গাইড হাউস মিলনায়তনের সংস্কারকাজ শুরু হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার নাটকের জন্য প্রস্তুত করা হচ্ছে গাইড হাউস মিলনায়তন। প্রায় নয় বছর বন্ধ থাকার পর মিলনায়তনটির সংস্কারকাজ শুরু হয়েছে সম্প্রতি। জানা গেছে, মঞ্চনাটকের জন্য এখানে একটি আধুনিক মিলনায়তন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। গাইড হাউস মিলনায়তন আধুনিকীকরণের জন্য দেড় কোটি টাকা অনুদান ঘোষণা করেছে সরকার। এরই মধ্যে তা থেকে ৩০ লাখ টাকা গাইড হাউস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।মিলনায়তন আধুনিকীকরণের বিষয়ে সম্প্রতি গাইড হাউস কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরীর বৈঠক হয়।বৈঠকে মিলনায়তনের শব্দ ব্যবস্থাপনা, শীতাতপ নিয়ন্ত্রণ, বিকল্প বিদ্যুৎব্যবস্থা, গ্রিন রুম এবং আসনবিন্যাস নিয়ে আলোচনা হয়।ঝুনা চৌধুরী বলেন, ‘আশির দশক থেকে গাইড হাউস মিলনায়তন আমাদের মঞ্চ নাটকের চর্চার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। আবার এই মঞ্চে নাটক হবে, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আশা করছি, শিগগিরই মিলনায়তনটি নাটক প্রদর্শনীর জন্য উপযোগী হবে।’বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ফুলরানী সরকার বললেন, ‘মেরামত ও সংস্কারকাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, অনুদানের সম্পূর্ণ অর্থ পাওয়া সাপেক্ষে আগামী বছরের গোড়ার দিকে মিলনায়তনটি মঞ্চ নাটকের জন্য উন্মুক্ত করতে পারব।’