গাঁয়ের পিঠাপুলি নিয়ে নগরে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরেক রকমের পিঠা। ভাপা, পুলি, চিতই, পাটিসাপটা, চুঙ্গা পিঠা, তালের পিঠা, দুধচিতই—কত কী বিচিত্র সব পিঠা! গ্রামীণ সমাজ-সংস্কৃতিতে প্রচলিত লোকখাদ্যের এ স্বাদ গতকাল নগরের বাসিন্দারাও পেলেন। দিনভর পিঠা উৎসব আয়োজনের মধ্য দিয়ে এ সুযোগটুকু করে দিয়েছে সিলেটের সাংস্কৃতিক সংগঠন শ্রুতি।
গতকাল শুক্রবার সকাল সাতটায় নগরের মীরের ময়দান এলাকার শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে পিঠা উৎসবের উদ্বোধন করা হয়। বাঁশির সুরের মাধ্যমে সপ্তসুরের আহ্বানে উৎসব শুরু হয়। এই পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান। আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন সুকান্ত গুপ্ত। সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও কুষ্টিয়ার লালন একাডেমির সংগীত বিভাগের প্রধান ফকির আবদুল কুদ্দুস উদ্বোধনী বক্তৃতা দেন। দ্বিতীয় পর্বে চিত্রাঙ্কন ও পিঠা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের পুলিশ কমিশনার কামরুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য দেন সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ ও কবি তুষার কর।
আলোচনায় বক্তারা বলেন, আবহমান বাংলার পিঠাপুলির ঐতিহ্য শহুরে মানুষের কাছে অনেকটা লুপ্তপ্রায়। এটি কেবল উৎসব নয়, বরং প্রকৃতিবন্দনার এক মহোৎসব। গ্রামীণ বাঙালির সংস্কৃতির ঐতিহ্য শহরে পরিচয় করিয়ে দেওয়ার এ প্রয়াস অভিনন্দনযোগ্য।
দিনব্যাপী পিঠা উৎসবে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গান ও আবৃত্তি পরিবেশন করে।