গাইলেন ঋদ্ধি, আবৃত্তি করলেন রামেন্দু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইছেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, পাশে রামেন্দু মজুমদার
গাইছেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, পাশে রামেন্দু মজুমদার

ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের সংগীতজীবন শুরু হয়েছিল থিয়েটারের গান দিয়ে। এখন তিনি নিয়মিত পঞ্চকবির গানে।

গতকাল সন্ধ্যায় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে রবীন্দ্র, দ্বিজেন্দ্র, রজনীকান্ত, অতুলপ্রসাদ ও নজরুলের গানই গাইলেন ঋদ্ধি। থাকল নাটকের গানও। সঙ্গে কবিতায় যুগলবন্দী করলেন রামেন্দু মজুমদার। আয়োজনের নাম ‘গান ও কবিতার যুগলবন্দী’। আয়োজক বাংলাদেশ জাতীয় জাদুঘর।
রামেন্দু পাঠ করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতাটি। ঋদ্ধি গাইলেন ‘তাই তোমার আনন্দ আমার পর’, ‘জাগরণে যায় বিভাবরী’ গানগুলো।
এরপর রামেন্দু পাঠ করলেন দ্বিজেন্দ্রলাল রায়ের দেশাত্মবোধক গান ‘বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ’। ঋদ্ধি গাইলেন ‘আমরা এমনই হেসে ভেসে যাই’, ‘সে কেন দেখা দিল রে’।
এরপর রজনীকান্তের একটি হাস্য-কৌতুকময় কবিতা পাঠ করলেন রামেন্দু। ঋদ্ধি গাইলেন ‘আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি’। রজনীকান্ত যখন ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে, রবীন্দ্রনাথ তাঁকে দেখতে গিয়েছিলেন। ফিরে এসে রজনীর প্রতি একটি চিঠি লেখেন রবীন্দ্রনাথ। সে চিঠিটি পড়ে শোনালেন রামেন্দু। ঋদ্ধি গাইলেন ‘ওই গভীর যবনিকা’।
অতুলপ্রসাদের জন্ম ঢাকাতেই। তাঁর একটি রচনা পাঠের পর ঋদ্ধি গাইলেন ‘যাব না যাব না ঘরে’, ‘কে আবার বাজায় বাঁশি’, ‘একা মোর গানের তরী ভাসিয়েছিলাম নয়নজলে’।
এরপর রামেন্দু পাঠ করলেন কাজী নজরুল ইসলামের কবিতা ‘ক্ষমা করো হযরত’। ঋদ্ধি গাইলেন ‘মোর ঘুমঘোরে কে এলে’। নজরুলের ‘রাজবন্দীর জবানবন্দী’ থেকে পড়ে শোনান রামেন্দু। ঋদ্ধি গাইলেন ‘আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে’।
এরপর ঋদ্ধি দুটি নাটকের গান করেন, ‘আমি যখন মেয়ে থাকি তখন তারা আসেন’, ‘ধনধান্য পুষ্পভরা’।