গান আর অভিনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান, ছবি: আনন্দ
ইমরান, ছবি: আনন্দ

রোজার শুরুতেই ইমরানের পুরোনো গান নিয়ে অ্যালবাম বের করে একটি প্রতিষ্ঠান। তখন বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়, ইমরানের নতুন গানের অ্যালবাম এসেছে। এরপর ফেসবুক ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইমরান বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে অ্যালবামটি বের করা হয়েছে। এখানে সব কটি গানই পুরোনো। এবার ঈদেই আসছে আমার নতুন অ্যালবাম।’
ইমরান এবং সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপে অ্যালবামটি বাজার থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। তাই শুরু থেকেই নিজের নতুন অ্যালবাম নিয়ে একটু শঙ্কিত ছিলেন ইমরান।
না, আর কোনো ঝামেলা হয়নি। ঈদের আগে বেরিয়েছে ইমরানের নতুন অ্যালবাম। নাম বলতে বলতে চলতে চলতে। ইমরান জানালেন, এটি তাঁর তৃতীয় একক অ্যালবাম।
অ্যালবাম প্রকাশের আগেই ‘বলতে বলতে চলতে চলতে’ গানের স্টুডিও ভার্সন প্রকাশ করা হয় কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর বেরিয়েছে গানটির মিউজিক ভিডিও। এভাবেই একসময় গানটি শ্রোতাপ্রিয়তা পায়।
২০ জুলাই বিকেলে মুঠোফোনে কথা হলো ইমরানের সঙ্গে। ঈদে দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি। চাঁদরাত থেকে গান করেছেন, আড্ডা দিয়েছেন বিভিন্ন টিভি চ্যানেল আর এফএম রেডিওতে।
শুরুতে ইমরানের নতুন অ্যালবামের খবর জানা যাক।
: কেমন সাড়া পাচ্ছেন?
: ভালো। ঈদ উপলক্ষে অনেকগুলো নতুন অ্যালবাম বাজারে এসেছে। তার মধ্যে আমার অ্যালবামটির ব্যাপারে শ্রোতারা ইতিবাচক আগ্রহ দেখাচ্ছেন। যেহেতু অ্যালবামের একটি গানের মিউজিক ভিডিও অনেক আগে থেকেই সবাই দেখছেন, তার একটা প্রভাব পড়েছে অ্যালবামটির ওপর।
এদিকে যেদিন অ্যালবামটি অডিও সিডি আকারে মুক্তি দেওয়া হয়, সেদিনই অ্যালবামের ‘ফিরে আসো না’ গানের মিউজিক ভিডিও অলনাইনে মুক্তি দেওয়া হয়।
নিজের নতুন অ্যালবামের ব্যাপারে ইমরান আরও বলেন, ‘বলতে বলতে চলতে চলতের প্রচারণাও আমার অন্য দুটি অ্যালবামের চেয়ে একটু বেশি হয়েছে। এখানে গানগুলো একটা থেকে আরেকটি একদমই আলাদা। আশা করছি, তা শ্রোতাদের ভালো লাগছে।’
সংগীতশিল্পী ইমরান সুরকার ও সংগীত পরিচালক। শুরু থেকেই তিনি কাজ করছেন নতুনদের নিয়ে। জানালেন, সামি, সোনিয়া, মৌসুমী আর বিকসামের অ্যালবাম করছেন তিনি। তবে বেশি ব্যস্ততা চলচ্চিত্রের গান নিয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছুঁয়ে দিলে মন। এই ছবিতে তাঁর গাওয়া ‘শূন্য থেকে’ গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে।
এখন আর কী কী ছবির জন্য গান করছেন? ইমরান বলেন, ‘এর মধ্যে সম্রাট, দরদিয়া, মুসাফির ও আরও ভালোবাসব তোমায় ছবিতে গান করেছি।’
সংগীতশিল্পী ইমরান এবার অভিনয় করবেন। সামনের ঈদের জন্য তৈরি হবে নাটকটি।
হঠাৎ অভিনয়? ইমরান বললেন, ‘নাটকের গল্প গান নিয়ে। তাই রাজি হয়েছি। শুটিং হবে আগামী মাসে। আর আমার গানের মিউজিক ভিডিওতে তো কাজ করছি। তাই অভিনয়টা নতুন কিছু মনে হচ্ছে না।’
তবে নাটকটি নিয়ে এখনই আর কিছু জানাতে চাননি ইমরান। বললেন, ‘আগে কাজটা শেষ করি, তারপর বলব।’