গল্পের আবর্তনটি বড়ই একঘেয়ে ও গতানুগতিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানে শাইখ সিরাজ (ডানে)
‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানে শাইখ সিরাজ (ডানে)
বিভিন্ন টিভি চ্যানেল ও তাদের অনুষ্ঠান নিয়ে শুরু হলো আমাদের নতুন বিভাগ ‘টিভি সমালোচনা’। আজকের টিভি চ্যানেল আই

এ মাসের গোড়াতেই ‘চ্যানেল আই’ ১৭ পেরিয়ে ১৮ বছরে পদার্পণ করল। ১৮ বছর সময়কাল একজন ব্যক্তির জীবনের জন্য যথেষ্ট হলেও, একটি প্রতিষ্ঠানের শক্ত ভিত নির্মাণের জন্য যথেষ্ট সময় নয়। তবু ইতিমধ্যেই ‘চ্যানেল আই’ বেশ শক্ত ভিত্তিতেই দাঁড়িয়েছে বলে আমাদের বিশ্বাস।

‘চ্যানেল আই’ যে সময়ে আত্মপ্রকাশ করে, সে সময় বাংলাদেশে স্যাটেলাইট টিভি মাত্র হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছে। কাজেই প্রতিষ্ঠালগ্নেই তার কাঁধে ভর করেছিল অনেক দায়িত্ব ও কর্তব্যের বোঝা। দায়িত্বের সে বোঝা চ্যানেলটি যথেষ্ট নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গেই বহন করার চেষ্টা করেছে। বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রচারের পাশাপাশি আমাদের সাংস্কৃতিক বিকাশে ও সাংস্কৃতিক ভুবনে যে পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করছে, তার জন্য এ চ্যানেল এবং চ্যানেলের কর্মকর্তারা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এবার আমরা এ সপ্তাহে প্রচারিত চ্যানেল আইয়ের উল্লেখযোগ্য কিছু অনুষ্ঠান পর্যালোচনায় এগিয়ে যেতে পারি।

চ্যানেল আইয়ের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানগুলোর মধ্যে উল্লেখ করা যায় তার প্রতিবেদনমূলক প্রামাণ্য অনুষ্ঠানগুলো। যেমন: হৃদয়ে মাটি ও মানুষ, হৃদয়ে মাটি ও মানুষের ডাক, বিবিসি প্রবাহ, তৃতীয় মাত্রা, প্রকৃতি ও জীবন, আজকের সংবাদপত্র, সংবাদপত্রে বাংলাদেশ ইত্যাদি।

প্রতিদিনের সংবাদপত্রের ওপর ভিত্তি করে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র এবং সংবাদপত্রে বাংলাদেশ দুটি অনুষ্ঠানই তাৎপর্যপূর্ণ। এ সপ্তাহের শুরুতে পরপর কয়েক দিনের সংবাদপত্রের প্রধান খবরই ছিল চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আগমন এবং বাংলাদেশের সঙ্গে চীনের দ্বিপক্ষীয় চুক্তিসমূহ। প্রতিদিনের সংবাদপত্রের আলোকে চ্যানেল আই আজকের সংবাদপত্র ও সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠানে পর্যায়ক্রমে এ বিষয়ে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা ও বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করেছে।

শাইখ সিরাজের গ্রন্থনা ও উপস্থাপনায় এ সপ্তাহের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানটিও ছিল চীনের পোলট্রিশিল্পকে ঘিরে। চীনের প্রেসিডেন্টের সফরের সঙ্গে সামঞ্জস্য রেখে এ অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিবেশনা ছিল সময়োপযোগী ও প্রাসঙ্গিক। গত এক দশকে চীনের পোলট্রিশিল্প বিকাশের নেপথ্য তথ্য-উপাত্তগুলো উঠে এসেছে উপস্থাপকের কুশলী বর্ণনায়। বিশেষ করে চীনের পোলট্রি খামারে কীভাবে প্রযুক্তির সহায়তা নেওয়া হয়, বৈজ্ঞানিক উপায়ে কীভাবে পোলট্রি ফিড তৈরি ও বাজারজাত করা হয় ইত্যাদি বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে, যা আমাদের দেশের পোলট্রিশিল্পের জন্যও শিক্ষণীয় ও অনুসরণীয়।

১৩ অক্টোবর বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত এবারের ‘বিবিসি প্রবাহ’ অনুষ্ঠানটিও ছিল তাৎপর্যপূর্ণ। সম্প্রতি সংসদে এনজিওগুলোর কার্যক্রম ও বক্তব্যের সীমারেখা নির্ধারণ করে একটি বিল পাস হয়। সেই বিলের যথার্থতা ও যৌক্তিকতা নিয়ে উপস্থাপক শারমিন রমা প্রশ্ন করেন, সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তকে। সেখানে বারবার উদাহরণ হিসেবে উঠে আসে সংসদ নিয়ে টিআইবির জরিপ ও ‘সংসদকে পুতুলনাচের নাট্যশালা’ মন্তব্যের বিষয়টি। এ বিষয়ে বিশিষ্ট আইনজীবী সারা হোসেনেরও একটি সাক্ষাৎকার প্রচার করা হয়। আইনজীবী সারা হোসেন বলেন, মূলত সরকার ও সরকারি প্রতিষ্ঠানসমূহের সমালোচনার পথ অবরুদ্ধ করাই আইনটির মূল উদ্দেশ্য। এ আইনটি বাক্‌স্বাধীনতার পথ সংকুচিত করবে।

