতে পারি না। সামি-সীমার রোমান্স শুরু হয়। সীমার চাতুরীতে সামি খলিল সাহেবকে সিকিউরিটি দিতে রাজি হয়। কিন্তু তাকে কেউ হত্যা করে যায়, তখনো বোঝানো হয় না যে আসল সংকটটা কী?

ছবির মধ্যবিরতির আগে একটা ধারণা পাওয়া যায় যে মৃত খলিল সাহেবের ল্যাপটপ, যার ভেতরে মিসাইলের ফর্মুলা আছে, সেটিকে ঘিরে গল্প এগোবে। মধ্যবিরতির আগে আমরা প্রথম একজন অ্যান্টাগনিস্ট (ভিলেইন) পাই—খলিল সাহেবের স্ত্রী। অপেক্ষায় থাকি সংকট আরও দানা বাঁধবে। চরম বিপর্যয়ের আশঙ্কা তৈরি হবে; যা হওয়া উচিত ছবির দ্বিতীয় অঙ্কের মধ্যেই। কিন্তু তা হয় না। জুনায়েদরূপী টাইগার রবি এসে অন্য প্লটে খেলতে থাকেন। সংকটটি আগের জায়গায়ই রয়ে যায়, এগোয় না। অবশেষে সেই ভয়ংকর সংকটটি আসে সিনেমার শেষ দিকে। ফলে ক্লাইম্যাক্স দৃশ্য তার কাঙ্ক্ষিত উত্তেজনা তৈরিতে ব্যর্থ হয়। তখন পরিচালনা, অভিনয় আর দৃশ্যকল্পের গিমিক ছাড়িয়ে চোখে পড়ে দুর্বল ভিএফএক্স, অপর্যাপ্ত অ্যাকশন, আর ঘটনাপরম্পরার অযৌক্তিকতা। রহস্যের গল্পে ‘পেছনে কে?’ বা ‘মূল হোতা’ নিয়ে রহস্য করা যায়; কিন্তু গল্পে ‘আসল সংকট কী?’ তা নিয়ে রহস্য করা কি ঠিক?

একটি সাবপ্লট খুব সুন্দর লেগেছে। সামি আর তার বাবার গল্প। যদিও সেখানেও চিত্রনাট্যের দুর্বলতা আছে, তবুও আইডিয়াটা সুন্দর। সামির বাবা যৌবনে ভয়ে পুলিশের চাকরি ছেড়েছিলেন। সেই আত্মগ্লানিতে ভুগেছেন সারা জীবন। তাঁর মনের ইচ্ছা ছেলে তাঁর মতো ভীতু হবে না। তাই সামির দুঃসাহসী সব অপারেশন (লাইভ!) টিভিতে দেখেন। ছেলের সাহস নিয়ে গর্ব করেন। একদিন ছেলের পথে বাধা হয়ে না দাঁড়াতে নিজের জীবন দেন (আত্মহত্যা ভালো লাগেনি)। সুন্দর। কিন্তু চিত্রনাট্যের কারণে বিষয়গুলো সেভাবে মনে দাগ কাটেনি।

অভিনয়ে শাকিব খান আর তারিক আনাম ছিলেন সাবলীল। বুবলী উতরে গেছেন। টাইগার রবিও ভালো করেছেন। যমুনা ব্লকবাস্টার হলের প্রজেকশন বিবেচনায় নিয়ে বলতে হয়, আরও ভালো ক্যামেরায় শুট করলে বোধ হয় আরও ভালো হতো। অ্যাকশন ইউনিট আপ টু দ্য মার্ক কাজ করতে পারেনি। লজিস্টিকসে ছেলেমানুষি আয়োজন চোখে পড়েছে। বোমা এবং বোমার তার দৃষ্টিকটু ঠেকেছে। অনেক দৃশ্য ব্লু ম্যাটে শুটিং করা হয়েছে, ভিএফএক্স দুর্বলতায় সেটা ধরা পড়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে অস্ট্রেলিয়া, কিন্তু ঘরের জানালার পর্দা ঢাকার। আমার মনে হয় দর্শকেরাও সেটা ধরতে পেরেছেন।

পরিশেষে বলতে হয়, শাকিব খানের সিনেমা বলেই কোনোমতে গল্প বলে পার পাওয়া বোধ হয় যাবে না। সুপার হিরো কাস্ট হলে, গল্পটা এবং গল্প বলাও হতে হবে সুপার হিরো।

লেখক: নাটক ও চলচ্চিত্র নির্মাতা