বলিউড তোলপাড় করা প্রেমকাহিনির কথা বলতে গেলে সবার আগেই আসে দিলীপ কুমার-মধুবালার গল্প। তাঁদের গল্পে প্রেম ছিল, বিরহ ছিল, ছিল অভিমান আর সবশেষ বিচ্ছেদ। কিন্তু গল্পে শুধু এ দুজনই ছিলেন না, ছিল আরও এক চরিত্র। তাঁর নাম কিশোর কুমার। দিলীপ কুমার-মধুবালার প্রেমকাহিনির আড়ালে তাঁর গল্পটা যেন হারিয়েই গেছে। কিশোর কুমারের জন্মবার্ষিকী স্মরণে শোনা যাক কিশোর কুমার ও মধুবালার সেই প্রেমোপাখ্যান

মধুবালাকে ভালোবেসে বিয়ে করেছিলেন কিশোর কুমার। প্রথম স্ত্রী রুমা গুহঠাকুরতার সঙ্গে তাঁর আট বছরের সংসার শেষ হয় ১৯৫৮ সালে। ক্যারিয়ার আর কলকাতার এক চিত্রনির্মাতার প্রেমের টানে কিশোর কুমারকে ছেড়ে যান রুমা। এর পরপরই কিশোর কুমার প্রেমে পড়েন সে সময়কার সবচেয়ে কাঙ্ক্ষিত অভিনেত্রী মধুবালার। তবে মধুবালা সে সময় হাবুডুবু খাচ্ছিলেন দিলীপ কুমারের প্রেমে। আর মধুবালা-দিলীপ কুমারের প্রেমের খবরে তখন গরম টিনসেল টাউন। এর পরও মধুবালাকে ভালোবাসতেন কিশোর কুমার।
এর মধ্যে খুব তুচ্ছ এক কারণে সম্পর্ক ভাঙে মধুবালা-দিলীপের। মধুবালা তখন খুব অসুস্থ, ক্যারিয়ারও ম্লান হতে শুরু করেছে ধীরে ধীরে। সে সময়ই মধুবালার কাছে প্রেম নিবেদন করেন কিশোর। মধুবালার বুকে বাসা বেঁধেছিল মরণব্যাধি আর মনে জমা ছিল ক্ষোভ। তবে অসুখের যন্ত্রণার চেয়ে দিলীপ কুমারের ওপর ক্ষোভটাই ছিল বেশি। এ জন্যই কালক্ষেপণ না করে জেদের বশেই নিয়ে নিলেন সিদ্ধান্ত—কিশোর কুমারকেই বিয়ে করবেন তিনি। কিশোর কুমারও বদ্ধপরিকর, কোনো রোগ-শোকই হারাতে পারবে না তাঁর প্রেমকে। তাই পরিবারের নিষেধ না মেনেই কিশোর বিয়ে করলেন মধুবালাকে। বেশিদিন বাঁচবেন না মধুবালা, খুব বেশি হলে এক বছর—এটি বিয়ের আগেই জানতেন কিশোর কুমার। মধুবালাও এ বিষয়ে ছিলেন সচেতন। এর পরও ঘর বাঁধলেন তাঁরা। কিশোর কুমারের ইচ্ছা ছিল, ভালোবাসার মানুষকে যে কটা দিনই পাশে পাবেন, আঁকড়ে ধরে রাখবেন পরম মমতায়। মৃত্যুর কাছে হার মানবে তাঁদের ভালোবাসা। আদতে তেমনটাই হয়েছিল। মধুবালা বেঁচেছিলেন নয় বছর।
মধুবালার বোন মধুর ভূষণ (জাহিদা) ভাষ্যে জানা যায়, বিয়ের আগেই মধুবালার অনুরোধে তাঁকে লন্ডনে চিকিৎসা করাতে নিয়ে যান কিশোর কুমার। চিকিৎসকেরা জানান, বড্ড দেরি হয়ে গেছে। তাই বেশি দেরি না করে লন্ডন থেকে ফিরেই মধুবালার সঙ্গে কিশোর কুমারের জোড় বাঁধা, বিয়ে।
তবে তাঁদের বিয়েতে বিপত্তি ঘটেছিল অন্য জায়গায়—মধুবালা মুসলিম, কিশোর কুমার হিন্দু; তার ওপর মৃত্যুপথযাত্রী। এ বিয়ে কিছুতেই মানতে পারছিল না কিশোর কুমারের পরিবার। তাই বিয়ের এক মাসের মধ্যেই কিশোর কুমার বাড়ি ছেড়ে মুম্বাইয়ের বাংলোয় নিয়ে আসেন মধুবালাকে। সেখানেই নয় বছর অসুস্থ মধুবালার সঙ্গে সংসার করেন। মধুবালা আর কিশোর কুমারের বিয়েতে ধর্ম নিয়ে অনেক তর্কবিতর্ক হয়। তখন প্রেমের জন্য ধর্মান্তরিতও হয়েছিলেন কিশোর। কাগজে-কলমে কিশোর কুমার নাম বদলে হয়ে যান করিম আবদুল। মধুবালার শেষ দিন পর্যন্ত কিশোর কুমার ছিলেন তাঁর পাশেই।
গল্প এখানেই শেষ নয়, মধুবালার বোন মধুর ভূষণ অভিযোগ তোলেন কিশোর কুমারের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, একটা সময় কিশোর কুমার নাকি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন মধুবালার প্রতি। তবে এ অভিযোগের কোনো যৌক্তিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।
মধুবালা ছিলেন কিশোর কুমারের দুর্বলতা। জনসমক্ষে কখনোই মধুবালাকে নিয়ে কোনো কথা বলেননি তিনি। মধুবালা ছিলেন একান্তই তাঁর। এমনকি মধুবালার মৃত্যুর পর সাত বছর একাকী জীবন কাটিয়েছেন কিশোর কুমার, মধুবালার স্মৃতি নিয়ে।
তবে মধুবালার স্মৃতিতে ছিলেন না কিশোর কুমার। মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তিনি শুধুই দিলীপ কুমারকে ভালোবেসেছেন। জেদের বশে কিশোর কুমারের বিয়ের প্রস্তাবে সাড়া দিলেও সব সময়ই মধুবালা আশা করতেন একদিন দিলীপ কুমার ফিরে আসবেন। কিন্তু শেষ পর্যন্ত আর দিলীপ কুমার ফিরে আসেননি। মনের মধ্যে দিলীপ কুমার আর মৃত্যুশয্যার পাশে কিশোর কুমারকে নিয়েই জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন মধুবালা।
কিন্তু কিশোর কুমারের মনে একমাত্র মধুবালাই ছিলেন। এমনকি তাঁর তৃতীয় স্ত্রী যোগিতা বালি আর চতুর্থ স্ত্রী লীনা চন্দ্রভারকারের সঙ্গে সংসারের বেলায়ও মনের একটা অংশে প্রয়াত মধুবালাকেই ধারণ করতেন। এ গল্প তাই শুধুই কিশোর কুমার আর মধুবালার।
l মেহের শামস
সূত্র: দ্য হিন্দু, রেডিফ, ফিল্মফেয়ার, হিন্দুস্তান টাইমস, বিজনেস অব সিনেমা