চ্যানেল আইয়ের ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানটি সম্পর্কে আমরা আগেও বলেছি যে অনুষ্ঠানটি যেন কিছুটা ঝিমিয়ে পড়েছে। সেই ঝিমানো অবস্থার মাঝেই গত ১৪ অক্টোবরের অনুষ্ঠানটি মাননীয় মন্ত্রী জুনায়েদ আহ্‌মেদ পলক ও সাংবাদিক রেজওয়ান সিদ্দিকীর পরস্পরবিরোধী আলোচনায় প্রাণবন্ত হয়ে উঠেছিল। আমরা মনে করি, কয়েক হাজার পর্ব প্রচারিত এ অনুষ্ঠানের প্রাণ প্রতিষ্ঠার জন্য চ্যানেল আই কর্তৃপক্ষের নতুন করে ভাবা উচিত। ঠিক একইভাবে ‘প্রকৃতি ও জীবন’ অনুষ্ঠানটিও তাৎপর্যপূর্ণ, কিন্তু উপস্থাপনাগত দিক থেকে বর্তমানে অনুষ্ঠানটি একঘেয়েমিতে পরিণত হয়েছে। এ অনুষ্ঠানেরও উত্তরণ প্রয়োজন।

চ্যানেল আইয়ে প্রচারিত প্রতিদিনের সংবাদও চ্যানেলটির জনপ্রিয়তার অন্যতম অংশীদার। সম্প্রতি চ্যানেল আই সংবাদের শিরোনাম বলার সময় পর্দায় ভেসে উঠছে টেলিটক মোবাইল কোম্পানির বিভিন্ন প্যাকেজের বিবরণ, যা দর্শকদের বিভ্রান্ত করছে। দর্শকদের মনোযোগকে করছে বাধাগ্রস্ত। দর্শক সংবাদ শিরোনামেরই বিবরণ ভেবে পর্দায় ভেসে ওঠা লেখার দিকে তাকাচ্ছে, আর দেখতে পাচ্ছে টেলিটকের প্যাকেজের বিবরণ।

বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে সম্প্রতি চ্যানেল আইকে কিছুটা অগোছালো বা অমনোযোগীই মনে হয়। এ পর্যায়ে কয়েকটি নাটকের কথা তুলে ধরা যায়। যেমন ১২ অক্টোবর রাত ১১টা ৩০ মিনিটে মোহাম্মদ নোমানের রচনা ও পরিচালনায় প্রচারিত হলো ধারাবাহিক নাটক সমাধান। নাটকটিতে উল্লেখযোগ্য কয়েকজন শিল্পীও ছিলেন মামুনুর রশীদ, জাহিদ হাসান, নওশীন, লীনা, কিন্তু তারপরও শিল্পীদের অভিনয় দুর্বল। কাহিনি ও চিত্রনাট্যের মান নিম্ন। গল্পের কোনো ধারাই বোঝা যায় না অথচ নাম ধারাবাহিক।

চ্যানেল আইয়ে প্রচারিত আরেকটি ধারাবাহিক তুমি আমি ভীষণ একা, সেটিরও একই দশা। ১৪ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন রাত ১১টা ৪০ মিনিটে প্রচারিত হলো নাটকটির ১৩তম পর্ব। এখানেও নামীদামি বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী আছেন। কিন্তু নাটকের প্রাণ যে কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ, সেটি অত্যন্ত দুর্বল।

একই দিন রাত নয়টার খবরের পর প্রচারিত হলো এক পর্বের নাটক অবর্তনে ভালোবাসা। নাটকটি সম্পর্কেও একই কথা বলা যায়। বর্তমানের এই কঠিন জীবন-জটিলতায় যে লটারিতে টাকা পাওয়া নিয়ে গল্পের অবর্তন হতে পারে, তা ভাবা যায় না। গল্পের আবর্তনটি হয়েছে বড়ই একঘেয়ে ও গতানুগতিক।

বিনোদনের ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয়, ১৪ অক্টোবর ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এদিন অধিকাংশ পেশাজীবীই নাশতা শেষে এক কাপ চা নিয়ে টিভির সামনে বসে সামান্য বিনোদনের প্রত্যাশায়। অথচ এদিন ৯টার খবরের পর, পরপর তিনটি অনুষ্ঠানই হয়েছে আগের রাতে প্রচারিত অনুষ্ঠানের পুনঃপ্রচার। তাও আবার তিনটিই প্রতিবেদনমূলক ও আলোচনা অনুষ্ঠান। আমরা মনে করি, এ বিষয়গুলো চ্যানেল আইয়ের আরও গুরুত্বসহকারে অনুধাবন, পর্যবেক্ষণ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।

লেখক: কথাশিল্পী ও টিভি নাট্যকার