গহীন বালুচর এ বাপ্পা ও মুন্নীর গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান রেকর্ডিংয়ের পর স্টুডিওতে বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নী, বদরুল আনাম সৌদ ও ইমন সাহা
গান রেকর্ডিংয়ের পর স্টুডিওতে বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নী, বদরুল আনাম সৌদ ও ইমন সাহা

অনুদানের সিনেমা ‘গহীন বালুচর’-এ গান গাইলেন বাপ্পা মজুমদার ও দিনাত জাহান মুন্নী। গত বৃহস্পতিবার বাপ্পা মজুমদারের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো তারা দুজন সিনেমার দ্বৈত কোনো গানে কণ্ঠ দিলেন। বদরুল আনাম সৌদের লেখা এই গানটির সংগীত পরিচালক ইমন সাহা।

ছবিটির পরিচালক বদরুল আনাম সৌদ জানান, খুব শিগগিরই শুরু হবে ‘গহীন বালুচর’ সিনেমার শুটিং।

গানটি গাইবার পর দিনাত জাহান মুন্নী বলেন, ‘অনুদানের ছবিতে গাইবার সুযোগ হলো। গাইলাম বাপ্পা মজুমদারের সংগে। আর এ গানের মধ্য দিয়ে অনেক দিন পর গাইলাম ইমন সাহার সুরে। পুরো ব্যাপারটির জন্য সুবর্ণা আপার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

সুবর্ণা মুস্তাফার স্বামী বদরুল আনাম সৌদ এবারই প্রথম চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। আর এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা। তাঁর প্রিয় দুজন শিল্পী এই ছবির গানে কণ্ঠ দিয়েছেন জেনে ভীষণ খুশি তিনি। ফেসবুকে দেওয়া এক পোস্টে সুবর্ণা মুস্তাফা লেখেন, ‘আমি খুবই খুশি।’

বাপ্পার উদ্দেশে সুবর্ণা এও লেখেন, ‘আমি খুবই খুশি যে তুমি গাইছ। আমি তো তোমার ঘোষিত ভক্ত। আমার কাছে দেশের সেরা কণ্ঠ তুমি।’