ঢাকায় এসেছিলেন খ্যাতনামা শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে স্ট্যান্ডার্ড চার্টার্ড-ডেইলি স্টার ‘সেলিব্রেটিং লাইফ’ আয়োজনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ১২ সেপ্টেম্বর গাইলেন তিনি। সুরের মূর্ছনায় সেদিন ওস্তাদ রশিদ খান মুগ্ধ করে রাখেন দর্শক-শ্রোতাদের। ওস্তাদ রশিদ খানকে পণ্ডিত ভীমসেন যোশী বলেছিলেন, এ সময়ের সবচেয়ে প্রতিভাবান শিল্পী, যিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতকে বাঁচিয়ে রাখবেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ডেইলি স্টার আয়োজিত ‘সেলিব্রেটিং লাইফ’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ১২ সেপ্টেম্বর ঢাকায় ওস্তাদ রশিদ খানের গান শুনে অনেকেরই সে কথা মনে হয়েছে। বিশেষ করে মালকোষের পরিবেশনা। ‘মালকোষ দরবারি’র মতো বড় রাগগুলো বিশেষ আসর ছাড়া আর শোনার সুযোগই হয় না। মালকোষে খেয়াল গেয়েছেন প্রায় এক ঘণ্টা। কিন্তু এতই শ্রুতিমধুর ছিল যে মনেই হয়নি এক ঘণ্টা টানা শুনছি। এর পরপরই গেয়েছেন রাগ ‘মেঘ’। তারপর গেয়েছেন কয়েকটি ঠুমরি। সেদিন সন্ধ্যায় বিরতির সময় কথা বলতেই পরদিন সকালে ঢাকা ক্লাবে দেখা করতে যেতে বললেন। দুপুরেই চলে যাবেন তিনি। এই সময়ের মধ্যে দেখা করতে যেতে বললেন।যথাসময়ে ঢাকা ক্লাবে কথা হয় ওস্তাদ রশিদ খানের সঙ্গে। আলাপচারিতায় জানা গেল তাঁর সম্পর্কে। ১৯৬৬ সালে রামপুরের বাদাউনে জন্মগ্রহণ করেন। বাদাউনে নদীর ধারেই তাঁর বেড়ে ওঠা। ছোটবেলায় অবশ্য তাঁর সংগীতে আকর্ষণ ছিল না। তিনি বলেন, ‘শখ ছিল ক্রিকেটার হওয়ার। কিন্তু মায়ের শখ ছিল ছেলে বিশ্বমানের গাইয়ে হবে।’ মায়ের মৃত্যুর পরই তিনি সংগীতকে সাধনা হিসেবে নিলেন। এর আগে নাকি খেলার মাঠে বেশি সময় কাটাতেন। সে জন্য নানা ওস্তাদ নিসার হোসেন খানের বকাও খেয়েছেন। মামা ওস্তাদ গোলাম মোস্তফা খানের কাছে তালিম নেওয়া শুরু হয় ছয়-সাত বছর বয়স থেকেই। তিনি প্রথম লক্ষ করেন রশিদ খানের সংগীতপ্রতিভা।ওস্তাদ এনায়েত হোসেন খান, ওস্তাদ গোলাম মোস্তফা খান, ওস্তাদ নিসার হোসেন খানের কাছেই রামপুর সাহাশওয়ান ঘরানার তালিম শুরু হয় তাঁর। প্রথম স্টেজে বসেন ১১ বছর বয়সে। ওই অনুষ্ঠানের শেষে পণ্ডিত রবিশংকর বাজিয়েছিলেন। চলচ্চিত্রে উচ্চাঙ্গসংগীতের প্রয়োগ প্রসঙ্গে বলেন, ‘হিন্দি চলচ্চিত্রে আমরা যথাযথভাবে রাগের প্রয়োগ করলে দারুণ হয়। এই তো কিছুদিন আগে আমি জব উই মেট-এ একটি গান (আয়গি জাব তুম সাজনা) গাইলাম, যা চারুকেশী রাগনির্ভর ছিল। আমরা তো হরহামেশাই রাগের প্রয়োগ করছি কিন্তু দর্শক হয়তো রাগটা চিনতে পারছে না।’ রশিদ খান বললেন, ‘আগে তো বাংলাদেশে উচ্চাঙ্গসংগীতের চর্চা দারুণভাবে হতো। আগরতলায় একটা সংগীত একাডেমি করেছি, যেখানে আমি প্রায়ই শেখাব। বাংলাদেশ থেকে চাইলে যে কেউ সেখানে গিয়ে শিখতে পারবে। ঢাকায় আমার গাইতে ভালো লাগে।’রামপুর সাহাশওয়ান হলেও ওস্তাদ আমীর খানের ছাপ দেখা যায় রশিদ খানের গায়কিতে। ওস্তাদ আমীর খান তাঁর ভীষণ পছন্দের শিল্পী। ‘ওস্তাদ আমীর খান, ভীমসেন যোশীদের মন রেখে গাইবার চেষ্টা করি। সংগীতের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক রয়েছে। গাইবার সময় মনে নিয়ে গাই। গানকে সাধনার জায়গায় নিয়েছি। সংগীতই জীবন। মা চেয়েছিলেন, তাই সে চেষ্টাই করে যাচ্ছি।’