গান, কথা আর কবিতায় সুচিত্রা মিত্রকে শ্রদ্ধা
গান, কথা আর কবিতার মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হলো রবীন্দ্রসংগীতশিল্পী সুচিত্রা মিত্রকে। গত বুধবার সন্ধ্যায় ভারতের কলকাতার মোহরকুঞ্জে এই অনুষ্ঠানে কলকাতার সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা যোগ দেন। বক্তারা বলেন, উপমহাদেশ আজ হারাল রবীন্দ্রসংগীতের এক প্রবাদপ্রতীম বিশাল মহীরূহকে। যে মহীরূহ এত দিন ছায়া দিয়ে রেখেছিল রবীন্দ্রসংগীতের ভক্তদের। আজ তিনি নেই। এ ক্ষতি অপূরণীয়। সন্ধ্যায় শুরু হয় এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান। এখানে যোগ দেন বাংলাদেশের শিল্পী পাপিয়া সারোয়ারও। গান ও কবিতার মধ্য দিয়ে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানান দ্বিজেন মুখোপাধ্যায়, মোহন সিং, হৈমন্তী শুক্লা, নির্মলা মিশ্র, সুমিত্রা সেন, রাজেশ্বর ভট্টাচার্য, উষা উত্থুপ, মনোময় ভট্টাচার্য, স্বাগতালক্ষ্মী দাশগুপ্তা, লোপামুদ্রা মিত্র, ইন্দ্রানী সেন, শ্রাবণী সেন, প্রমিতা মল্লিক, দেবারতি ঘোষ, স্বপন গুপ্ত, কণিকা মল্লিক, শ্রবণা ভট্টাচার্য, অগ্নি বন্দ্যোপাধ্যায়, গৌরী ঘোষ, পার্থ ঘোষ, বাণী ঠাকুর, ব্রততী বন্দ্যোপাধ্যায়, জগন্নাথ বসু প্রমুখ। এই আয়োজনে আরও গান করেন সুচিত্রা মিত্রের গড়া রবিতীর্থ, কলকাতা কয়ার, ক্যাকটাস এবং ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক সংস্থা মিতালির সদস্যরা।