গাজী রাকায়েত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৯ সাল। আমি তখন গেন্ডারিয়া হাইস্কুলে সপ্তম শ্রেণীতে পড়ি। আমাদের পাড়ায় ফায়ার সার্ভিসের অফিস ছিল। সেখানে প্রতিবছরই পাড়ার ছেলেরা নাটক করত। পাড়ায় ‘কৌতুক’ করে করে কথা বলার সুখ্যাতি ছিল আমার। একদিন পাড়ার কয়েকজন বড় ভাই আমাকে বললেন, ‘তুমি তো কৌতুকে বেশ পটু, তোমাকে আমাদের এবারের নাটকে অভিনয় করতে হবে। নাটকের নাম হালচাল।’ আমিও রাজি হলাম। আমার চরিত্রটির নাম ছিল বাড়িওয়ালা। একজন বৃদ্ধ লোক। মঞ্চে প্রথম উঠব, নিজের মধ্যে একটু ভয় ভয় লাগছিল। তবে মঞ্চে ওঠার পর আর কোনো কিছু টের পাইনি। আমার বাবার এক বন্ধু ছিলেন। তিনি নাটকটি দেখতে এসেছিলেন। নাটক শেষ হলে তিনি বললেন, ‘তোমার অভিনয় ভালো হয়েছে।’ নাটকটির লেখককে সেজদা আর নির্দেশককে আমরা জিনাহ ভাই বলে ডাকতাম। তবে দুজনই খুব চাপা মারতে পারতেন। নাটকটি মঞ্চে আনার কয়েক দিন পর দুজনই আমাদের জানালেন, নাটকটি টেলিভিশনে ধারণ করা হবে। আমরা খুবই খুশি। ধারণের দিন-তারিখ আমাদের জানানো হলো। নির্ধারিত দিনে তাঁরা আমাদের সঙ্গে নিয়ে রামপুরার দিকে রওনা হলেন। যাওয়ার পথে সবাইকে রমনা পার্কে আনা হলো। এরপর দুজনে চলে গেলেন। কিন্তু আর এলেন না। আমরা সন্ধ্যা পর্যন্ত পার্কে বসে থেকে থেকে বাসায় ফিরে আসি। ওই দিন মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল।