গাইবেন ইমতিয়াজ ও লিসা, নাচ করবেন লাবনী

প্রবাসী শিশুরা রবীন্দ্রসংগীত শিখছে। এ এক অসাধারণ ঘটনা। লন্ডনে ‘সত্যেন সেন স্কুল অব পারফরমিং আর্টস’-এ শিশুদের রবীন্দ্রসংগীত শেখাচ্ছেন শিল্পী ইমতিয়াজ আহমদ। সেখানকার বাঙালিদের ভেতরে রবীন্দ্রসংগীতের চর্চা টিকিয়ে রাখতে কাজ করে যাচ্ছে স্কুলটি। এ ছাড়া ইমতিয়াজ আহমদ নিজেও লন্ডনে ‘আনন্দ ধারা’ নামে একটি স্কুল চালান।
লল্ডনকে বলা হয় তৃতীয় বাংলাদেশ! বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের পরে সব থেকে বেশি বাঙালি বাস করেন সেখানে। ওখানকার নতুন প্রজন্মের ভেতরে বাঙালির সংস্কৃতি বাঁচিয়ে রাখতে কাজ করে যাওয়া গর্বের বিষয়।
ইমতিয়াজ এখন ঢাকায়। সাংস্কৃতিক সংগঠন পঞ্চভাস্কর-এর বিশেষ আয়োজনে ছায়ানট সংগীত বিদ্যায়তন অডিটোরিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় গাইবেন তিনি। এই আয়োজনে আরও গাইবেন রবীন্দ্রসংগীত শিল্পী লাইসা আহমদ লিসা। কত্থক নৃত্য করবেন শাস্ত্রীয় নৃত্যের প্রবাসী শিল্পী লাবণী মহন্ত। অনুষ্ঠানটিতে আবৃত্তি করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

ইমতিয়াজ জানান, বাংলাদেশের বাইরেও পঞ্চকবির গানের চর্চা থেমে নেই। লন্ডনে একটি বিরাট গোষ্ঠী বাংলা সংস্কৃতির চর্চা এবং এর ভেতরেই জীবন যাপন করছেন। এতে বাংলাদেশের বাইরে বাংলা সংস্কৃতির চর্চা এগিয়ে যাওয়ার পাশাপাশি অবাঙালিদের কাছে বাঙালিদের শক্তিশালী সাংস্কৃতিক ভিত্তি পরিস্কার হচ্ছে। রবীন্দ্রনাথ এবং নজরুলের পাশাপাশি তাঁরা ডি এল রায়, অতুল প্রসাদ এবং রজনীকান্ত ও তাঁদের গান সম্পর্কে জানতে পারছেন।
তিনি বলেন, ‘লন্ডনে যারা রবীন্দ্রসংগীত শিখছে তারা ভালো করছে। গানের মাধ্যমে নিজেদের শেকড়, ভাষা এবং ভাবনাগুলো সম্পর্কে জানতে ও চর্চা করতে পারছে নতুন প্রজন্ম।’
নিজের চতুর্থ গানের অ্যালবাম নিয়ে ইমতিয়াজ জানান, ইতিমধ্যে ১০টি গানের রেকর্ডিং শেষ। এতে রয়েছে রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গান। সংগীতগুরু ও সংগঠক ওয়াহিদুল হককে স্মরণ করে ইমতিয়াজ বলেন, ‘গুরুর শিক্ষা পেয়েছি, সেটাকে ধারণ করেই নতুন প্রজন্মকে শেখানোর চেষ্টা করছি।’