গাজী রাকায়েত দুই বছর পর আবারও একটি নাটকের নির্দেশনা দিচ্ছেন। নাম জন্মসূত্র। তিনিই লিখেছেন নাটকটি। আজ তাঁর সাক্ষাৎকার।‘জন্মসূত্র’ নাটকটি মঞ্চে আনার আগ্রহ হলো কীভাবে?এই নাটকটি থিয়েটার (আরামবাগ) মঞ্চে আনছে। এই দলের বলদ নাটকটিও আমার লেখা ছিল। এটি মুহম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে লেখা। নির্দেশনা দিয়েছিলেন খ ম হারুন। এ বছরের প্রথম দিকে থিয়েটার (আরামবাগ) থেকে একটি নাটকের নির্দেশনা দেওয়ার জন্য আমাকে বলা হয়। তখন থেকেই এ কাজটি করার প্রস্তুতি নিই। থিয়েটারে তো এখন মৌলিক নাটক খুব কমই লেখা হচ্ছে। ফলে আমি জন্মসূত্র নাটকটি নিজেই লিখে নির্দেশনা দিচ্ছি।এই নাটকটি কেন বেছে নিলেন?আসলে এই নাটকের গল্পটি থিয়েটারকেন্দ্রিক বলেই মঞ্চে আনার জন্য বেছে নিই। নাটকের গল্পটা কীভাবে এসেছে?নাটকে দুটি সময়কে ধরে করা হয়েছে। একটি ব্রিটিশ আমল, আরেকটি বর্তমান সময়। জন্মের পর থেকে মানুষে মানুষে ভেদাভেদ শুরু হয়েছে। দুনিয়াজুড়ে জাতিতে জাতিতে বৈষম্য সৃষ্টি হয়ে আসছে। বর্তমান সময়ে তা প্রকট আকার ধারণ করেছে। পৃথিবী আজ ধ্বংসের মুখোমুখি। নাটকটিতে ধর্ম-বর্ণ ভেদাভেদ দূর করে প্রতিটি মানুষের মধ্যে সত্যিকারের যে একজন মানুষ আছে, তা বের করে আনার চেষ্টা রয়েছে—গল্পটা এমনই। নাটকটি পরিবেশনে মঞ্চে কোনো ভিন্নতা থাকছে কি?আমাদের এখানে মঞ্চনাটকগুলো সচরাচর যে ধরনের হয়, তা থেকে নাটকটি মঞ্চে আনার বিষয়ে একটু ভিন্নতা আছে। সাধারণত পরীক্ষণ থিয়েটার হলে নাটকগুলো হয় অ্যারিনা কিংবা মঞ্চনাটক আকারে। কিন্তু এই নাটকের বেলায় মঞ্চ থেকে দর্শককে দুই ভাগ করা হয়েছে। পুরো নাটকটিই মিউজিক্যাল। নাটকটির আঙ্গিকটাকে পরীক্ষামূলকভাবে করা হচ্ছে। নাটকটি মঞ্চে আসার পরে থিয়েটারে একটা নতুন মাত্রা যোগ হবে বলে আমার বিশ্বাস। কবে নাগাদ নাটকটি মঞ্চে উঠবে?পাঁচ-ছয় মাস ধরে নাটকটির মহড়া চলছে। এ ছাড়া নাটকটির সদস্যও প্রায় ৪০ জন। অনেক বড় পরিসরের নাটক এটি। তাই সময়ও একটু বেশি লাগছে। আশা করছি, আগামী ২৩ সেপ্টেম্বর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী করতে পারব।নিজ দল নাগরিক নাট্যসম্প্রদায়ের বাইরে নাটক নির্দেশনায় বেশি দেখা যায় আপনাকে, কেন?নাগরিক নাট্যসম্প্রদায়ের আতাউর রহমান, আলী যাকের—তাঁরা এখনো নির্দেশনা দিচ্ছেন। কেননা তাঁরা এখনো মঞ্চে সমান যোগ্যতা নিয়ে নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এ ছাড়া আরও বেশ কয়েকজন দলে নির্দেশনা দিচ্ছেন। ফলে পর্যায়ক্রমে আমাদের পর্যন্ত আসতেও তো সময় লাগে। আমার সময় হলে ঠিকই দলের হয়ে নিয়মিতই নির্দেশনা দিতে পারব। এর আগে আমি মৃত্যু সংবাদ নামের একটি নাটকের নির্দেশনা দিয়েছি। বাইরে নির্দেশনার সুযোগ আছে বলেই তো নির্দেশনা দিচ্ছি। একটা চর্চার মধ্যে থাকা হচ্ছে। নির্দেশনায় কি নিয়মিত হবেন?জন্মসূত্র নাটকটি আমার ষষ্ঠ নির্দেশনা। এর আগে নির্দেশনায় নিয়মিতই ছিলাম। নিজের দল না হলেও বাইরের দলের হয়ে কাজটি নিয়মিতই করে গেছি। মাঝখানে দুই বছর কাজ করা হয়নি। এখন থেকে বছরে দুটি নাটকের কাজ করব। একটি চারুনীড়ম থেকে, আরেকটি বাইরের যেকোনো দল থেকে নির্দেশনা দেব। ২০১১ সালে চারুনীড়ম থেকে কহর নামে একটি নাটকের নির্দেশনা দেব। এটি এখন চূড়ান্ত।