গল্পের বিশ্বাসযোগ্য উপস্থাপনা নেই
>চিত্র সমালোচনা
ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে বসগিরি, শ্যুটার ও রক্ত নামের তিনটি চলচ্চিত্র। ছবিগুলো নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ফেসবুকসহ নানা মাধ্যমে আলোচনা হয়েছে ছবিগুলো নিয়ে। আমরা তিনজন স্বনামধন্য চলচ্চিত্রনির্মাতাকে অনুরোধ করেছিলাম ছবি তিনটি দেখে সমালোচনা লেখার জন্য। আনন্দ-এর পাঠকদের জন্য প্রকাশ করা হলো সেই সমালোচনা

প্রায় অর্ধেক ছবিজুড়ে পিস্তল আর গান নিয়ে গোলাগুলি শ্যুটার ছবি নামের মর্যাদা রেখেছে। নায়কের যখন বয়স ১২ বা ১৩ বছর, তখন থেকে যে গোলাগুলি শুরু করেছে, যখন সেই নায়ক ২৫ বছরের শাকিব খান হয়ে আবির্ভূত হয়েছেন, তখনো সেই গোলাগুলি। ড্রাগন নানা শাহ আর সার্ক মিশা সওদাগর শীর্ষ দুই সন্ত্রাসীর বিবাদকে নিয়েই এই ছবির গল্প আবর্তিত হয়েছে, তবে এই দুই শীর্ষ সন্ত্রাসীর বেশির ভাগ সময়ই সোফা সেটে বসিয়ে সংলাপ বলিয়ে কোনো রকমে দৃশ্যের শুটিং শেষ করেছেন পরিচালক। দুই গ্রুপের অবাস্তব মারামারির মধ্যে অনেক কষ্টে জোড়াতালি দিয়ে কিছু গল্প ঢোকাতে চেয়েছেন, যা কোনোভাবেই দর্শক-মনকে দোলা দিতে পারেনি। যখন যে চরিত্রের দরকার, তখন তাকে নিয়ে আসা হয়েছে। কেন এল, কীভাবে এল, তার পরম্পরার কোনো প্রয়োজন মনে করেননি পরিচালক। এই ছবির গল্প বলার মতো কিছু নেই।
এই ছবিতে শাকিবের করার মতো কিছু ছিল না। সম্রাট, সম্রাটের প্রেমিকা, মা, বোন, ভিকি, ভিকির প্রেমিকা, পুলিশের এক ইন্সপেক্টর, ড্রাগনের বউ এই ছবিতে শাকিবের কাজ অনেকটা কমিয়ে দিয়েছে। হলের মালিক, প্রোডাকশন অফিসের ম্যানেজার আমাকে প্রায়ই বলেন, ‘ভাই, শাকিবের ছবিও এখন চলে না।’ কেন চলে না, সেটা শাকিবের এই ছবিটা দেখলে বোঝা যায়। শাকিবের দর্শকেরা যদি তাঁর প্রপার কাজ না পান, তবে আর কত দিন হলে গিয়ে ধোঁকা খাবেন।
নায়িকা বুবলীর করার কিছু নেই। প্রেমের সংলাপ গড় গড় করে বলে যাওয়া আর কয়েকটা রোমান্টিক নাচগান করা। গল্পে তাঁর চরিত্রের কোনো গুরুত্ব নেই। তাই অভিনয় কেমন করেছেন বলা ঠিক হবে না। কাউকে অভিনয় করাতে হলে তাঁকে অভিনয়ের স্কোপ দিতে হবে। গল্পে চরিত্রের মূল্যায়ন করতে হবে। তা না হলে কোনো দিন দর্শক-মনে রেখাপাত করতে পারে না। ভিকির চরিত্রে নবাগত শাহরিয়ার যতটুকু সুযোগ ছিল ভালো করেছেন, তবে চরিত্রের কোনো ধারাবাহিকতা নেই। শীর্ষ সন্ত্রাসী