গান আবৃত্তি স্মৃতি ভাষ্যে স্বাধীনতা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধ জাদুঘরের স্বাধীনতা উত্সবের দ্বিতীয় দিনে গতকাল লেকসার্কাস বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা  ছবি: প্রথম আলো
মুক্তিযুদ্ধ জাদুঘরের স্বাধীনতা উত্সবের দ্বিতীয় দিনে গতকাল লেকসার্কাস বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা ছবি: প্রথম আলো

মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীদের ভাষ্য পাঠ, সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্যাভিনয়ের মধ্য দিয়ে গতকাল মুক্তিযুদ্ধ জাদুঘরের সপ্তাহব্যাপী স্বাধীনতা উৎসবের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
রোববার বিকেলের অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জাদুঘরের ট্রাস্টি রবিউল হুসাইন। পরে ভাষ্য পাঠে অংশ নেয় ওয়াই ডব্লিউ সি এ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সামিয়া তাহিসন, নেত্রকোনার শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শরীফুর রহমান এবং ঢাকা সিটি কলেজের বন্দনা সান্যাল।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব শুরু হয়েছিল কণ্ঠশীলনের বৃন্দ আবৃত্তি ‘মোদের গরব মোদের আশা’ পরিবেশনা দিয়ে। এরপর লেকসার্কাস বালিকা উচ্চবিদ্যালয় এবং মিতালী বিদ্যাপীঠের শিক্ষার্থীরা বেশ কয়েকটি সংগীত ও নৃত্য পরিবেশন করে। শিক্ষার্থীদের পরিবেশনার পর শারমিন সাথী ইসলাম গেয়ে শোনান‘ এ কি অপরূপ রূপে মা তোমায়’,‘ফুল ফাগুনের এলো মৌসুম‘ ও ‘আমি না হয় মান করেছিনু’।
এরপর সংগীত পরিবেশন করেন কুমিল্লার যাত্রী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। এই সংগঠনটির জন্ম হয়েছিল মুক্তিযুদ্ধের সময় ভারতের আগরতলায়। প্রখ্যাত সংগীতজ্ঞ কুলেন্দু দাশ সংগঠনটির প্রতিষ্ঠাতা। মুক্তিযুদ্ধের সময় তাঁর লেখা ‘চল ভাই মুক্তিফৌজে নাম লেখাই’, ‘ভাগো ভাগো ইয়াহিয়া’, ‘এই মাটিতে সোনা ফলে’সহ বিভিন্ন গান গেয়ে শোনান শিল্পীরা। অনুষ্ঠান শেষ হয়েছিল সুবচন নাট্য সংসদের নাটক মৃত্যুর খেলা দিয়ে।
জাদুঘরে কৃতী সন্তানের স্মৃতিচারণা
বাংলাদেশ জাতীয় জাদুঘর কথ্য ইতিহাস সংরক্ষণ কার্যক্রম শুরু করেছে। এর আওতায় কৃতী সন্তানদের মধ্য থেকে প্রথম পর্যায়ে ২৪ জন কৃতী সন্তানের স্মৃতি নিদর্শন দিয়ে জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনীকক্ষে পক্ষকালব্যাপী বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর পাশাপাশি জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজন করা হয়েছে চার দিনব্যাপী স্মৃতিচারণা অনুষ্ঠানের।
গতকাল রোববার কবি সুফিয়া কামাল, পটুয়া কামরুল হাসান, জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক, অধ্যাপক সালাহউদ্দীন আহমদ, বিচারপতি আবু সাঈদ চৌধুরী ও অধ্যাপক এ আর মল্লিকের কর্মময় জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণা করেন জাতীয় অধ্যাপক সালাহউদ্দীন আহমদ, অধ্যাপক মুনতাসীর মামুন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ ও সুমনা হাসান। বক্তারা জাতীয় জীবনে কৃতী সন্তানদের গুরুত্বপূর্ণ অবদান আগামী প্রজন্মের কাছে তুলে ধরার বিষয়ে সবাইকে এগিয়ে আসতে অনুরোধ করেন।

খুদে আঁকিয়েদের তুলিতে স্বপ্নের গাড়ি
‘টয়োটা ড্রিম কার আর্ট কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশের নয় খুদে আঁকিয়ের চিত্রকর্ম যাচ্ছে জাপানে। বিশ্বের প্রায় ৫০টি দেশের শিশুদের নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীদের নাম আগামী আগস্টে ঘোষণা করা হবে। বিজয়ী খুদে আঁকিয়ে বাবা-মাকে সঙ্গে নিয়ে পুরস্কার নিতে জাপান সফরের সুযোগ পাবে।
গত শুক্রবার প্রগতি সরণির নাভানা টয়োটার প্রদর্শনকক্ষে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নির্বাচিত দেড় শ ছবির প্রদর্শনী হয়। প্রতিযোগিতায় সাড়ে তিন হাজার শিশু অংশ নেয়। বয়সভিত্তিক তিনটি বিভাগে তিনজন করে নয়জন খুদে আঁকিয়েকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রদর্শনীর বিচারক ছিলেন শিল্পী শিশির ভট্টাচার্য ও শেখ আফজাল।
বিজয়ীরা হলো শাহরিয়ার আবিদ, সারিয়া হাসান ও নাফিসা নশিন খান (ক বিভাগ), উষশী মোমেন, জয়তী হাওলাদার ও আরাফ হোসেন (খ বিভাগ) এবং রবিন আহমেদ, দেবজ্যোতি বর্ষণ ও নাফিসা ইসলাম (গ বিভাগ)।
শিশুরা তাদের কল্পনায় ভবিষ্যতে কেমন গাড়ি দেখতে চায়, এটা জানতে ২০০৪ সাল থেকে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটরস ‘টয়োটা ড্রিম কার আর্ট কনটেস্ট’ শুরু করে। বাংলাদেশে প্রতিবছর নাভানা গ্রুপ এ প্রতিযোগিতার আয়োজন করে।

‘টয়োটা ড্রিম কার আর্ট কনটেস্ট’-এর খুদে আঁঁকিয়েদের ছবি দেখেন প্রতিযোগিতার দুই বিচারক (বাঁ থেকে) শিল্পী শেখ আফজাল ও শিশির ভট্টাচার্য্য
‘টয়োটা ড্রিম কার আর্ট কনটেস্ট’-এর খুদে আঁঁকিয়েদের ছবি দেখেন প্রতিযোগিতার দুই বিচারক (বাঁ থেকে) শিল্পী শেখ আফজাল ও শিশির ভট্টাচার্য্য

রং-তুলিতে মুক্তিযুদ্ধ
স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই পঞ্চমবারের মতো ‘রং-তুলিতে মুক্তিযুদ্ধ’ শীর্ষক ছবি আঁকার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে ছবি আঁকবেন হাশেম খানের নেতৃত্বে দেশবরেণ্য চিত্রশিল্পীরা। এ সময় ছবি আঁকার পাশাপাশি মূল মঞ্চে সংগীত পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীরা। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করবেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা।
গতকাল চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, চিত্রশিল্পী হাশেম খান ও সমরজিৎ রায়চৌধুরী।