গান, শোভাযাত্রা ও আলোচনায় সংগীত দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সংগীত সমগ্র বিশ্বের প্রাণ এবং ঐক্যসূত্রও।’ বিশ্ব সংগীত দিবস উপলক্ষে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের আয়োজিত উৎসবের ঘোষণাপত্রের কথা এটি। আসলেও তো তাই। সংগীতের ভাষাও চিরন্তন, সর্বজনীন। জাতি-ধর্ম-সীমান্ত সুরের কাছে কোনো বাধা নয়। এটাই বিশ্ব সংগীত দিবসের মর্মকথা। গতকাল বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রবীণ গীতিকবি ও সংগীত পরিচালক কুটি মনসুর। এ সময় বিভিন্ন সংগঠনের শিল্পীরা সমবেত কণ্ঠে ‘আকাশভরা সূর্য-তারা’, ‘জয় হোক জয় হোক’ এবং ‘ধনধান্য পুষ্পভরা’ গান তিনটি পরিবেশন করেন। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে ছিল ঝলমলে শোভাযাত্রা।শোভাযাত্রার পর শুরু হয় গানের পালা। দলীয় সংগীত পরিবেশন করেন সুরের ধারা, বিশ্ববীণা, রবিরশ্মি, মূর্ছনা, বাশুরিয়া ও সারগাম ললিতকলা একাডেমির শিল্পীরা। একক সংগীত পরিবেশন করেন মহিউজ্জামান চৌধুরী, ফাহিম হোসেন চৌধুরী, শুভ্র দেব, ছায়া রানী কর্মকার, শফিউল আলম প্রমুখ।উৎসবে ‘ব্যর্থ প্রাণের আবর্জনা’, ‘তুমি যে সুরের আগুন’, ‘আজি বাংলাদেশের হূদয় হতে’, ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’, ‘নোঙ্গর তোল তোল’, ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’—এসব বিচিত্র স্বাদের গান পরিবেশিত হয়। উৎসবে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য দেন রবীন্দ্রসংগীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাজেদ আকবর। এ ছাড়াও বক্তব্য দেন নাট্যজন আতাউর রহমান, সংগীতশিল্পী তপন মাহমুদ, মো. রফিকুজ্জামান প্রমুখ।