গল্পের অভাবে ঘোষণা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমী
মৌসুমী

মেয়ে ফাইজার জন্মদিনে নতুন ছবির ঘোষণা দেওয়ার কথা বলেছিলেন চিত্রনায়িকা মৌসুমী। জন্মদিন পার হয়ে গেলেও নতুন ছবির ঘোষণা এখন পর্যন্ত আসেনি। কারণ, ছবির গল্পটাই নাকি এখনো চূড়ান্ত হয়নি। প্রথম আলোর সঙ্গে আলাপে তেমনটাই জানালেন মৌসুমী।
বৃহস্পতিবার রাতে যখন মৌসুমীর সঙ্গে কথা হচ্ছিল, তখন তিনি ছিলেন চট্টগ্রামে। প্রাণ গ্রুপের একটি পণ্যের প্রচারণায় অংশ নিতে সেখানে যান তিনি। মৌসুমী বলেন, ‘আমরা ধারণা করেছিলাম, অক্টোবর মাসেই ছবির গল্প চূড়ান্ত করতে পারব। কিন্তু সবাই অন্য কাজ নিয়ে এত বেশি ব্যস্ত ছিল যে তা আর সম্ভব হয়নি। তবে আমরা অনেকগুলো গল্প পড়েছি। শিগগির এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।’
স্বামী ওমর সানি ও এক ছেলে ফারদীন এবং মেয়ে ফাইজাকে নিয়ে চিত্রনায়িকা মৌসুমীর সংসার। ২৯ অক্টোবর ছিল মৌসুমীর মেয়ে ফাইজার জন্মদিন। এই জন্মদিনেই প্রযোজক হিসেবে নতুন ছবির মহরত ঘোষণা করার কথা ছিল। জন্মদিনে মেয়ে ফাইজাকে চমক দিতে এমন আয়োজনের কথা ভেবেছিলেন তিনি।
‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু মৌসুমীর। ২৩ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি এক সময় ছবি প্রযোজনার কথা ভাবেন মৌসুমী। ১৯৯৭ সালে ‘কপোতাক্ষ চলচ্চিত্র’ নামের প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেন। এই প্রতিষ্ঠান থেকে নির্মিত প্রথম ছবি ‘গরীবের রানী’ পরিচালনা করেন মনোয়ার খোকন। এর পর একটু বিরতি নিয়ে এই প্রতিষ্ঠান থেকে তৈরি হয় মুশফিকুর রহমান গুলজারের ‘সুখের ঘরে দুখের আগুন’ ও মনতাজুর রহমান আকবরের ‘আমার বউ’ ছবি দুটি। তারপর ‘কপোতাক্ষ চলচ্চিত্র থেকে আর কোনো ছবি নির্মিত হয়নি।