গান, কবিতা আর আলোচনায় একুশের অনুষ্ঠানমালা শুরু
মিনারে শোভা পাচ্ছে আল্পনা আঁকা কালো কাপড়। চূড়ায় শেষবেলার আলোকরশ্মি। মিনারের পেছনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের মহড়া চলছে। সামনের বেদিতে বসে আছেন অতিথিরা। তার পরের স্তরে লাল কার্পেটে দর্শক-শ্রোতা। প্রাঙ্গণজুড়ে আরও অনেক অনেক দর্শক-শ্রোতা। আয়োজকেরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। মাইক্রোফোনে বাজছে দেশাত্মবোধক আর একুশের গান।গতকাল শেষ বিকেলের কেন্দ্রীয় শহীদ মিনারের চিত্রটা ছিল এমনি। উপলক্ষ সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত অমর একুশের অনুষ্ঠানমালার উদ্বোধন। পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিকতার সূচনা। ছায়ানটের শিল্পীদের জাতীয় সংগীত ও একুশের গান পরিবেশনের পর শুরু হয় আলোচনা অনুষ্ঠান। স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক হাসান আরিফ। ঘোষণাপত্র পাঠ করেন আহকাম উল্লাহ। সভাপতিত্ব করেন জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ। উদ্বোধনী বক্তব্যে ভাষাসংগ্রামী রফিকুল ইসলাম বলেন, ‘বাংলা ভাষা আজ ভালো নেই। ভাষার ভুল ব্যবহার ও অপব্যবহার এর জন্য দায়ী। সাংস্কৃতিক বিনিময়ের নামে আমরা প্রায়ই আমাদের প্রিয় মাতৃভাষার অমর্যাদা করছি। বিভিন্ন গণমাধ্যমে ভাষার প্রমিত রূপের চর্চা প্রায় নেই বললেই চলে। এটা খুবই দঃখজনক।’আলোচনায় অংশ নেন আসাদুজ্জামান নূর এমপি, মফিদুল হক, গোলাম কুদ্দুস, লিয়াকত আলী, ফকির আলমগীর প্রমুখ।বক্তারা বলেন, ‘মুক্তিযুদ্ধসহ আমাদের সব সংগ্রামের অনুপ্রেরণার মূলে রয়েছে অমর একুশে। আমাদের সংগ্রাম শুরু হয়েছে বাহান্নে। কিন্তু এর কোনো শেষ নেই। নানা ক্ষেত্রে প্রতিদিন যুদ্ধ চলছে। এ যুদ্ধ যুদ্ধাপরাধের বিচারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, অসাম্প্রদায়িক একটি সমাজের জন্য। এ দেশে আমরা এমন কিছু দেখতে চাই না, যা একুশের চেতনার বিরুদ্ধে যায়।’দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলমের আবৃত্তির মধ্য দিয়ে। তিনি আবৃত্তি করেন হাবিবুল্লাহ সিরাজীর কবিতা ‘একুশে ফেব্রুয়ারি’। লায়লা আফরোজ আবৃত্তি করেন মাহবুব উল আলম রচিত একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’। লিলি ইসলাম পরিবেশন করেন রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গান ‘ও আমার দেশের মাটি’। নাসিমা খান গেয়ে শোনান নজরুলের গান ‘একি অপরূপ রূপে মা তোমার’। পদাতিক নাট্যগোষ্ঠী উপস্থাপন করে কাজী রফিক রচিত পথনাটক ট্রাইব্যুনাল। এটি নির্দেশনা দেন ওয়াহিদুল ইসলাম। সংবৃতা পরিবেশন করে বৃন্দ আবৃত্তি ‘আর কত রক্ত দরকার’। দলীয় নৃত্য পরিবেশন করে স্পন্দন।পথনাটক ও আলোচনা সভাবরিশাল অফিস জানায়, ‘স্বাধীন সাংবাদিকতায় ২০ বছর’ শিরোনামে ডেইলি স্টার-এর সহযোগিতায় এবং পথনাটক পরিষদের আয়োজনে বরিশালে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুটি নাটক পরিবেশিত হয়।লোককাহিনি নিয়ে সোনাই মাধব নাটকটি গ্রন্থনা করেছেন সাগরিকা জামালী। নির্দেশনায় ছিলেন সুনন্দ বাসার। পরিবেশন করে বরিশাল নাটকর। এতে অভিনয় করেন তাহমিনা নাসরিন, সাগর দাস মুন্সি, মিঠুন রায়, অমিত হাসান, আশরাফুর রহমান।ব্রজমোহন থিয়েটার পরিবেশন করে নাটক পোস্টমর্টেম। রচনা করেন নাজমুল হুদা, নির্দেশনা দেন হিমাংশু চন্দ্র মিস্ত্রী। এর আগে বরিশালের পথনাটক পরিষদ শাখার আহ্বায়ক মিন্টু কুমার করের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শিশুসংগঠক জীবন কৃষ্ণ দে, বরিশাল নাটকের সভাপতি আজমল হোসেন, বরিশাল থিয়েটারের সভাপতি শুভংকর চক্রবর্তী, ডেইলি স্টার-এর পক্ষে সুশান্ত ঘোষ প্রমুখ।নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা জানান, গত সোমবার সন্ধ্যায় শহীদ আবদুর রাজ্জাক পার্কে স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে ডেইলি স্টার-এর সহায়তায় বাংলাদেশ পথনাটক পরিষদ আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক আবদুস সামাদ। সভাপতিত্ব করেন সাতক্ষীরার ডেইলি স্টার পাঠক ফোরামের আহ্বায়ক আবদুল হামিদ। আলোচনা সভা শেষে সাতক্ষীরা দিপালোক একাডেমী পথনাটক ‘ফুটপাত’ এবং পলাশপোল আর্দশ তরুণ সংঘ ‘রক্তাক্ত আশা’ পরিবেশন করে।