অপেক্ষা আর মাত্র কয়েক দিন—তারপর ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব-২০১৩’। চার দিনের এ উৎসবে সুর-তাল-ছন্দের মূর্ছনায় আসর মোহিত করবেন উপমহাদেশের গুণী শিল্পীরা। সুর-ছন্দে জমে উঠবে অনেক বর্ণিল গল্প...

পাঠক, গল্পটি সুরের, গল্পটি তালের—তালে-সুরে-নৃত্যছন্দে এ গল্প জমে উঠবে এ মাসের ২৮ থেকে ডিসেম্বরের ১ তারিখ—এই চার রাত অবধি। আপনি যদি বিদুষী গিরিজা দেবীর ঠুমরির সুমিষ্ট বোল এখনো না শুনে থাকেন, তবে আপনার জন্য রয়েছে ২৮ নভেম্বরের রাত। এ রাতে গিরিজা দেবীর ঠুমরির ইন্দ্রজালে মাতোয়ারা হবে ঢাকার আর্মি স্টেডিয়াম। আবার পণ্ডিত অজয় চক্রবর্তী, ওস্তাদ রশিদ খান, পণ্ডিত সাজন মিশ্র ও রাজন মিশ্রের সংগীতধ্বনি আপনাকে মোহিত করতে পারে চার রজনীর কোনো এক রাতে।
আর এ গল্পের শুরু হবে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব-২০১৩’-এর মাধ্যমে। ঢাকার আর্মি স্টেডিয়ামে চার দিনব্যাপী এ উৎসবে বাংলাদেশের গুণী শিল্পীদের পাশাপাশি ভারত ও পাকিস্তান থেকে আসছেন বিখ্যাত সংগীতজ্ঞরা। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই উৎসব এবার উৎসর্গ করা হয়েছে অধ্যাপক আবদুর রাজ্জাককে। জানা গেছে, এ বছর উৎসবে প্রায় ৫০ জন সংগীতজ্ঞ অংশগ্রহণ করবেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিদুষী গিরিজা দেবী, পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, ওস্তাদ রশিদ খান, বিদুষী কৌশীকি চক্রবর্তী ও পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত রাজন ও সাজন মিশ্র, পণ্ডিত উলহাস কশলকার, পণ্ডিত তেজেন মজুমদার, পণ্ডিত উদয় ভাওয়ালকার, পণ্ডিত পূর্বায়ণ চ্যাটার্জি, বিদুষী আলারমেল ভাল্লি। এই শিল্পীরা প্রথম উৎসবেও আসর মাতিয়ে ছিলেন।


এদিকে এবারের উৎসবে নতুন যাঁরা গান ও বাদনের মায়াজাল ছড়িয়ে কিংবা নৃত্যের বিভায় সবাইকে মুগ্ধ করবেন, তাঁদের মধ্যে রয়েছেন ওস্তাদ রইস খান (সেতার), বিদুষী বম্বে জয়শ্রী (কর্ণাটকসংগীত), বিদুষী পদ্মা তলওয়ালকার ও বেগম পারভিন সুলতানা (খেয়াল), বিশাল কৃষ্ণ (কত্থক নৃত্য), ওস্তাদ বাহাউদ্দিন ডাগর (রুদ্র বীণা) ও পণ্ডিত স্বপন চৌধুরী (তবলা)।
অন্যদিকে বাংলাদেশের শিল্পীদের মধ্যে আছেন কণ্ঠসংগীতে অসিত দে, মণিপুরি নাচে তামান্না রহমান ও তাঁর দল, সেতারে রিনাত ফৌজিয়া ও তবলায় ইফতেখার আলম প্রধান, গৌতম সরকার, স্বরূপ হোসেন। তা ছাড়া মো. জাকির দলীয় বাদন পরিবেশন করবেন।
উৎসবের চার দিন বিকেল সাড়ে চারটা থেকে আয়োজন শুরু হয়ে চলবে ভোর পর্যন্ত। যাতায়াতের জন্য থাকছে পরিবহনের সুব্যবস্থা। উৎসবে অংশ নেওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া শেষ। ৪১ হাজার ৩৪২ জন মানুষ নিবন্ধন করেছেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। এই পুরো আয়োজনে সহায়তা করছে প্রথম আলো, ডেইলি স্টার ও মাছরাঙা টেলিভিশন।
পাঠক, আপনি যদি বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে দেখুন www.bengalfoundation.org এবং www.facebook.com/bfmusicfest এ ছাড়া যেকোনো সাহায্যের জন্য ফোনও করতে পারেন ০১৬১৬১১১৮৮৮ নম্বরে।
এখন কেবল সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার, আপনার ঘরের দুয়ারে সুর-তাল ও নৃত্যের ঝংকারে যে গল্পের জন্ম হবে চার রাত ধরে, আপনি কি নিজে সেই গল্পের একজন হয়ে উঠবেন? গিরিজা দেবী, অজয় চক্রবর্তী কিংবা রশিদ খানেরা আপনাকে কিন্তু ডাকছেন...।