গহীন বালুচর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

আতিথেয়তার মৌসুম শীতের অতিথি হয়ে আসছে গহীন বালুচর। কাল সারা দেশের ৩৪টি হলে মুক্তি পাচ্ছে বদরুল আনাম সৌদ পরিচালিত ছবিটি। বিস্তারিত জানাচ্ছেন মাসুম আলী

গহীন বালুচরে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, রুনা খান, নীলাঞ্জনা নীলা ও মুন
গহীন বালুচরে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, রুনা খান, নীলাঞ্জনা নীলা ও মুন

আসিতেছে ‘গহীন বালুচর’-রাজধানী ও এর আশপাশের সিনেমা হলগুলোর দেয়ালে গত কয়েক মাস এই ঘোষণা ঝুলছিল। ডেমরার রাণীমহল, মতিঝিলের মধুমিতা, মিরপুরের সনি কিংবা

নিউমার্কেটের বলাকায় দেখা গেছে এ চিত্র। কাল সকাল থেকে এই হলগুলোর সাইনবোর্ডে তথ্য হালনাগাদ হবে। পোস্টারের ওপর লেখা থাকবে, ‘চলিতেছে’। আজ বৃহস্পতিবার রাতের শো শেষে গহীন বালুচর-এর বিলবোর্ড উঠবে সিনেমা হলের মাথায়। মুক্তি পাওয়ার কথা ছিল ২০ অক্টোবর। অপেক্ষার প্রহর বেড়ে তারিখ ঠেকেছে ২৯ ডিসেম্বরে। শীতের অতিথি হয়ে চলতি বছরের ছবি মুক্তির তালিকায় জের টানছে গহীন বালুচর। গেল শীতে ছবিটির কাজ শুরু হয়েছিল।

বলা হয়ে থাকে, অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়। সেই ফল কতটা মিষ্টি, তা বড় পর্দায় ছবিটি দেখার আগে বলা সম্ভব নয়। তবে কিছু ধারণা মিলছে ট্রেলার দেখে, গানের ভিডিও দেখে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রতিনিয়ত আপডেট ছবির পরিচালক, শিল্পীরা। খবরের কাগজে, টেলিভিশনের পর্দায় অভিজ্ঞতা বিনিময় করছেন। দিন গড়াচ্ছে, টেনশনের পারদ চড়ছে তাঁদের।

এ কথা হয়তো বেশির ভাগ পাঠকই জেনে গেছেন যে বদরুল আনাম সৌদ গ্রামীণ পটভূমিতে নির্মাণ করেছেন তাঁর প্রথম চলচ্চিত্র গহীন বালুচর। ছবিতে অভিনয় করেছেন নবীন-প্রবীণ একঝাঁক শিল্পী। মডেল আবু হুরায়রা তানভীর, নীলাঞ্জনা নীলা এবং আরেক নতুন মুখ জান্নাতুন নূর মুন এ ছবির মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখাচ্ছেন। তাঁদের এগিয়ে নিয়েছেন খ্যাতিমান অভিনেতা-অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, রুনা খান, জিতু আহসান প্রমুখ।

ইউটিউবে ছবির ট্রেলার মন কাড়ে। মায়া লাগে কিছু দৃশ্য দেখে। দেখে মনে হয়েছে, আবেগের নাগরদোলায় সারাক্ষণ চড়েছেন শিল্পীরা। প্রেম, ঘৃণা, ক্রোধ, প্রতিশোধ...। একটা একটা সংলাপ মনের গহিনে নাড়া দেয়। ‘চর জেগেছে ছোট কাকা’, ‘ডরাইসো কমলা’ কিংবা ‘এবার তাগো কাটা মস্তক দেখতে চাই’ সংলাপগুলো একটা প্রাথমিক ধারণা দেয়। ইউটিউবে দেখা গহীন বালুচর-এর ট্রেলার ও দুটো গান বলছে চোখজুড়ানো চিরন্তন বাংলার নিসর্গ আছে এতে। নদী ও নৌকার ব্যবহারের সঙ্গে চিত্রধারণ চোখকে আরাম দেয়। ট্রেলার বলছে, চর দখলকে ঘিরে এগিয়ে গেছে মূল গল্প, আর মূল গল্পের সমান্তরালে এগিয়ে গেছে প্রেমের গল্প। প্রেমের গল্পের গতি-প্রকৃতিও সরল নয়; সিনেমার চিরাচরিত ত্রিভুজ প্রেম। দুটি গানে একজন নায়ক, কিন্তু নায়িকা দুজন। ‘ভালোবাসায় বুক ভাসাইয়া’ গানে তানভীরের বিপরীতে জান্নাতুন নূর মুন, আর ‘তারে দেখি আমি রোদ্দুরে’ গানে তানভীরের বিপরীতে আছেন নীলাঞ্জনা নীলা। একটা দৃশ্য নিয়ে ইতিমধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে-চুম্বন! হ্যাঁ চুম্বনদৃশ্য রয়েছে সিনেমাটিতে-নান্দনিক ও আবেগঘন। দুটো গানে নায়ক-নায়িকার ঠোঁটে ঠোঁট মেলানোর দৃশ্য আছে।

বাড়তি সংকট হিসেবে নায়ক-নায়িকার প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ান চর দখলকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে থাকা সুবর্ণা মুস্তাফা ও রাইসুল ইসলাম আসাদ। মনে পড়ে, আশির দশকের শুরুতে কিংবদন্তি এই দুই অভিনেতা বড় পর্দায় উজ্জ্বল তারকার মতো জ্বলেছিলেন ঘুড্ডি ছবিতে। হ্যাপি আখন্দের সেই বিখ্যাত গান ‘আবার এল যে সন্ধ্যা’র সঙ্গে আসাদ ঠোঁট মিলিয়েছিলেন, সুবর্ণার শাড়ির আঁচল উড়েছিল। ২০১৭-এ একদম অন্য রকম আসাদ-সূবর্ণা। এবার কি তাঁরা শত্রু?
ছোট পর্দার সফল নির্মাতা বদরুল আনাম সৌদ। সরকারি অনুদানে নির্মিত গহীন বালুচরই বড় পর্দায় তাঁর প্রথম কাজ। বদরুল আনাম সৌদ সফল না ব্যর্থ, রায়টা দর্শকের হাতে। পরিচালক বলছেন, বড় পর্দায় দেখলে গহীন বালুচর-এর মূল সৌন্দর্যটা বুঝতে পারবেন দর্শক।