
৫ নম্বর গ্যালারি ছবির ফ্রেমে সয়লাব। দেয়ালজুড়ে অসংখ্য গল্প। একটি গল্পের মুখোমুখি দাঁড়ানোর অনুভূতি বদলে যায় এক পা সরলেই। সেখানে তৈরি হয় নতুন বোধ। গ্যালারিরও রয়েছে একটি সীমানাপ্রাচীর। সেটার ওপারেও গল্প। তাতে খানিকটা ভিন্ন স্বর, ভিন্ন কারুকাজ। ফ্রেমগুলোতে ঝুলছে বিশ্বভারতীর ছাপচিত্র বিভাগের শিক্ষক-শিক্ষার্থীর ছাপচিত্রের কাজ। সীমানাপ্রাচীরের আরেক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র বিভাগের শিক্ষক-শিক্ষার্থীর চিত্রকর্ম। সেসবের ভেতরেই শিল্পী মোহাম্মদ ফকরুল ইসলাম মজুমদারের উডকাঠের কাজ। তাতে যেন তারই মুখচ্ছবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র বিভাগের এই শিক্ষার্থীকে নিয়ে এগিয়ে যাই বিশ্বভারতীর এচিংয়ের শিক্ষার্থী মাধবী জাওয়ালির দিকে। হিন্দিতে তিনি জানান, প্রথমবারের মতো বাইরের কোনো প্রদর্শনীতে তাঁর ছবি স্থান পেয়েছে। ভালো লাগছে তাঁর। এমন অনেক কিছুই তিনি দেখছেন যা তাঁদের ওখানে করানো হয় না।
গতকাল বুধবার বিকেলে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধন করা হয় দুই বাংলার শিল্পীদের প্রদর্শনী ‘মৈত্রী’। শিল্পকলা একাডেমী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র বিভাগ এবং বিশ্বভারতীর ছাপচিত্র বিভাগের যৌথ আয়োজনে এই অভিজ্ঞতা-বিনিময়মূলক ছাপচিত্র প্রদর্শনী। এর আগে একই ধরনের একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল বিশ্বভারতীতে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ছাপচিত্র বিভাগের শিক্ষক রোকেয়া সুলতানা, বিশ্বভারতীর ছাপচিত্রের অধ্যাপক অজিত শীল, শিল্পী মনিরুল ইসলাম, সৈয়দ আবুল বারক আলভী। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশের শিল্পীদের ৪২টি এবং ভারতের শিল্পীদের ৩৫টি চিত্রকর্ম। ২৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এগুলো দেখে আসা যাবে।