গাইতে গাইতে গায়েন মিফতাহ্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেলবেলা ব্যাট-বল নিয়ে ক্রিকেট খেলার তোড়জোড় করছে সবাই। কিন্তু তাঁর সেই ফুসরত নেই, বাবা-মা-বোনদের সঙ্গে তখন সে ব্যস্ত হারমোনিয়াম-তবলা নিয়ে। এই প্রজন্মের তরুণ কণ্ঠশিল্পী মিফতাহ্ জামানের শৈশবের গল্পে গান শেখার বিশেষ কোনো আয়োজন ছিল না, এটা যেন ছিল অনেকটা খেলার মতো—খেলতে খেলতেই শেখা। বললেন, ‘আমার মা-বোন গান করতেন। তাঁদের গান শুনতে শুনতে দেখি, আমিও একদিন গায়েন হয়ে উঠেছি!’মিফতাহ্ জামানের প্রথম একক অ্যালবাম দ্বিতীয়া এর মধ্যেই শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেছে। ‘যদি শেষ দেখায় এ হাত ধরে, ওই চোখ জলে ভরে’ কিংবা ‘চাঁদের কাছে মোর মেলেনি তো ঠাঁই, নিটোল জোছনাতে এলাম যে তাই’—অতঃপর ও প্রাপ্তিশূন্যর মতো অ্যালবামের অন্য গানগুলোর সহজ কথা ও সুর নিমেষেই যেন আধুনিক এক আবহের কাছে নিয়ে যায় আমাদের।তাহলে শুরুটা কি আধুনিক গান দিয়ে? প্রশ্নোত্তরের খোঁজে আবার পেছনে ফিরলেন মিফতাহ্, ‘না, শুরু করেছি নজরুলসংগীতের মাধ্যমে। দীর্ঘদিন বাসুদেব সেনগুপ্ত, চঞ্চল নট্টর কাছে নজরুল ও ধ্রুপদী গানের তালিম নিয়েছি আমি। তখন আমরা বরিশালে থাকতাম। পরে বদলি হয়ে বাবা এলেন ঝিনাইদহে। এরপর যখন ঝিনাইদহ ক্যাডেট কলেজে ভর্তি হলাম, মূলত তখন থেকেই গিটারে টুংটাং, হারমোনিয়ামের পাশাপাশি এবার গিটারের সঙ্গে সখ্য।’ মিফতাহ্র কথার মধ্যে ফিরে আসছে তাঁর বেড়ে ওঠার গল্প। সেখানে মা মাজেদা বেগম, বাবা এস এম ওয়াহিদুজ্জামান ছাড়াও বোনদের কথা তো আছেই। বললেন, ‘বাড়ির সবাই গান করত, তাই আমার না করে উপায় ছিল না। তবে শিল্পী হব, এমনটা নিশ্চয়ই ভাবিনি।’ক্যাডেট কলেজের কঠোর শৃঙ্খলার সঙ্গে গানকে কীভাবে সমন্বয় করেছেন? মিফতাহ্র দিকে প্রশ্নটি যখন ছোড়া হলো, জবাব দিতে একবিন্দু দেরি হয়নি তাঁর—‘ক্যাডেট কলেজে নিয়ম-শৃঙ্খলা আছে ঠিক, কিন্তু সৃজনশীলতাকেও এখানে প্রশ্রয় দেওয়া হয়। মনে আছে, গানের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অনেকবার পিটি-প্যারেড মাফ পেয়েছি আমি। আর এখানেই তো প্রথম শুনেছি ভীমসেন যোশী, কবীর সুমন, অঞ্জন দত্ত, নচিকেতা, বাপ্পা মজুমদার—বলতে পারেন সে সময় এঁরাই ছিলেন আমার অনুপ্রেরণা।’২০০৬। নজরুল ও ধ্রুপদী সংগীতশিল্পী মিফতাহ্ মেতেছেন নতুন ধরনের গানে। ক্যাডেট কলেজের গণ্ডি পেরিয়ে তখন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী তিনি। এখানে এসে সংগীতটা যেন আরও খোলতাই হলো তাঁর কাছে। বন্ধুদের সঙ্গে মিলে অনেকটা খেলাচ্ছলেই কয়েকটি গানে সুর বসালেন তিনি—‘তখনই আমার তুষার হাসানের সঙ্গে পরিচয়। ওর গানের কথাগুলো ভালো লাগল। বললাম, সুর করে দেখি না কী হয়।’এই কী হয়, কী হয় করতে করতে ২০১০-এ বের হলো তাঁর প্রথম অ্যালবাম শুধু তোমাকে...। তবে সেটি একক নয়, সারা বিল্লাহ্র সঙ্গে মিলে অ্যালবামটি করেছিলেন তিনি। এরপর এ বছরের ফেব্রুয়ারিতে ১১টি গান নিয়ে প্রথম একক অ্যালবাম দ্বিতীয়া। এখানে ধ্রুপদীর সঙ্গে রক সংগীতকে মিলিয়েছেন তিনি। বললাম, আপনার আগে অনেকেই ধ্রুপদীর সঙ্গে রককে মিলিয়েছেন—এর মধ্যে আর নতুনত্ব কী! এবার পাক্কা শিল্পীর মতো কথা বললেন মিফতাহ্, ‘গানগুলোতে কথাকে প্রাধান্য দিয়েছি আমি। কথার ওপর নির্ভর করে সুর বসিয়েছি, কখনো আবার সুরই কথাকে ডিকটেট করেছে। সব মিলিয়ে চেষ্টা করেছি অন্যদের মতো নয়, গানগুলো যেন আমার মতো হয়।’কণ্ঠশিল্পী ছাড়াও মিফতাহ্ জামানের আরও একটি পরিচয় আছে—এবিসি রেডিওর ‘রাতের আকাশে ভালবাসার গল্প’ অনুষ্ঠানের কথাবন্ধু তিনি। তাঁর এই কণ্ঠশিল্পী থেকে কথাবন্ধু হওয়ার পেছনের সূত্রটা অবশ্যই গান। কথাটি বিনীতভাবে স্বীকারও করলেন তিনি। বললেন, ‘এবিসির “ক্যাম্পাস ক্যাম্পাস” অনুষ্ঠানে একজনের বদলে গান গাইতে এসেছিলাম। তারপর কীভাবে কীভাবে যেন এঁদের সঙ্গে জড়িয়ে গেলাম। এটা অনেকটা সেই শৈশবের গান শেখার মতোই—গাইতে গাইতে গায়েন!’ একে তো কণ্ঠশিল্পী, তার ওপর কথাবন্ধু, তাই গানের মতো কথায়ও তাঁর ধার ষোলআনা। সব শেষে বললেন, ‘বড় শিল্পী নয়, ভালো শিল্পী হতে চাই। আর তারও আগে চাই ভালো মানুষ হতে।’ মিফতাহ্ জামান যখন কথাগুলো বলছেন, তাঁর মুখজুড়ে তখন গভীর এক প্রত্যয়—তারুণ্য খেলা করছে, হাসছেন তিনি। ঠিক যেন নিজের গানের মতো করে বলতে চাইছেন, ‘চল ফিরি হাসিমুখে, আমাদের ছোট্ট ঘরে...।’