নানা শাহর পোশাক কী রকম হওয়া উচিত, সেই ধারণাটাও পোশাক পরিকল্পকের নেই। মেয়েরা কে কত বেশি উগ্র সাজতে পারবে, তার বিশ্রী প্রতিযোগিতা সারা ছবিজুড়ে। একমাত্র নানা শাহ ছাড়া মা-বোন থেকে শুরু করে সবাই লাউড ড্রামা করে কানের পর্দাকে ফাটিয়ে দিয়েছেন। তবে মিশা সওদাগর আর চিকন আলী যখন এসেছেন, তখন দর্শকেরা একটু উল্লসিত হয়েছেন। চিকন আলী চরিত্রটা ভালো ছিল, কিন্তু ধারাবাহিকতা নেই। আর মিশা সওদাগর যে এখনো দর্শকদের খুবই প্রিয়, তাঁর সংলাপ উচ্চারণে দর্শকের উল্লাস থেকে বোঝা গেছে।
গল্পের কোনো বিশ্বাসযোগ্য উপস্থাপনা নেই। সৈয়দ হাসান ইমামের একটা উক্তি প্রবিধানযোগ্য। সিনেমায় তোমরা গরু গাছে ওঠাতে চাও, ওঠাও, তবে বিশ্বাসযোগ্যভাবে ওঠাও। যাতে দর্শকের মনে কোনো প্রশ্ন না থাকে। প্রশ্ন উঠলেই গল্প মুখ থুবড়ে পড়বে।
গান—‘কী করে আজ বলব আমি ভালোবাসি তোকে’ আর ‘এই বুকে থেকে থেকে আগুন জ্বলেরে’ ছাড়া আর কোনো গান মনে রাখার মতো না। তবে একজন শুটার ও মাদকাসক্ত মেয়ের কণ্ঠে প্রথম ঢিমেতালে লয়ের গানটা একদম মানানসই নয়। আইটেম গানের নামে চোখধাঁধানো যে নৃত্য দেখানো হয়েছে, তা দেখলে আইটেম গানের আবিষ্কারকও লজ্জা পাবেন। মাসুম বাবুলের নৃত্য পরিচালনায় কোনো নতুনত্ব নেই। এসব ছবির এডিটিংয়ের কথা বলার কিছু নেই। ব্যাকগ্রাউন্ড মিউজিক তো যা হওয়ার দরকার, এসব ছবিতে সেই মুম্বাই-চেন্নাই ছবির স্টক থেকে সুচারুভাবে লাগানো আছে। সন্ত্রাসীরা ফাইট করে গুলি খাওয়ার দৃশ্যে হামিং আলাপ দিয়ে স্যাড টোন আনা যে কতটা বাতুলতা, সেটা স্পষ্ট পরিলক্ষিত হয়েছে। আর ফাইটের কথা বললে লেখাটা শেষ করা যাবে না। কতটুকু দূরত্ব থেকে গুলি করলে গায়ে গুলি লাগবে না, তার কোনো আইডিয়া কেউ ইচ্ছা করেই রাখেননি।
আমরা যারা বাণিজ্যিক ছবি বানাই, তারা নাচগান, মারধরের মাঝেও একটা ভালো দিক দেখাই—দুষ্টের দমন ও শিষ্টের পালন। খারাপ সে যত শক্তিশালী হোক, ক্ষমতাধর হোক, টাকাওয়ালা হোক, অবৈধ অস্ত্রের মালিক হোক—গল্পের শেষে সে সৎ নায়কের কাছে পরাজিত হয়। কিন্তু এই ছবিতে নায়ক শাকিব ও সম্রাট সবই নেগেটিভ। প্রযোজক পরিচালকের তো দেশের প্রতি একটা কমিটমেন্ট থাকতে হবে! যে ধরনের ছবি বানাই না কেন, দেশের মানুষকে একটা ভালো কিছু তো দেখাতে হবে—তা না হলে ছবি বানিয়ে লাভ কী? রাজু চৌধুরী ভালো পরিচালক, তার কাছে আরও ধৈর্য সহকারে সুনিশ্চিত গল্পের ছবি আশা করছি।